বিশ্ব

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

  • 12:13 am - October 25, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বিশেষায়িত ইউনিট, অশ্বারোহী পুলিশ, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে। ছবিঃ রয়টার্স

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে জনসমাগম, মিছিল ও গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ভাঙচুর এবং লুটপাট ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, বিক্ষোভ পরিস্থিতি নিয়ে শুক্রবার শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিরক্ষা পরিষদের সঙ্গে বৈঠকের কথা ছিল প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও তাঁর আলোচনার পরিকল্পনা ছিল। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, বৈঠকের পর পরিস্থিতি মোকাবিলায় আরও কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ শুক্রবার সাংবাদিকদের বলেন, শনিবার দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহের শনিবারের তুলনায় এই সংখ্যা প্রায় ১০ হাজার বেশি। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশের বিশেষায়িত ইউনিট, অশ্বারোহী পুলিশ, হেলিকপ্টার, ড্রোন, সাঁজোয়া যান এবং জলকামান প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, উগ্র বামপন্থী হিসেবে চিহ্নিত কিছু গোষ্ঠী অনলাইনে তাদের সমর্থকদের সরকারি ভবন লক্ষ্য করে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, দাঙ্গা, লুটপাট ও সহিংসতায় জড়িতদের প্রতি সরকার কোনো নমনীয়তা দেখাবে না।

নুনেজ আরও বলেন, পরিস্থিতিকে সাধারণ বা বন্ধুত্বপূর্ণ বিক্ষোভ হিসেবে দেখার সুযোগ নেই। নিরাপত্তা বাহিনী সতর্ক ও কঠোর অবস্থানে থাকবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। গত সপ্তাহে কিছু স্পর্শকাতর এলাকায় যে কারফিউ জারি করা হয়েছিল, তা বহাল থাকবে বলেও জানান তিনি।

গত শনিবার ফ্রান্সজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তবে কর্মসূচির একপর্যায়ে বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই অভিজ্ঞতার পর এবার আরও বড় পরিসরে নিরাপত্তাব্যবস্থা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ঘোষণা দেন, শনিবার কেবল শ্রমিক ইউনিয়নগুলোর বিক্ষোভের অনুমতি দেওয়া হবে। সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন ছাত্রসংগঠন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্কুলগুলোর পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। জীবনযাত্রার উচ্চ ব্যয় ও অন্যান্য সামাজিক-অর্থনৈতিক অভিযোগে আন্দোলনরত বিভিন্ন গোষ্ঠীও তাদের কর্মসূচিতে যোগ দিয়েছে।

শুক্রবার প্রথমবারের মতো হাইস্কুল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ। ‘হাইস্কুল রিনিউয়াল’ নামের শিক্ষার্থী সংগঠনের সভাপতি নাথানায়েল কম্বারি জানান, প্রেসিডেন্ট তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তবে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত আলোচনায় শিক্ষার্থীরা সুনির্দিষ্ট প্রস্তাবের অপেক্ষায় রয়েছে।

কম্বারি বলেন, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার এবং আন্দোলনের পরিকল্পনা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে বিধিনিষেধের মধ্যেও ফ্রান্সের জাতীয় ছাত্র ইউনিয়ন ‘ইউএনইএফ’ শনিবার সমাবেশের ডাক দিয়েছে। তাদের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে সরকারবিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনও প্যারিসের কেন্দ্রস্থলে পদযাত্রার পরিকল্পনা করেছে। ২০১৮ সালে আত্মপ্রকাশ করা এই আন্দোলন জীবনযাত্রার ব্যয় ও সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসে পুলিশ শ্রমিক ইউনিয়নগুলোকে নির্দিষ্ট পথে সীমিত পরিসরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। তবে ইউএনইএফ ও ইয়েলো ভেস্ট আন্দোলনের আয়োজকদের সমাবেশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। তা সত্ত্বেও ইউএনইএফ জানিয়েছে, তারা কর্মসূচি চালিয়ে যাবে।

রাজধানী প্যারিসের বাইরে অরলিয়ঁ শহরেও উত্তেজনা তৈরি হয়েছে। সেখানে বিরোধী নেত্রী মেরিন ল্য পেনের কট্টর ডানপন্থী দল ‘ন্যাশনাল র‍্যালি’ দলীয় কংগ্রেস আয়োজন করছে। এর প্রতিবাদে ২০ হাজার থেকে ৩০ হাজার মানুষ বিক্ষোভ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে এ ধরনের জমায়েতের অনুমতি দেওয়া হবে না।

নিরাপত্তার কারণে প্যারিসের রাতের কারফিউ সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে। ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁর কেন্দ্রীয় এলাকায় জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। শনিবারের জন্য সেখানে কারফিউ ও গণপরিবহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

উপকূলীয় শহর মার্সেইতেও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছিল। তবে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ বিবেচনায় সেখানে শ্রমিক ইউনিয়নের একটি মিছিলের অনুমতি দেওয়া হবে।

সরকারের কঠোর নিরাপত্তাব্যবস্থা ও বিক্ষোভের ওপর বিধিনিষেধ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফরাসি সরকারের পদক্ষেপকে কর্তৃত্ববাদী প্রবণতার দিকে ঝুঁকে পড়ার ইঙ্গিত হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির আশঙ্কা, এ ধরনের বিধিনিষেধ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচও ভিড় নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্রের আঘাতে শিক্ষার্থী ও অপ্রাপ্তবয়স্কদের গুরুতর আহত হওয়ার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ফরাসি শ্রমিক সংগঠন ডেমোক্রেটিক কনফেডারেশন অব লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মারিলিস লিওঁর মতে, জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ বিবেচনায় না নিয়ে বিক্ষোভের ওপর বিধিনিষেধ আরোপ করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে।

অন্যদিকে, ইউএনইএফ অভিযোগ করেছে, ম্যাক্রোঁ সরকার দেশে বিক্ষোভ করার স্বাধীনতা খর্ব করছে। সংগঠনটির বক্তব্য, বিক্ষোভের অধিকার সীমিত করার মধ্য দিয়ে সরকার ফরাসি প্রজাতন্ত্রের যে মূল্যবোধ রক্ষার কথা বলে, তার সঙ্গেই সাংঘর্ষিক অবস্থান নিচ্ছে।

নিরাপত্তাঝুঁকির কারণে প্রধান শহরগুলোতে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। শনিবার প্যারিসের ল্যুভর জাদুঘর ও লুই ভুইতোঁ ফাউন্ডেশন বন্ধ থাকবে। এ ছাড়া প্যারিসে চলমান ‘আর্ট বাসেল’ শিল্পমেলা নির্ধারিত সময়ের দুই দিন আগে, শুক্রবারই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত শনিবারের সহিংসতার পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভের অধিকার, সরকারের নিরাপত্তাব্যবস্থা এবং সহিংসতা নিয়ন্ত্রণের প্রশ্নে ফ্রান্সে এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তীব্র হচ্ছে। সরকার একদিকে সরকারি স্থাপনা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলছে, অন্যদিকে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো বিক্ষোভের সুযোগ সীমিত করার বিরোধিতা করছে। শনিবারের কর্মসূচি ঘিরে এই দ্বন্দ্ব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au