ককটেল নিক্ষেপ। ছবি : সংগৃহীত
রাজধানীর শেরেবাংলানগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এর মধ্যে একটি বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হন।
পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত শাহীন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ছলিমাবাদ এলাকার মৃত ভোলা শেখের ছেলে। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে থাকেন।
শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে পাশে থাকা শাহীন স্প্লিন্টারের আঘাতে আহত হন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শাহীনকে উদ্ধার করে। প্রথমে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এসআই মাহবুব আলম আরও জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে শাহীনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।