বিশ্ব

সুড়ঙ্গে ৯ দিন: ‘সবাইকে বাঁচাতে গিয়েই আমার সময় ফুরিয়ে গেল’

  • 9:39 pm - September 04, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
নুয়াকোটের ‘ত্রিশূলী–৩এ’ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে সঞ্জয় সাহকে উদ্ধার করা হয়। আকস্মিক বন্যায় আটকা পড়ার ৯ দিন পর আজ শুক্রবার জীবিত অবস্থায় তাঁকে বের করে আনেন উদ্ধারকর্মীরাছবি: নেপালি সেনাবাহিনী

নেপালের নুয়াকোটে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নয় দিন আটকে থাকার পর জীবিত উদ্ধার হয়েছেন দুই শ্রমিক। তাঁদের একজন সঞ্জয় সাহ। গত ২৬ আগস্ট আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধসের সময় অন্যরা যখন নিরাপদ স্থানে সরে যাচ্ছিলেন, তখন সহকর্মীদের নিরাপদে বের করে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। আর সেই কারণেই শেষ পর্যন্ত নিজেই সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েন বলে জানিয়েছেন সঞ্জয়।

সপ্তরি জেলার বাসিন্দা সঞ্জয় পেশায় একজন মেকানিক্যাল ফোরম্যান। দুর্ঘটনার সময় তিনি ‘ত্রিশূলী-৩এ’ জলবিদ্যুৎ প্রকল্পের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করছিলেন। পাহাড়ি ঢল ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হলে নিজের নিরাপত্তার কথা না ভেবে প্রথমে অন্য শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

সুড়ঙ্গ থেকে উদ্ধারের পর নেপালি সেনাবাহিনীর একটি মেডিক্যাল দলের কাছে নিজের অভিজ্ঞতার কথা জানান সঞ্জয়। তিনি বলেন, নিয়ন্ত্রণকক্ষে কাজ করার সময় সবাইকে নিরাপদে বের করে আনার দায়িত্ব ছিল তাঁর ওপর।

সঞ্জয়ের ভাষ্য, দুর্ঘটনার শুরুতেই তিনি সহকর্মীদের দ্রুত সুড়ঙ্গ থেকে বের হয়ে যেতে বলেছিলেন। একে একে অন্যদের নিরাপদে বের করার চেষ্টা করতে গিয়ে তাঁর নিজের বের হওয়ার সময় ফুরিয়ে যায়।

তিনি বলেন, ‘আমি সবাইকে দৌড়ে চলে যেতে বলেছিলাম। সেটি করতে গিয়েই আমার মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। ফলে শেষ মুহূর্তে আমি আর নিজে বের হতে পারিনি।’

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলের এক সপ্তাহ পরও রসুয়াগাড়ি জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকেরা বেঁচে থাকতে পারেন বলে মনে করছেন কয়েকজন কর্মকর্তাছবি: এক্স/রয়টার্স

সুড়ঙ্গে আটকে থাকার পর প্রতিটি মুহূর্ত উদ্ধারের অপেক্ষায় কেটেছে সঞ্জয়ের। তিনি জানান, ওই সময়টায় নিয়মিত ঈশ্বরকে স্মরণ করছিলেন এবং উদ্ধারকারীদের আসার অপেক্ষায় ছিলেন।

তবে সবচেয়ে বড় উদ্বেগ ছিল সুড়ঙ্গের ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিয়ে। সঞ্জয়ের দাবি, তাঁর কাছাকাছি থাকা তিন থেকে চারজনের সঙ্গে তিনি কথা বলে কিংবা শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পেরেছিলেন।

তিনি বলেন, ‘খুব কাছাকাছি থাকা মাত্র তিন বা চারজনের সঙ্গে আমরা কথা বলে বা শব্দ করে যোগাযোগ করতে পেরেছিলাম।’

সঞ্জয়ের আশঙ্কা, সুড়ঙ্গের আরও গভীরে, বিশেষ করে পাওয়ার হাউসের আশপাশে আরও শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন। সুড়ঙ্গটি দীর্ঘ হওয়ায় সবাই হয়তো সময়মতো বের হতে পারেননি বলে মনে করছেন তিনি।

সঞ্জয় বলেন, ‘আরও মানুষ আটকে থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। সবাই হয়তো সুড়ঙ্গ থেকে বের হতে পারেননি। কারণ, সুড়ঙ্গটি অনেক দীর্ঘ।’এ ছাড়া বন্যার পানির তীব্র স্রোত সুড়ঙ্গের ভেতরে থাকা মানুষকে আরও গভীর অংশের দিকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গত ২৬ আগস্ট ত্রিশূলী উপত্যকায় আকস্মিক পাহাড়ি ঢল ও ভূমিধস আঘাত হানে। এর পর থেকেই ‘ত্রিশূলী-৩এ’ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু হয়।

ঘটনার নয় দিন পর আজ শুক্রবার সুড়ঙ্গ থেকে সঞ্জয় সাহকে জীবিত উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পর তাঁর জীবিত উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরে আসে উদ্ধারকারী দল ও স্বজনদের মধ্যে।

একই দিনে ওই সুড়ঙ্গ থেকে কাঠমান্ডুর বাসিন্দা কবির মহারজন নামের আরেক শ্রমিককেও জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তবে সুড়ঙ্গের ভেতরে আরও কেউ আটকা রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সঞ্জয়ের বক্তব্যের পর সেখানে সম্ভাব্য আটকে পড়া অন্য শ্রমিকদের সন্ধানে উদ্ধার অভিযান আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র:কাঠমান্ডু পোস্ট

এই শাখার আরও খবর

বেন গিভিরের ওপর ক্ষোভ, দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন আরব বেদুঈনরা

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভিরের ওপর ক্ষোভ থেকে ভোট দিতে দলে দলে ভোটকেন্দ্রে যাচ্ছেন দেশটির আরব বেদুঈন সম্প্রদায়ের বাসিন্দারা। সরকারের নীতির প্রতি অসন্তোষ এবং…

বাংলাদেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে তারেক রহমানকে চাপ দিয়েছিল যুক্তরাজ্য: ব্রিটিশ এমপি

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ওপর ব্রিটিশ সরকার চাপ সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য…

সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমিজমা নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ১৩ বছর বয়সী এক কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এতে কিশোরীর শরীরের বিভিন্ন…

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি…

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িচাপায় নারী-শিশুসহ ৫ যাত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ওপর লরি উঠে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু। এ ঘটনায় আহত…

চীনে এমবাপেকে ঘিরে বিতর্ক, স্পনসর হারানোর শঙ্কা

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পরও ব্যক্তিগত অর্জনে হতাশা নিয়ে ফিরেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবে মাঠের বাইরের এক বিতর্কে এবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au