বিশ্ব

ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, বড় চমকের ঘোষণা

  • 3:58 pm - October 10, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেশোয়ারে।ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চলমান লংমার্চ পঞ্চম দিনে পেশোয়ারে পৌঁছেছে। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দলটির নেতাকর্মী ও সমর্থকেরা পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় পৌঁছান। এ সময় বিপুলসংখ্যক সমর্থক তাঁদের স্বাগত জানান। আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে সোয়াবিতে বড় চমক দেওয়ার ঘোষণাও দিয়েছেন সোহেল আফ্রিদি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ অক্টোবর লাক্কি মারওয়াত থেকে ইমরান খানের মুক্তির দাবিতে এই লংমার্চ শুরু হয়। শুরুতে রাজধানী ইসলামাবাদের দিকে যাওয়ার পরিকল্পনা থাকলেও পরে কর্মসূচির গতিপথ পরিবর্তন করা হয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, পেশোয়ারের পর চারসদ্দা ও সোয়াবিতে যাওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার পর পিটিআইয়ের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বাধীন বহরটি পেশোয়ারের হায়াতাবাদ টোল প্লাজায় পৌঁছেছে। সেখানে আগে থেকেই অপেক্ষায় থাকা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁদের স্বাগত জানান।

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সোহেল আফ্রিদি বলেন, তাঁদের এই আন্দোলন শুধু একজন নেতার মুক্তির জন্য নয়, বরং প্রকৃত স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আন্দোলনে অংশ নিতে গিয়ে নেতাকর্মীদের কিছুটা কষ্ট সহ্য করতে হলেও কারাগারে ইমরান খান যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন, তার তুলনায় এই কষ্ট কিছুই নয়।

তিনি আরও বলেন, ইমরান খানের মুক্তির জন্য তাঁরা যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও পিছপা হবেন না বলে মন্তব্য করেন তিনি।

লংমার্চের পরবর্তী কর্মসূচি সম্পর্কে সোহেল আফ্রিদি জানান, চারসদ্দায় পৌঁছে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হবে। তবে মূল চমক অপেক্ষা করছে সোয়াবিতে। সেখানে পৌঁছানোর পর আন্দোলনের নতুন পরিকল্পনা ঘোষণা করা হবে।

আফ্রিদির দাবি, সোয়াবিতে তাঁর পরিকল্পনার কথা শুনে দলের নেতাকর্মী ও সমর্থকেরা উচ্ছ্বসিত হবেন।

এদিকে পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান বলেছেন, তাঁর দল কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করেনি। তবে পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশটির সন্ত্রাসবিরোধী জাতীয় নীতি নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।

বৃহস্পতিবার চারসদ্দায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সন্ত্রাসবাদ পাকিস্তানের জন্য একটি বড় হুমকি। খাইবার পাখতুনখাওয়া, বেলুচিস্তান কিংবা সিন্ধু, দেশের যেকোনো অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড জাতীয় স্বার্থের পরিপন্থী। এ ধরনের সংকট মোকাবিলায় রাজনৈতিক বিভাজন না বাড়িয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া উচিত।

এ সময় খাইবার পাখতুনখাওয়ার জনস্বাস্থ্য প্রকৌশলমন্ত্রী ফজল শাকুর এবং জাতীয় পরিষদের সদস্য ফজল মোহাম্মদ খানকে তুলে নেওয়ার অভিযোগ করেন গওহর খান।

তিনি দাবি করেন, ফজল শাকুর নিখোঁজ হওয়ার ১৮ দিন পার হলেও তাঁর অবস্থান সম্পর্কে পরিবার কোনো তথ্য পায়নি। নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

খাইবার পাখতুনখাওয়ায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে গভর্নর শাসন কিংবা জরুরি অবস্থা জারির সম্ভাবনারও বিরোধিতা করেন পিটিআই চেয়ারম্যান।

গওহর খান বলেন, রাজনৈতিক সংকটের সমাধান সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত। জনগণের নির্বাচিত সরকার ও তাদের দেওয়া রায়কে সম্মান জানাতে হবে।

চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসনে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অর্থবহ আলোচনায় বসতে পিটিআই প্রস্তুত বলেও জানান তিনি। একই সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমানকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।

পিটিআই চেয়ারম্যান জানান, ১০ অক্টোবর মারদানে এবং ১১ অক্টোবর সোয়াবিতে সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির পর দলের শীর্ষ নেতৃত্ব পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবে।

অন্যদিকে লংমার্চকে কেন্দ্র করে পেশোয়ারের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

বুধবার রাত থেকেই শহরের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও সেলুলার ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির এক কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে।

যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় বৃহস্পতিবার পেশোয়ারের কয়েকটি বেসরকারি বিদ্যালয় বন্ধ থাকার খবর অনেক অভিভাবক জানতে পারেননি। ফলে সন্তানদের বিদ্যালয়ে নিয়ে গিয়ে বন্ধ ফটক দেখে ফিরে যেতে হয় তাঁদের।

তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশ দেওয়া হয়নি। অনুমতি ছাড়া যেসব প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। নিয়মিত পাঠদান অব্যাহত রাখতে বিদ্যালয়গুলোর প্রধানদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে রাজনৈতিক কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারের অভিযোগে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন পেশোয়ার হাইকোর্ট।

বৃহস্পতিবার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা জহির খানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়েছেন।

প্রধান বিচারপতি এস এম আতিক শাহ ও বিচারপতি এজাজ খানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৩ অক্টোবর দেওয়া এক রায়ে পেশোয়ার হাইকোর্ট সরকারি যানবাহন, যন্ত্রপাতি, জনবল কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় সম্পদ রাজনৈতিক সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি ও লংমার্চে ব্যবহার না করার নির্দেশ দিয়েছিলেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর পেশোয়ার থেকে লাক্কি মারওয়াত যাওয়ার জন্য সরকারি হেলিকপ্টার ব্যবহার করেন মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সেখানে পৌঁছে তিনি পিটিআইয়ের লংমার্চে অংশ নেন এবং আন্দোলনের নেতৃত্ব দেন।

আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার এম ইয়াসিন রাজা খান আদালতে বলেন, সরকারি হেলিকপ্টার ব্যবহারের সঙ্গে পাইলট, কর্মী, জ্বালানি, কারিগরি সহায়তা ও নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার জড়িত।

তাঁর দাবি, রাজনৈতিক কর্মসূচিতে এসব সরকারি সম্পদ ব্যবহার করে মুখ্যমন্ত্রী আদালতের আগের নির্দেশনা লঙ্ঘন করেছেন।

এ কারণে সোহেল আফ্রিদির বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরুর পাশাপাশি হেলিকপ্টার ব্যবহারের অনুমোদন, উড্ডয়নসংক্রান্ত নথি এবং ব্যয়ের বিস্তারিত হিসাব তলবের আবেদন জানানো হয়।

শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম মুলতবি করেন।

এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে চলমান লংমার্চকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে সোয়াবিতে বড় কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেওয়ায় পিটিআইয়ের পরবর্তী পদক্ষেপ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সূত্র: ডন

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় রক্ষণশীলদের সম্মেলন ঘিরে বিক্ষোভ, পলিন হ্যানসনকে উচ্ছ্বসিত অভ্যর্থনা

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রক্ষণশীল রাজনৈতিক নেতাদের সম্মেলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপ্যাক) অস্ট্রেলিয়া শাখার সম্মেলন চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে…

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার দুপুরে গ্রাফিতিতে…

জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর

জাতীয় দলের কোচের সঙ্গে বিরোধ এবং ক্যাম্প ছেড়ে যাওয়ার বিতর্ক পেছনে ফেলে আবারও গোলের আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-দিরিয়াহর বিপক্ষে…

চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস…

মশা নিয়ন্ত্রণে হাজার কোটি টাকা ব্যয়, তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ

বাংলাদেশে মশা নিয়ন্ত্রণে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত এক দশকে শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা…

দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিসহ একাধিক নেতা আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au