বিশ্ব

দিল্লিতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে আটক ৪০০, বাতিল শত শত ট্রেন

  • 5:44 pm - October 10, 2026
  • পঠিত হয়েছে:৪৪ বার
বিক্ষোভস্থলে যাওয়ার সড়কে অন্তত সাত স্তরের ব্যারিকেড রয়েছে। ছবি: এএনআই
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিশাল বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তরে পূর্বঘোষিত কর্মসূচির আগে রাতভর ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে নিরাপত্তার কারণ দেখিয়ে শত শত ট্রেন বাতিল, ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ককরোচ জনতা পার্টির আহ্বানে হাজারো মানুষের বিক্ষোভে অংশ নেওয়ার আশঙ্কায় রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।

ককরোচ জনতা পার্টির সমর্থকদের শনিবার যন্তর মন্তরে জড়ো হওয়ার আহ্বান জানানো হলেও পুলিশ এই কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও দলটির নেতারা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে গত ২০ জুলাই শিক্ষা ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা এবং পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই আন্দোলনের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের সেই অভিজ্ঞতার কারণে এবারের কর্মসূচি ঘিরে প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

বিক্ষোভের কারণে রাজধানীর যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দিল্লি মেট্রোর রাজীব চক, নয়াদিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক ও কাশ্মীরি গেটসহ মোট ৪৫টি স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া শনিবার ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা থাকা বিভিন্ন রাজ্যের ২৫০টির বেশি ট্রেন এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

শুক্রবার রাত ১০টা থেকে জনপথ-কর্তব্য পথ মোড়ের প্রায় চার কিলোমিটার এলাকায় ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবাও বন্ধ রাখা হয়েছে। এসব বিধিনিষেধের কারণে সাধারণ যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানিয়েছেন, প্রশাসনের কঠোর বিধিনিষেধ সত্ত্বেও তাঁদের স্বেচ্ছাসেবক ও সমর্থকেরা যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, সরকার একদিকে দাবি করছে বিক্ষোভের কারণে সাধারণ মানুষের অসুবিধা হবে। অথচ অন্যদিকে মেট্রো ও রেল চলাচল বন্ধ করে এবং সড়কে ব্যারিকেড বসিয়ে মানুষের চলাচল বাধাগ্রস্ত করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং বিক্ষোভকারীদের গুরুত্বপূর্ণ সরকারি এলাকায় প্রবেশ ঠেকানোই তাদের প্রধান লক্ষ্য।

পুলিশের নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, যন্তর মন্তর, জনপথ, নির্বাচন কমিশনের কার্যালয় এবং দিল্লি পুলিশের সদর দপ্তরসহ প্রায় দেড় কিলোমিটার এলাকাকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই নির্দিষ্ট এলাকাতেই সাড়ে ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিক্ষোভস্থল যন্তর মন্তরের দিকে যাওয়ার সড়কে অন্তত সাত স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করতে শেষ কয়েকটি স্তরের ব্যারিকেড ঝালাই করে একসঙ্গে যুক্ত করা হয়েছে, যাতে বিক্ষোভকারীরা সহজে সেগুলো অতিক্রম করতে না পারেন।

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নয়াদিল্লির গুরুত্বপূর্ণ স্থানগুলোতে শব্দ ধারণের সুবিধাসহ ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

একই সঙ্গে বিভিন্ন এলাকায় লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা দেওয়া হচ্ছে যে, প্রস্তাবিত বিক্ষোভের কোনো অনুমতি নেই। সাধারণ মানুষকে বিক্ষোভে জমায়েত না হওয়া, স্লোগান দেওয়া থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তির ক্ষতি না করার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ সদস্যদের ওপর হামলা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় কমিউনিটি সেন্টার, মসজিদ এবং আবাসিক এলাকার কল্যাণ সমিতিগুলোকে বিক্ষোভের অনুমতি না থাকার বিষয়টি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে।

প্রশাসন সতর্ক করেছে, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভে অংশ নিতে এলে গ্রেপ্তারসহ আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে নয়াদিল্লি ও মধ্য দিল্লির বিভিন্ন হোটেল, লজ এবং অস্থায়ী আবাসনেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। হোটেল কর্তৃপক্ষকে অতিথিদের বিক্ষোভে অংশ নিতে নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাশাপাশি এয়ারবিএনবির মাধ্যমে বাসা ভাড়া দেওয়া ব্যক্তি এবং সম্পত্তির মালিকদেরও সতর্ক করা হয়েছে। কোনো ব্যক্তি বিক্ষোভে অংশ নিতে পারেন বলে সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সাম্প্রতিক বিক্ষোভে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও অসদাচরণের অভিযোগ ওঠায় এবারের কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ভিডিওতে ধারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চলতি মাসের শুরুর দিকে একটি বিক্ষোভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এক নারী বিক্ষোভকারীকে মারধর ও লাঞ্ছনার অভিযোগ ওঠে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয়।

এবার সেই পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বডি ক্যামেরা সরবরাহ করা হয়েছে। পাশাপাশি বিক্ষোভ ও পুলিশের কার্যক্রম বিভিন্ন দিক থেকে ধারণ করতে শত শত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফার নিয়োগ দেওয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এসব ভিডিও ফুটেজের মাধ্যমে ঘটনার প্রকৃত পরিস্থিতি যাচাই, বিভ্রান্তিকর তথ্য শনাক্ত এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তদন্তের জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা সম্ভব হবে।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির এই কর্মসূচি ঘিরে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কঠোর নিরাপত্তাব্যবস্থা ও ব্যাপক বিধিনিষেধের মধ্যেও আন্দোলনকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রয়েছে প্রশাসনের।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ায় রক্ষণশীলদের সম্মেলন ঘিরে বিক্ষোভ, পলিন হ্যানসনকে উচ্ছ্বসিত অভ্যর্থনা

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে রক্ষণশীল রাজনৈতিক নেতাদের সম্মেলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপ্যাক) অস্ট্রেলিয়া শাখার সম্মেলন চলাকালে অনুষ্ঠানস্থলের বাইরে…

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছতে গিয়ে আটক আয়াস

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দিতে গিয়ে আটক হয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস। শনিবার দুপুরে গ্রাফিতিতে…

জাতীয় দলের বিতর্ক পেছনে ফেলে ৯৮০তম গোল রোনালদোর

জাতীয় দলের কোচের সঙ্গে বিরোধ এবং ক্যাম্প ছেড়ে যাওয়ার বিতর্ক পেছনে ফেলে আবারও গোলের আলো ছড়ালেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-দিরিয়াহর বিপক্ষে…

চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস…

মশা নিয়ন্ত্রণে হাজার কোটি টাকা ব্যয়, তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ

বাংলাদেশে মশা নিয়ন্ত্রণে প্রতিবছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত এক দশকে শুধু ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মশা…

দিল্লিতে বিক্ষোভের আগে ইউটিউবার ধ্রুব রাঠিসহ একাধিক নেতা আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা কর্মসূচিতে যোগ দেওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au