আহত যুবদল নেতা রামীম বিশ্বাস। ছবি : সংগৃহীত
খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে আয়নাল মোল্লার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত রামীম বিশ্বাস (৩২) মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা সোয়া ১১টার দিকে রামীম বিশ্বাস আয়নাল মোল্লার বাড়ির সামনে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।