সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে সরকারি প্রণোদনা, চীন থেকে কাঁচামাল আমদানিতে অতিরিক্ত নির্ভরতা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় ঘাটতিসহ বেশ কয়েকটি অভিযোগ তুলে এ প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশসহ ১৩টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
বুধবার (২৫ নভেম্বর) ইউএসটিআরের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তির পাশাপাশি বাংলাদেশের বিষয়ে আলাদা একটি প্রতিবেদনও প্রকাশ করেছে সংস্থাটি। এতে বলা হয়েছে, কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিবন্ধকতা তৈরি এবং মার্কিন শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে দীর্ঘ তদন্তের পর এ সিদ্ধান্তের প্রস্তাব করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় প্রস্তাবিত এই শুল্ক কার্যকর হলে বাংলাদেশি পণ্যের ওপর আগে আরোপ করা একই ধারার অতিরিক্ত শুল্ক সমন্বয় করা হবে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রস্তাবিত শুল্কের বিষয়ে সংশ্লিষ্ট দেশ ও ব্যবসায়ীদের মতামত নেওয়ার পর গণশুনানি অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত শুল্কহার নির্ধারণ করবে ইউএসটিআর।
বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর স্বাভাবিক শুল্কহার প্রায় ১৬ শতাংশ। এর বাইরে গত ২৪ জুলাই জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য আমদানির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এতে সব মিলিয়ে বাংলাদেশি পণ্যের ওপর শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬ শতাংশ।
এখন নতুন প্রস্তাবে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে আগের ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক সমন্বয় করা হলে স্বাভাবিক শুল্কের সঙ্গে নতুন শুল্ক মিলিয়ে মোট হার প্রায় ৩৪ শতাংশে পৌঁছাতে পারে। তবে ইউএসটিআর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব করায় চূড়ান্ত হার কত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার দীর্ঘ আলোচনার পর পোশাকশ্রমিকদের বিভিন্ন গ্রেডে ৩৬ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের সম্ভাব্য চাপ তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তাদের উদ্বেগ আরও বাড়িয়েছে।
নতুন শুল্ক প্রস্তাবের বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সমকালকে বলেন, বাংলাদেশের অবস্থান আগেই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করে সরকার। তিনি বলেন, বাংলাদেশে অতিরিক্ত শিল্প উৎপাদন বা উৎপাদন সক্ষমতা নেই, এটিই যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনে নির্দিষ্ট সীমা পর্যন্ত শুল্ক বাড়ানোর ক্ষমতা দিয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশি পণ্যে নতুন শুল্ক বাড়ানো হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সরকার আশা করছে।
ইউএসটিআরের ঘোষিত তালিকায় রয়েছে বাংলাদেশ, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। এর সঙ্গে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির এই তালিকায় ১৩টি দেশ ও ২৭টি সদস্যরাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে মোট ৪০টি দেশের অর্থনীতি অন্তর্ভুক্ত হয়েছে।
ইউএসটিআরের পর্যালোচনায় বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকার রপ্তানিমুখী শিল্পে রাষ্ট্রীয় সহায়তা, ভর্তুকি এবং শ্রমিকদের অধিকার যথাযথভাবে নিশ্চিত না করার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কৃত্রিম অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করছে। এর ফলে মার্কিন উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ছে। নতুন বাণিজ্য পদক্ষেপের উদ্দেশ্য আন্তর্জাতিক বাণিজ্যে সমতা ফিরিয়ে আনা এবং মার্কিন শ্রমিক ও উৎপাদনশিল্পের স্বার্থ রক্ষা করা।
তবে প্রস্তাবিত শুল্কের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না মার্কিন প্রশাসন। ইউএসটিআরের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ব্যবসায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীদার দেশগুলোর সরকারের কাছ থেকে লিখিত মতামত নেওয়া হবে। এরপর ২০২৭ সালের ২৫ জানুয়ারি থেকে গণশুনানি শুরু হবে। এসব মতামত ও শুনানির ফল পর্যালোচনা করে পরবর্তী সময়ে শুল্কের চূড়ান্ত হার ঘোষণা করা হবে।
বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ ইউএসটিআরের
বাংলাদেশের বিষয়ে প্রকাশিত বিশেষ প্রতিবেদনে ইউএসটিআর কয়েকটি খাতকে চিহ্নিত করেছে। সংস্থাটির অভিযোগ, বাংলাদেশ সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং জাতীয় রপ্তানি নীতি ২০২৪-২৭-এর মাধ্যমে সাধারণ বাজার চাহিদার বাইরে গিয়ে রপ্তানিমুখী প্রবৃদ্ধি বাড়ানোর নীতি গ্রহণ করেছে। এর ফলে রাষ্ট্রীয় সহায়তায় তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা অপ্রয়োজনীয়ভাবে বাড়ছে এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৪৩টির বেশি রপ্তানিমুখী খাতে রাষ্ট্রীয় কোষাগার থেকে শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হয়। এ ধরনের আর্থিক সহায়তা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যকে প্রতিযোগীদের তুলনায় বাড়তি সুবিধা দিচ্ছে বলে মনে করে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর।
এ ছাড়া বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারীদের পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর অবকাশ এবং শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইউএসটিআরের দাবি, এসব সুবিধা উৎপাদন ও রপ্তানিতে কৃত্রিম প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি করছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ঈদের আগে পোশাকশিল্পের মালিকদের ২০ কোটি ৩২ লাখ ডলারের বেশি নগদ প্রণোদনা দেওয়া হয়েছে। মার্কিন সংস্থাটির মতে, এ ধরনের প্রণোদনা আন্তর্জাতিক বাণিজ্যে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করতে পারে।
বাংলাদেশের শ্রম পরিস্থিতি ও মজুরি কাঠামো নিয়েও সমালোচনা করেছে ইউএসটিআর। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে সংশোধিত শ্রম আইনেও শ্রমিকদের সংগঠন গঠন এবং যৌথ দর-কষাকষির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত হয়নি। বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ সীমিত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে।
পাশাপাশি বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আন্তর্জাতিক প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এ ক্ষেত্রে ইউএসটিআর তাদের প্রতিবেদনে বাংলাদেশের পোশাকশ্রমিকদের আগের ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির তথ্য বিবেচনায় নিয়েছে। তবে সম্প্রতি মজুরি বোর্ডের সিদ্ধান্তে এই মজুরি বাড়িয়ে সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মার্কিন প্রতিবেদনে ব্যবহৃত মজুরির তথ্য নতুন সিদ্ধান্তের আগের।
চীন থেকে কাঁচামাল আমদানির বিষয়টিও বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যতম অভিযোগ। ইউএসটিআরের দাবি, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কাঁচামালের প্রায় ৭০ শতাংশ চীন থেকে আসে। এর মধ্যে রয়েছে সুতা, টেক্সটাইল ও বিভিন্ন ধরনের উৎপাদন সরঞ্জাম। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের কাঁচামাল আমদানি ৬৮ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন সংস্থাটির অভিযোগ, চীনা বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের শুল্ক এড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশে কারখানা স্থাপন করছে। এর ফলে চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বাংলাদেশ হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছে। যদিও এ অভিযোগের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো নতুন ব্যাখ্যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
বাংলাদেশের ব্যাংকিং খাতের নীতিমালা নিয়েও প্রশ্ন তুলেছে ইউএসটিআর। প্রতিবেদনে ব্যাংকের সুদের হার, আন্তর্জাতিক মুদ্রা লেনদেন এবং ঋণ বিতরণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হয়েছে। মার্কিন সংস্থাটির মতে, এসব প্রশাসনিক আর্থিক নিয়ন্ত্রণ এবং মুদ্রাব্যবস্থার সীমাবদ্ধতা অবাধ বাজার প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করতে পারে।
শুল্ক প্রস্তাবে রপ্তানিকারকদের উদ্বেগ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবকে বাংলাদেশের রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বাণিজ্য বিশ্লেষক ও রপ্তানিকারকেরা। তাঁদের আশঙ্কা, নতুন শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা কমতে পারে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা বাড়বে।
গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব একেবারেই অনাকাঙ্ক্ষিত। এর ফলে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানি কমতে পারে। অতিরিক্ত শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে এবং চাহিদা কমে বাজার ছোট হয়ে আসতে পারে।
তিনি বলেন, এর চেয়েও বড় সমস্যা তৈরি হতে পারে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা নিয়ে। যুক্তরাষ্ট্র চীন ও ভিয়েতনামের মতো বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরও বাড়তি শুল্কের প্রস্তাব দিয়েছে। ফলে এসব দেশের রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য বাজারে বেশি মনোযোগ দিতে পারেন। এতে বাংলাদেশকে নতুন করে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।
আব্দুর রাজ্জাক আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি অনুযায়ী বাংলাদেশি পণ্যের শুল্কহার ১৯ শতাংশ হওয়ার কথা। তবে ওই চুক্তি থেকে বাংলাদেশ খুব বেশি সুবিধা পাবে না বলে তাঁর মত। তাঁর মতে, চুক্তিটি একতরফা এবং এর মাধ্যমে বাংলাদেশকে অপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় বাধ্য করার পরিস্থিতি তৈরি হয়েছে।
তৈরি পোশাকের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের পোশাক খাত যখন নতুন মজুরি বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ের চাপের মধ্যে রয়েছে, ঠিক তখন যুক্তরাষ্ট্রের মতো বড় রপ্তানি বাজারে নতুন শুল্কের প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক বাড়ানোর পর বড় রপ্তানিকারক দেশগুলো ইউরোপসহ অন্যান্য বাজারে পণ্য রপ্তানিতে বেশি মনোযোগ দিয়েছে। এসব দেশের নিজস্ব কাঁচামাল এবং কম লিড টাইমের সুবিধা থাকায় তারা তুলনামূলক কম দামে পণ্য সরবরাহ করতে পারে। বাংলাদেশের পক্ষে একই দামে পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ে।
এবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। এ কারণে বাড়তি শুল্কের চাপ এড়াতে সরকারের পক্ষ থেকে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিকেএমইএ সভাপতি।
কীভাবে এলো নতুন শুল্কের প্রস্তাব
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবের পেছনে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের বাণিজ্যনীতি। গত বছরের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর যুক্তিতে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তখন বাংলাদেশি পণ্যে প্রথমে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। পরে তা কমিয়ে ৩২ শতাংশ করা হয়।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করে বাংলাদেশ শুল্কহার ১৯ শতাংশে নামিয়ে আনার বিষয়ে চুক্তিতে পৌঁছায়। তবে ওই চুক্তির কার্যকারিতা নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ট্রাম্প প্রশাসনের জরুরি ক্ষমতা ব্যবহার করে শুল্ক আরোপের বৈধতা নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি চ্যালেঞ্জ ওঠে। পরে দেশটির সুপ্রিম কোর্ট ওই আইনি ভিত্তিতে আরোপ করা শুল্ককে বেআইনি ঘোষণা করে। এতে ওই ব্যবস্থার কার্যকারিতা হারায় ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি। এরপর বিকল্প আইনি পথে নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।
এ জন্য ১৯৭৪ সালের বাণিজ্য আইনের বিভিন্ন ধারা ব্যবহার করে তদন্ত শুরু করা হয়। এর মধ্যে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য এবং কোনো দেশ রাষ্ট্রীয় সহায়তার মাধ্যমে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা তৈরি করে মার্কিন বাণিজ্য ও শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে কি না, তা খতিয়ে দেখা হয়।
জোরপূর্বক শ্রমের অভিযোগের ভিত্তিতে গত জুলাইয়ে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়। এবার অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও রাষ্ট্রীয় সহায়তার অভিযোগে ৩০১ ধারার তদন্ত শেষে নতুন শুল্কের প্রস্তাব সামনে এসেছে।
অন্য দেশগুলোর ওপর কত শুল্কের প্রস্তাব
বাংলাদেশের পাশাপাশি এশিয়ার বিভিন্ন প্রধান রপ্তানিকারক দেশের পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর। দেশভেদে প্রস্তাবিত শুল্কহারে পার্থক্য রাখা হয়েছে।
চীনের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে। তবে নির্দিষ্ট কিছু পণ্যের ক্ষেত্রে এ হার ১০ শতাংশ হতে পারে। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী ভিয়েতনামের পণ্যে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি হলে তা ২০ শতাংশে নামতে পারে।
ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে এ হার ১৭ শতাংশে নামিয়ে আনার সুযোগ রয়েছে। সিঙ্গাপুরের পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ শুল্কের প্রস্তাব করা হয়েছে, যা চুক্তির ভিত্তিতে ১০ শতাংশ হতে পারে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যের ক্ষেত্রেও বাংলাদেশের মতো সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত শুল্কের প্রস্তাব রয়েছে।রাষ্ট্রের পণ্যে নিট ১৫ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব করা হয়েছে। জাপান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও তাইওয়ানের পণ্যের ক্ষেত্রেও ১৫ শতাংশ শুল্কের প্রস্তাব রয়েছে।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিকদের মজুরি সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জের মধ্যে নতুন শুল্ক কার্যকর হলে রপ্তানিকারকদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। তবে প্রস্তাবিত শুল্কের চূড়ান্ত হার নির্ভর করছে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত মতামত গ্রহণ ও গণশুনানির পর ইউএসটিআরের সিদ্ধান্তের ওপর।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au