অস্ট্রেলিয়া

মায়ের শেষকৃত্যে অংশ নিতে চিন্ময় প্রভুর জরুরি মুক্তি চায় অস্ট্রেলীয় মানবাধিকার সংগঠন AFERMB

অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠনটি শোকসন্তপ্ত চিন্ময় প্রভু ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছে

  • 8:53 pm - September 10, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
মায়ের শেষকৃত্যে অংশ নিতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মানবিক বিবেচনায় জরুরি প্যারোলে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠন AFERMB। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও সংখ্যালঘু অধিকারকর্মী শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (চিন্ময় প্রভু) মা শ্রীমতী সন্ধ্যা রানী ধরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ (AFERMB)।

এক সংবাদ বিবৃতিতে অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার সংগঠনটি শোকসন্তপ্ত চিন্ময় প্রভু ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছে।

একই সঙ্গে মায়ের শেষকৃত্য সম্পন্ন ও শেষ শ্রদ্ধা নিবেদনের সুযোগ দিতে চিন্ময় প্রভুকে মানবিক বিবেচনায় অবিলম্বে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে AFERMB।

সংগঠনটি বলেছে, একজন সন্তানকে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ দেওয়া একটি মৌলিক মানবিক অধিকার, যা সব ধরনের রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে। তাঁকে এই সুযোগ থেকে বঞ্চিত করা মৌলিক মানবিক মর্যাদার পরিপন্থী।

AFERMB বাংলাদেশি কর্তৃপক্ষকে আর কোনো বিলম্ব না করে চিন্ময় প্রভুর সাময়িক মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে তিনি মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।

উল্লেখ্য, পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যা রানী ধর দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। পাশাপাশি হৃদরোগসহ বয়সজনিত বিভিন্ন শারীরিক জটিলতাও ছিল তাঁর। ছেলে চিন্ময় কৃষ্ণ দাস কারাবন্দী হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ছেলের মুক্তির বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে ঢাকায় গিয়েছিলেন সন্ধ্যা রানী ধর। তবে ইতিবাচক কোনো ফল না পাওয়ায় তিনি চট্টগ্রামে ফিরে আসেন। এরপর তাঁর মানসিক ও শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

অসুস্থতার শেষ পর্যায়ে তাঁকে তীর্থস্থান হিসেবে পরিচিত পুণ্ডরীক ধামে রাখা হয়েছিল। সেখানে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসাসুবিধার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়।

প্যারোলে মুক্তির আবেদন

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দিতে কারাবন্দী চিন্ময় কৃষ্ণ দাসকে প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ব্যক্তিরা আবেদনপত্র নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী বলেন, তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনপত্র নিয়ে গেছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে সর্বোচ্চ সময়ের জন্য প্যারোলে মুক্তির আবেদন করবেন।

“আমরা জেলা প্রশাসন কার্যালয়ে আবেদনপত্র নিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ সময়ের জন্য আবেদন করব। প্রাথমিকভাবে আমরা মনে করছি, আমরা মুক্তির অনুমতি পাব।”

ড. কুশল বরণ আরও বলেন, সন্ধ্যা রানী ধর সংকটাপন্ন অবস্থায় থাকার সময়ও চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য আবেদন করা হয়েছিল। আইনজীবীরা এবার সর্বোচ্চ সময়ের জন্য প্যারোল চাইবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রথমে পুণ্ডরীক ধাম কর্তৃপক্ষের কাছ থেকে সন্ধ্যা রানী ধরের মৃত্যুসনদ সংগ্রহ করা হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে প্যারোলে মুক্তির আবেদন জানানো হবে।

প্যারোলের আবেদন মঞ্জুর হলে চিন্ময় কৃষ্ণ দাস কখন কারাগার থেকে বের হতে পারবেন, তার ওপর তাঁর মায়ের শেষকৃত্যের সময়সূচি নির্ভর করবে। কারাগার থেকে মুক্তির সময় এবং প্যারোলের অনুমোদিত সময়সীমা বিবেচনায় নিয়ে শেষকৃত্যের আয়োজন করা হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ দাসের প্যারোলে মুক্তির আবেদনপত্র পাওয়া গেলে সেটি বিবেচনা করা হবে।

গ্রেপ্তার ও মামলার প্রেক্ষাপট

চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তাঁকে আদালতে হাজির করার দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। ওই সময় আদালত-সংলগ্ন পাথরঘাটা বান্ডেল রোড এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত আইনজীবীর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে আদালতের আদেশে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার দেখানো হয়।

চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে রয়েছেন। মায়ের মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তাঁকে প্যারোলে মুক্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তিনি মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না।

এই শাখার আরও খবর

১৪ বছর পর দলীপ ট্রফি পূর্বাঞ্চলের, দক্ষিণাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন ঈশানরা

১৪ বছর পর আবারও দলীপ ট্রফির শিরোপা উঠল পূর্বাঞ্চলের হাতে। চেন্নাইয়ে দক্ষিণাঞ্চলকে হারিয়ে আঞ্চলিক এই প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঈশান কিশনের নেতৃত্বাধীন দল।…

মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম কর্মসূচি সম্প্রসারিত, আওতায় ১,০৩৯ গ্রাম পরিষদ

ভারতের মেঘালয়ে তামাকমুক্ত গ্রাম (Tobacco-Free Village) কর্মসূচি দ্বিতীয় বছরে উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। রাজ্যের ইস্ট খাসি হিলস ও ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জেলার ১ হাজার ২৯৫টি গ্রাম…

ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে…

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি চান চিন্ময় কৃষ্ণ দাস

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা সন্ধ্যা রানী ধর মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের পুণ্ডরীক ধামে চিকিৎসাধীন অবস্থায়…

বিশ্বের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ

একসময় হাম নির্মূলের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখোমুখি হয়েছে। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংশ্লিষ্ট সন্দেহভাজন ও…

‘আর ইউ ওকে?’ দিবসের বার্তা: প্রশ্ন করলেই হবে না, শুনতে ও জানতে হবে

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা অনেকের কাছেই সহজ নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে সহকর্মী, বন্ধু কিংবা পরিচিত কাউকে তার মানসিক অবস্থা সম্পর্কে সরাসরি প্রশ্ন করতে গিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au