সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…
ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়। তবে পুলিশের তদন্তে পরে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।
বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিহত সোফিয়া একটি হাসপাতালে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। প্রায় এক মাস আগে, গত ১২ আগস্ট রাতে তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ বলছে, এর প্রায় তিন মাস আগে এক পুরুষের সঙ্গে সোফিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিওকে কেন্দ্র করে তার বাবা ও ভাই ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরে তাকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১২ আগস্ট রাতে সোফিয়ার বাবা মোহম্মদ ফারুক ও ৩৮ বছর বয়সী ভাই মোহম্মদ হাবিল তাকে মোটরসাইকেলে করে নিয়ে বের হন। কিছুদূর যাওয়ার পর হাবিল আহমেদাবাদের ঘেলজিপুরা গ্রামের কাছে একটি নির্জন কাঁচা সড়কে মোটরসাইকেল নিয়ে যান।
অভিযোগ রয়েছে, সেখানে হাবিল লোহার হাতুড়ি দিয়ে সোফিয়ার মাথায় তিনবার আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সোফিয়াকে নিয়ে তারা মূল সড়কে ফিরে আসেন। এরপর মোটরসাইকেলটিকে ক্ষতিগ্রস্ত করে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়।
পরে হাবিল পুলিশের কাছে দাবি করেন, গেহলজিপুরা মোড়ের কাছে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। এতে সোফিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনিও আহত হন বলে দাবি করেন তিনি।
এরপর সোফিয়াকে সোলা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, সোফিয়ার সঙ্গে এক পুরুষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবারের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। সামাজিকভাবে অপমানিত হওয়ার আশঙ্কা থেকে ‘পরিবারের সম্মান রক্ষার’ নামে তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, সোফিয়াকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার আগে হাবিল তার প্যান্টের ভেতরে একটি লোহার হাতুড়ি লুকিয়ে রেখেছিলেন। পরে ওই হাতুড়ি দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঘটনার তদন্তের পর সোফিয়ার বাবা মোহম্মদ ফারুক ও ভাই মোহম্মদ হাবিলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র-এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au