বাংলাদেশে চিকিৎসক যথেষ্ট, তবু হাসপাতালে চিকিৎসক সংকট কেন?
বাংলাদেশে প্রয়োজনের তুলনায় চিকিৎসকের সংখ্যা কম, এমনটি বলা হলেও বাস্তব চিত্রে দেখা যাচ্ছে ভিন্ন এক সংকট। দেশে প্রতিবছর বিপুলসংখ্যক চিকিৎসক চিকিৎসাবিদ্যায় স্নাতক হয়ে বের হচ্ছেন।…
ইন্দোনেশিয়ার জাভা সাগরে বৈরী আবহাওয়ার মধ্যে ২৪৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। জাহাজটির সঙ্গে অপারেটরদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এর সন্ধানে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ১৩ মিনিটে জাহাজটি সুরাবায়া বন্দর ছেড়ে যায়।
তবে জাভা সাগরে যাওয়ার পর জাহাজটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে। একপর্যায়ে অপারেটর কোম্পানির সঙ্গে জাহাজটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটি বিপজ্জনক আবহাওয়ার মধ্যে পড়েছে বলে সংকেত পাওয়ার পরপরই অপারেটর কোম্পানি বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানায়।
বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা এক ভিডিও বার্তায় জানান, জাহাজটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে এমন তথ্য পাওয়ার পর দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। বিপুলসংখ্যক যাত্রী থাকায় ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধারকারী দলকে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিয়ে মাঠে নামানো হয়েছে।
বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে অবস্থান করার সময় জাহাজটি থেকে সর্বশেষ অবস্থানসংক্রান্ত সংকেত পাওয়া যায়। এরপর আর জাহাজটির অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজ জাহাজটির সন্ধানে বানজারমাসিনের বাসিরিহ সার্চ অ্যান্ড রেসকিউ জেটি থেকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
তবে এখন পর্যন্ত জাহাজটির কোনো সন্ধান পাওয়া যায়নি। একই সঙ্গে ২৪৩ আরোহীর মধ্যে কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা কোনো যাত্রীকে উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়েও কর্তৃপক্ষ কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের জন্য ফেরি ও যাত্রীবাহী জাহাজ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিমানের তুলনায় নৌপথে যাতায়াত তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ায় দেশটির মানুষের কাছে এটি গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা।
তবে দেশটির নৌপথে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। প্রতিকূল আবহাওয়া, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং পর্যাপ্ত নজরদারির অভাবে ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌযান দুর্ঘটনার ঘটনা ঘটে। এবারের ঘটনায়ও বৈরী আবহাওয়ার কারণে জাহাজটির কী হয়েছে, তা জানতে উদ্ধারকারী দলের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au