শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনি, জানাল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারত জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যাবাসনের বিষয়টি সম্পূর্ণ আইনি এবং এ ক্ষেত্রে…
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত।
বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার এবং তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়সংক্রান্ত নথি ভারতকে দেওয়া হয়েছে কি না, এবং প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করতে এসব নথি প্রয়োজন কি না, এমন প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে।
জবাবে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয়। এর সঙ্গে বিভিন্ন ধরনের আইনি দিক জড়িত রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য বা প্রত্যর্পণ প্রক্রিয়ার পরবর্তী ধাপ সম্পর্কে তিনি কিছু জানাননি।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাম্প্রতিক বক্তব্য নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করা হয়। হুমায়ুন কবির সম্প্রতি বলেছিলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং তাঁর দলীয় নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে ভারত দূরদর্শী, গঠনমূলক ও ইতিবাচক ভিত্তিতে এগিয়ে নিতে চায়। দুই দেশের জনগণের স্বার্থই এ সম্পর্কের মূল কেন্দ্রে থাকবে বলে জানান তিনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান যোগাযোগ ও সম্পৃক্ততাও এই নীতির ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণকে গুরুত্ব দিয়েই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বলেও তিনি জানান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au