পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ কারণেই বাংলাদেশ বিষয়টি ভালোভাবে নেয়নি।
তিনি বলেন, ‘কীভাবে যাবে? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’
তবে ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সফর হতে পারে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে ঢাকা এখন দ্বিপক্ষীয় সফর ও আলোচনার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।
হুমায়ুন কবির বলেন, ‘যখন পরিবেশ অনুকূল হবে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকবে, তখন দ্বিপক্ষীয় সফর হবে। এখানে তাড়াহুড়ো করার কিছু নেই।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে আমন্ত্রণপত্রে তাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ না করে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
এদিকে গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে।
তিনি বলেন, ‘আনন্দবাজার পত্রিকা যাই বলুক না কেন, আমি আমার দেশের স্বার্থ ও আনন্দের কথা ভাবব।’
বাণিজ্য ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন করে জানানোর মতো আপডেট নেই।
রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ ধরনের জটিল বিষয়ে হুট করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায় না। এ জন্য ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা দ্রুত গতিতে চালাতে হবে।
তিনি বলেন, ‘আমরা আগামীকালই এটা সমাধান করে ফেলব, এমন দাবি হয়তো করা যাবে না। তবে আমরা আশাবাদী, দ্রুতই একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দিকে এগিয়ে যেতে পারব।’