বিশ্ব

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

  • 10:59 pm - September 09, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
৯০ বছরের পুরনো গণিতের সমস্যা ৮৮ ঘণ্টায় সমাধানের দাবি ওপেনএআইয়ের। ছবি : রয়টার্স

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন একটি এআই মডেলের পাশাপাশি প্রায় ১০ হাজার এআই এজেন্টকে একসঙ্গে কাজে লাগিয়েছে প্রতিষ্ঠানটি।

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই মঙ্গলবার জানিয়েছে, নতুন মডেল দিয়ে প্রশিক্ষিত এসব এআই এজেন্টকে সমস্যাটির বিভিন্ন দিক নিয়ে আলাদাভাবে কাজ করতে দেওয়া হয়। এজেন্টগুলো কিছুটা স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে।

ওপেনএআই যে সমস্যাটির সমাধানের দাবি করেছে, সেটি ‘নাভিয়ে-স্টোকস সমীকরণের অস্তিত্ব ও মসৃণতা সমস্যা’ নামে পরিচিত। তরল ও গ্যাস কীভাবে প্রবাহিত হয়, তা বোঝার ক্ষেত্রে এই সমীকরণ গুরুত্বপূর্ণ। পানি প্রবাহ, বাতাসের চলাচলসহ বিভিন্ন ধরনের তরল ও গ্যাসের আচরণ বিশ্লেষণে এর ব্যবহার রয়েছে।

তবে নাভিয়ে-স্টোকস সমীকরণের ক্ষেত্রে একটি মৌলিক প্রশ্নের পূর্ণাঙ্গ গাণিতিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। বিশেষ করে, নির্দিষ্ট পরিস্থিতিতে তরলের প্রবাহ সবসময় মসৃণ ও সঠিকভাবে থাকবে কি না, সেটিই সমস্যাটির মূল বিষয়। এ সমস্যার সঙ্গে ‘টার্বুলেন্স’ বা অশান্ত প্রবাহের বিষয়টিও ঘনিষ্ঠভাবে জড়িত।

ওপেনএআই জানিয়েছে, আগস্টের শেষ দিকে তারা নতুন একটি এআই মডেলের প্রশিক্ষণ শুরু করে। শুরুতেই গবেষকেরা দেখতে পান, গণিতের জটিল সমস্যা সমাধানে মডেলটির সক্ষমতা উল্লেখযোগ্য। এরপর মিলেনিয়াম পুরস্কারের কয়েকটি অমীমাংসিত সমস্যা নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, ১ সেপ্টেম্বর তারা জানতে পারে যে মিলেনিয়াম পুরস্কারের দুটি সমস্যার সমাধান হয়ে থাকতে পারে। এরপর নতুন মডেলে প্রশিক্ষিত হাজার হাজার এআই এজেন্টকে এসব সমস্যা নিয়ে কাজ করতে দেওয়া হয়। ৫ সেপ্টেম্বরের মধ্যে নাভিয়ে-স্টোকস সমস্যার ক্ষেত্রে একটি সমাধানে পৌঁছানোর দাবি করে তারা। অর্থাৎ প্রায় ১০ হাজার এআই এজেন্টকে কাজে লাগানোর ৮৮ ঘণ্টার মধ্যেই এই অগ্রগতি আসে।

ওপেনএআই বলেছে, শুধু নাভিয়ে-স্টোকস সমস্যা নিয়েই এআই এজেন্টগুলো প্রায় ৩০ লাখ বার্তা আদান-প্রদান করেছে। এ সময় তারা প্রায় ১৩ হাজার কোটি আউটপুট টোকেন ব্যবহার করেছে। টোকেন হলো এআই মডেলের তৈরি লেখা বা কোডের ছোট ছোট একক।

ওপেনএআইয়ের সবচেয়ে উন্নত মডেলগুলোর জন্য নির্ধারিত দামে হিসাব করলে, এত বিপুল পরিমাণ কাজ করতে প্রায় ১ কোটি ডলার খরচ হতে পারত বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সম্ভাব্য খরচের হিসাব, সরাসরি এই অর্থ ব্যয় হয়েছে বলে ওপেনএআই দাবি করেনি।

নাভিয়ে-স্টোকস সমস্যাটি ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউটের নির্ধারিত সাতটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেম’-এর একটি। প্রতিটি সমস্যার সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার রয়েছে। এখন পর্যন্ত সাতটির মধ্যে মাত্র একটি সমস্যার সমাধান হয়েছে।

ওপেনএআই জানিয়েছে, তাদের পাওয়া ফল অনুযায়ী নাভিয়ে-স্টোকস সমস্যার ক্ষেত্রে পুরস্কারের জন্য প্রয়োজনীয় চারটি গাণিতিক বক্তব্যের মধ্যে দুটি সমাধান হয়েছে বলে তারা মনে করছে। তবে এ জন্য ১০ লাখ ডলারের পুরস্কার দাবি করছে না প্রতিষ্ঠানটি।

ওপেনএআইয়ের দাবি, গবেষণার ফল প্রকাশের মূল উদ্দেশ্য হলো এআইয়ের গণিতভিত্তিক সক্ষমতা কতটা এগিয়েছে, তা দেখানো। সমাধানটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে স্বাধীন গণিতবিদদের তা যাচাই করতে হবে।

ওপেনএআইয়ের এই ঘোষণার পর গবেষণাটি নিয়ে বিতর্কও শুরু হয়েছে। নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ত্রিস্তান বাকমাস্টার দাবি করেছেন, তিনি এবং ওপেনএআইয়ের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে একই সমস্যা নিয়ে কাজ করছিলেন। তাদের গবেষণায় ওপেনএআইয়ের ‘কোডেক্স’ নামের একটি সরঞ্জাম ব্যবহার করা হচ্ছিল।

বাকমাস্টারের দাবি, ৩ সেপ্টেম্বর তিনি জানতে পারেন, তাদের গবেষণার অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য ওপেনএআইয়ের কাছে পৌঁছেছে। ওপেনএআই নাভিয়ে-স্টোকস সমস্যার ফল প্রকাশের দিনই তিনি বিষয়টি প্রকাশ্যে আনেন।

বাকমাস্টারের অভিযোগ, তাদের গবেষণার তথ্য ওপেনএআইয়ের কাছে পৌঁছানোর পর প্রতিষ্ঠানটি সমস্যাটি নিয়ে কাজ শুরু করে। এ বিষয়ে ওপেনএআইয়ের সঙ্গে তাঁর ই-মেইলে হওয়া কথোপকথনের কিছু অংশও তিনি প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, এখনো ওপেনএআইয়ের পুরো গাণিতিক প্রমাণ পরীক্ষা করে দেখেননি।

এ বিষয়ে ওপেনএআই বাকমাস্টার ও আলপোগের গবেষণার প্রশংসা করে সেটিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, তারা গবেষকদের কাজ প্রকাশের আগে তাদের গবেষণা দেখেনি।

ওপেনএআই আরও জানিয়েছে, নাভিয়ে-স্টোকস সমস্যা সমাধানে কোনো ব্যবহারকারীর তথ্য ব্যবহার করা হয়নি। তবে তাদের পণ্য ব্যবহারের সময় গবেষকদের তৈরি করা পরিচয়বিহীন কোনো তথ্য এআই মডেল উন্নত করতে সহায়তা করে থাকতে পারে, এমন সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া সম্ভব নয়।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের তৈরি গাণিতিক প্রমাণ গবেষকদের কাজের তুলনায় উল্লেখযোগ্যভাবে আলাদা এবং প্রমাণের মাধ্যমে পাওয়া নির্দিষ্ট ফলাফলও ভিন্ন।

সব মিলিয়ে, ওপেনএআইয়ের দাবি সত্যিই ৯০ বছরের পুরনো সমস্যার সমাধানের নতুন পথ দেখিয়েছে কি না, তা নির্ভর করবে স্বাধীন গণিতবিদদের যাচাইয়ের ওপর।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

মাদ্রাসায় না ফেরায় বাড়ি থেকে ধরে এনে ছাত্রকে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসায় ফিরে না যাওয়ায় ১১ বছরের এক ছাত্রকে বাড়ি থেকে ধরে এনে বেত দিয়ে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে আব্দুল্লাহ…

সালমান শাহ হত্যা মামলায় ডনের বিরুদ্ধে মিলছে প্রমাণ: সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে তার জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, গুরুত্বপূর্ণ কমান্ড ও গোয়েন্দা পদে নতুন দায়িত্ব

বাংলাদেশ সেনাবাহিনীতে জ্যেষ্ঠ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি, পদায়ন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au