বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রাজপথে আন্দোলনের কর্মসূচি বা হুমকি না দিয়ে সংকট সমাধানে জাতীয় সংসদে কার্যকর পরামর্শ দেওয়া উচিত।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন, ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’
তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে বিরোধী দলগুলোর সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়া প্রয়োজন। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ। তবে সংকটের সময়ে সমাধানের পথও দেখাতে হবে।
বিএনপির এই নেতা বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’ অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকটকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন রিজভী।
তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট তৈরি হয়েছে। এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি বলেও দাবি করেন তিনি।
জুলাই আন্দোলনে গান ও নৃত্যশিল্পীদের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।
অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।