বিশ্ব

নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে, দাবি ট্রাম্পের

  • 1:48 pm - September 11, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প । ছবিঃ রয়টার্স

ইরানের সঙ্গে দীর্ঘ ছয় মাস ধরে চলা যুদ্ধ আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় ফের হামলার হুমকিও দিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে তেহরান। ওই নির্বাচনের মাধ্যমে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে কি না, সেটিও নির্ধারিত হবে।

ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরই যুদ্ধ শেষ হবে, কারণ ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না।’ তবে এর আগে কয়েক দফা যুদ্ধ শেষ করার সময়সীমা দিয়েও তা বাস্তবায়িত হয়নি।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তার প্রেসিডেন্টের মেয়াদের শেষ পর্যন্তও গড়াতে পারে।

গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি

ইরানের ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্সে থাকা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। সেখানে ‘সামান্য তৎপরতা’ দেখা যাচ্ছে দাবি করে ইরানকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।

অন্যদিকে ইরান জানিয়েছে, বুধবার গুরুত্বপূর্ণ জলপথ হরমুজের কাছে তারা ১০টি জাহাজে হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালিতে নৌ চলাচল আরও ব্যাহত হয়েছে।

লোহিত সাগরেও বাড়ছে সংঘাত

ইরান যুদ্ধের প্রভাব এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্য এলাকাতেও ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত গত কয়েক দিনে আরও তীব্র হয়েছে। ইয়েমেনের কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হুতিরা লোহিত সাগরের উপকূলীয় শহর মোকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগত হানিশ দ্বীপপুঞ্জে হামলা চালাচ্ছে।

এদিকে ইয়েমেন সরকারের বাহিনী ও তাদের মিত্ররা বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলের ধুবাব এলাকা থেকে সরে যাচ্ছে বলে জানা গেছে। বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণে ধুবাব এবং এর বিপরীতে অবস্থিত পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে।

সংঘাতের কারণে জ্বালানি সরবরাহেও বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রভাবে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। একই সময়ে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত শহরে ২৪ ঘণ্টায় চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

চলতি সপ্তাহে হুতিদের হামলায় সৌদি আরবের চারটি দক্ষিণাঞ্চলীয় শহরে অন্তত ৭৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে ইরান যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে ট্রাম্পের মন্তব্যের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাত ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au