কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ২০, আহত বহু
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী ও এক শিশু রয়েছে।…
কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে ভয়াবহ আগুন থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দিয়েছিলেন আশিকুল ইসলাম। লাফিয়ে তিনি প্রাণে বাঁচলেও হারিয়েছেন স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে।
স্বজনদের নিয়ে ছুটি কাটাতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখি হতে হবে, তা কল্পনাও করেননি আশিকুল। মুহূর্তেই আনন্দের ভ্রমণ পরিণত হয়েছে স্বজন হারানোর শোকে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার অভিযান চলাকালে আরও মরদেহ পাওয়ার আশঙ্কা রয়েছে।

আগুনে পোড়া টুপটুপ রিসোর্ট। ছবি : সংগৃহীত
আশিকুলের ছোট ভাই তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। পরিবারের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আগুন থেকে বাঁচতে দোতলা থেকে লাফ দেন আশিকুল। তবে নিজে প্রাণে বাঁচতে পারলেও স্ত্রী ইসরাত জাহান মালিহা, স্ত্রীর ছোট বোনসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে রিসোর্টটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারাও পুলিশের সহায়তায় উদ্ধারকাজে অংশ নেন।
বেলা সোয়া ২টার দিকে ফায়ার সার্ভিসের কক্সবাজারের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রিসোর্টটিতে আরও মরদেহ থাকতে পারে। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ছয়জনের পরিচয় শনাক্ত :
নিহত ১০ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।
অগ্নিকাণ্ডে আহত ছয়জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১) ও তাঁর স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯)। আহতদের মধ্যে আরও রয়েছেন মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছিল না ফায়ার সার্ভিস ও কউক-এর লাইসেন্স :
এদিকে, ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানিয়েছেন, পাটুয়ারটেক এলাকার টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটির ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স ছিল না। এমনকি এ বিষয়ে রিসোর্ট কর্তৃপক্ষকে আগে সতর্ক করা হলেও তারা কোনো লাইসেন্স নেয়নি।
একই তথ্য নিশ্চিত করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রিসোর্টটি নির্মাণের জন্য কউক-এর কোনো ধরনের অনুমতিও নেওয়া হয়নি।
রিসোর্ট ম্যানেজার আটক :
এই মর্মান্তিক দুর্ঘটনার পর টুপটুপ রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার কারণ অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় আটক রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au