গ্যাভিন লার্কিনের মৃত্যু নিয়ে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যালি ল্যাংডন
সেরা বন্ধু গ্যাভিন লার্কিনের মৃত্যু এবং তাঁর পরিবারের ওপর নেমে আসা একের পর এক শোকের স্মৃতি বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন সাংবাদিক ও…
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, কিংদাও বন্দরে নোঙর করা বাল্ক ক্যারিয়ার ‘ওশান মেলোডি’তে আগুন লাগার সময় ৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে আহত পাঁচজনসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। পরে জাহাজটি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
জাহাজটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সিনহুয়া জানিয়েছে, শানডং প্রদেশের কিংদাওয়ে অবস্থিত বেইহাই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডের ইয়ার্ডে মেরামতের জন্য জাহাজটি নোঙর করা ছিল।
জাহাজের গতিপথ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ প্রায় ১৯০ মিটার দীর্ঘ একটি বাল্ক ক্যারিয়ার।
কাছের একটি আবাসিক এলাকার এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেছেন। তবে কোনো বিস্ফোরণের শব্দ বা পোড়া গন্ধ পাননি।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
শি জিনপিং বলেন, সংশ্লিষ্ট সব অঞ্চল ও বিভাগকে এ ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। পাশাপাশি অগ্নিকাণ্ডের সম্ভাব্য ঝুঁকি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তা দূর করার ব্যবস্থা নিতে হবে।
সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা গেছে, শিপইয়ার্ডে নোঙর করা বিশাল জাহাজটির সামনে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি অবস্থান করছে।
বিশ্বখ্যাত সিংতাও বিয়ারের নামের সঙ্গে পরিচিত কিংদাও চীনের অন্যতম প্রধান আন্তর্জাতিক সামুদ্রিক কেন্দ্র। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শহরটির সঙ্গে বিশ্বের ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৭০০টির বেশি বন্দর যুক্ত।
কিংদাওয়ের বেইহাই শিপবিল্ডিং ইয়ার্ডটি চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান।
চীনে সাম্প্রতিক বছরগুলোতে শিল্প ও অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। গত আগস্টে ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে উদ্ধারকারী দলের একজন সদস্য নিহত ও ১২ জন আহত হন।
এর আগে চলতি বছরের মে মাসে দেশটির মধ্যাঞ্চলের একটি বাজি কারখানায় বিস্ফোরণে ৩৭ জন নিহত হন। জুলাইয়ে পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় আগুনে অন্তত ২৮ জনের মৃত্যু হয়।
সূত্র: এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au