বাংলাদেশ

ঢাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই

  • 2:56 am - October 04, 2026
  • পঠিত হয়েছে:৫০ বার
ঢাকায় পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ছিনতাই। ছবিঃ সংগৃহীত

ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফিরেছিলেন ওমার ফারুক। সঙ্গে ছিল দীর্ঘ প্রবাসজীবনের সঞ্চয়, ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার। বিমানবন্দরে তাকে নিতে রাতেই অপেক্ষা করছিলেন বাবা দুদু মিয়া। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পাওয়ার আনন্দে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তিনি।

কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি কেরানীগঞ্জের সুবর্ণসুরে ফেরার পথেই পুলিশ পরিচয়ে একটি দল তাদের গাড়ি থামিয়ে তল্লাশির নামে ওমার ফারুকের কাছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। ভুক্তভোগীর অভিযোগ, পুরো ঘটনাটি ঘটে মাত্র দেড় মিনিটের মধ্যে।

শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওমার ফারুক।

থানায় দেওয়া অভিযোগ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩০ বছর বয়সী ওমার ফারুক ২০২০ সালের মার্চে সৌদি আরবে পাড়ি জমান। কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে তিনি সবার ছোট। দুই ভাই ও দুই বোনের পরিবারে ছোট ছেলে হিসেবে দীর্ঘদিন ধরেই পরিবারের অন্যতম ভরসা ছিলেন তিনি।

সৌদি আরবে যাওয়ার পর একটি কোম্পানির ইস্যু ফ্যাক্টরিতে কাজ করতেন ওমার। দীর্ঘ ছয় বছরের বেশি সময় সেখানে কাজ করে ধীরে ধীরে কিছু অর্থ সঞ্চয় করেন। পাশাপাশি নিজের ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে স্বর্ণালংকারও কিনেছিলেন।

দীর্ঘ প্রবাসজীবন শেষে এবার ছুটিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওমার। তাকে নিতে আগেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন বাবা দুদু মিয়া। সঙ্গে ছিলেন চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতে রাত সাড়ে ১২টা বেজে যায়। গভীর রাতে সড়কে ছিনতাইয়ের আশঙ্কায় তখনই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হননি তারা। বিমানবন্দরেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। একদিকে দীর্ঘদিন পর ছেলেকে কাছে পাওয়ার আনন্দ, অন্যদিকে নিরাপদে বাড়ি ফেরানোর চিন্তায় পরিবারের সদস্যরা সেখানেই অপেক্ষা করতে থাকেন।

ভোর পৌনে ৫টার দিকে শেষ পর্যন্ত বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের সুবর্ণসুর গ্রামের উদ্দেশে রওনা হন তারা। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগেই ঘটে যায় ছিনতাইয়ের ঘটনা।

পেছন থেকে হায়েস গাড়ি এনে পথরোধ

ওমার ফারুকের অভিযোগ, তাদের প্রাইভেটকারটি ভোর ৫টা ৬ মিনিটের দিকে গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল অতিক্রম করে। এরপর বামে ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে একটি হায়েস গাড়ি এসে তাদের গাড়ির সামনে দাঁড়ায়।

হায়েস থেকে চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। তারা দাবি করেন, ওই গাড়িতে অবৈধ মালামাল রয়েছে এমন তথ্য পেয়েছেন। তাই গাড়িতে তল্লাশি করতে হবে।

ওমারের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা তাকে বলেন, ভয় পাওয়ার কিছু নেই, তারা শুধু গাড়ি পরীক্ষা করবেন। তাদের কথাবার্তা ছিল শুদ্ধ ও স্বাভাবিক। এ কারণে প্রথমে তাদের পরিচয় নিয়ে সন্দেহ হয়নি।

একপর্যায়ে তারা গাড়ির চাবি নিয়ে নেন এবং তল্লাশি শুরু করেন। এরপর ওমারের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে নেন তারা। তবে তার মোবাইল ফোন বা অন্য কোনো জিনিস নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ওমার।

‘দেড় মিনিটেই সব নিয়ে যায়’

ওমার ফারুক বলেন, পুরো ঘটনাটি ঘটে মাত্র দেড় মিনিটের মধ্যে। যাওয়ার সময় ছিনতাইকারীদের একজন তাদের হুমকি দিয়ে সোজা চলে যেতে বলেন এবং কোনো ধরনের চিৎকার না করার জন্য সতর্ক করেন।

তার দাবি, ওই সময় তিনি একজনের হাতে ছুরি দেখতে পান। আরেকজনের হাতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত লাইট স্টিকের মতো একটি সরঞ্জাম ছিল।

হঠাৎ এমন পরিস্থিতির মুখে পড়ে ওমার ও তার স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। ছিনতাইকারীরা চলে যাওয়ার পর তারা আর কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।

দীর্ঘ ছয় বছরের বেশি সময় প্রবাসে থাকার পর দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই এমন ঘটনার শিকার হওয়ায় হতবিহ্বল হয়ে পড়েছেন ওমার। পরিবারের সদস্যদের ভাষ্য, দেশে ফেরার পর তার কাছে থাকা অর্থ ও স্বর্ণালংকার ছিল দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়ের প্রতীক।

ওমার বলেন, যে অর্থ ও স্বর্ণ নিয়ে দেশে ফিরেছিলেন, সেগুলো তার কাছে শুধু টাকা বা অলংকার ছিল না। প্রবাসজীবনের দীর্ঘ পরিশ্রম, পরিবারের জন্য সঞ্চয় এবং ভবিষ্যৎ নিয়ে তার অনেক পরিকল্পনা এর সঙ্গে জড়িত ছিল।

তিনি বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরেও ছিনতাইয়ের আশঙ্কায় রাতে বাড়ির উদ্দেশে রওনা হননি। অথচ শেষ পর্যন্ত ভোরে বাড়ি ফেরার পথেই ছিনতাইয়ের শিকার হয়েছেন।

থানায় লিখিত অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

ঘটনার পর শনিবার দুপুরে ওমার ও তার পরিবারের সদস্যরা আবার ঘটনাস্থলে যান। পরে ঘটনাস্থল শেরেবাংলা নগর থানার আওতাধীন এলাকায় পড়েছে নিশ্চিত হওয়ার পর তারা থানায় যান।

ওমার সেখানে লিখিত অভিযোগ দেন এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করার দাবি জানান। তবে তাৎক্ষণিকভাবে মামলা নেওয়া হয়নি। পুলিশ তার লিখিত অভিযোগ গ্রহণ করেছে। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় তদন্তের পর মামলা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হবে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলা গ্রহণ করা হবে।

পরিবারের দাবি, দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার

ওমারের বাবা দুদু মিয়া বলেন, দীর্ঘদিন পর ছেলে দেশে ফিরেছে। তাকে নিরাপদে বাড়িতে নিয়ে আসার জন্য তারা রাতেই বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন। রাতে রাস্তায় ছিনতাইয়ের ভয় থাকায় ভোরে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই ছেলের সঞ্চয়ের বড় একটি অংশ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া সৌদি রিয়াল ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানান।

ওমারের চাচাতো ভাই সুলেমান আকাশ বলেন, ওমার পরিবারের জন্য অনেক কষ্ট করে প্রবাসে থেকেছেন এবং নিয়মিত অর্থ পাঠিয়েছেন। দীর্ঘদিন পর দেশে ফেরার সময়ও ছিনতাইয়ের আশঙ্কায় রাতে বাড়ি ফেরেননি। তারপরও এমন ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়িতে পৌঁছে ছিনতাইয়ের খবর জানাজানি হলে ওমারের মা অসুস্থ হয়ে পড়েন। আকস্মিক ঘটনায় ওমার নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের অভিযোগ, পুলিশ পরিচয় ব্যবহার করে এভাবে একটি প্রবাসী পরিবারের দীর্ঘদিনের সঞ্চয় নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করা জরুরি। তারা আশা করছেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে এবং ছিনতাই হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা যাবে।

এই শাখার আরও খবর

অর্থনীতিতে একাধিক চ্যালেঞ্জের কথা স্বীকার করলেন অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি বর্তমানে একাধিক অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর…

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাসের সাক্ষী হলো ভারতীয় ফুটবল। প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে নেমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে। ম্যাচে ভারত কয়েকটি…

পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (WCL) এবারের আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রথম ম্যাচ স্থগিত করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়নসের…

বঙ্গোপসাগরকে সামরিক হস্তক্ষেপমুক্ত রাখতে চায় বাংলাদেশ

বঙ্গোপসাগরকে যেকোনো ধরনের বাহ্যিক সামরিক হস্তক্ষেপমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলাদেশ। একই সঙ্গে বঙ্গোপসাগরে সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং আঞ্চলিক সংযোগ বাড়ানোর…

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (৩ অক্টোবর) ‘বিবেকানন্দ মিশন…

মমতার নন্দীগ্রামের পায়ের চোট ‘ভুয়া’, প্রমাণের দাবি শুভেন্দুর

২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগা চোট নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ওই চোটের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au