বাংলাদেশ

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি জানল টিআইবি

  • 5:32 am - October 27, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ।ছবিঃ সংগৃহীত

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ার করবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি আইজিপির বক্তব্য প্রত্যাহার, এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। একই সঙ্গে জবাবদিহি নিশ্চিত করতে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় টিআইবি। সংস্থাটির মতে, সরকারের অনুমতির শর্ত যুক্ত করে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যার সম্ভাবনা তুলে ধরা সংবিধান, আইনের শাসন এবং নাগরিকের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। আইনসম্মত প্রক্রিয়ায় অপরাধ দমনের পরিবর্তে ক্রসফায়ারকে বিকল্প হিসেবে উপস্থাপন পুলিশের পেশাগত দায়িত্ব ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি করে।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে পুলিশপ্রধান ক্রসফায়ারকে ব্যবহার করতে চাইছেন কি না, এমন প্রশ্ন উঠেছে। তাঁর মতে, সরকারের অনুমতির শর্ত জুড়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতার স্বীকারোক্তির শামিল।

ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের মূল দায়িত্ব হলো পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধের ঘটনা উদ্‌ঘাটন, অপরাধীদের শনাক্ত করা এবং গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারের কথা বলা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান নয়; বরং এটি পেশাগত দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয়।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, আইজিপি একই বক্তব্যে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, আবার সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারের সম্ভাবনার কথাও বলেছেন। তাঁর মতে, এই দুই অবস্থান পরস্পরবিরোধী। কোনো সরকারের অনুমোদনই বিচারবহির্ভূত হত্যাকে আইনি বৈধতা দিতে পারে না।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ছবিঃ সংগৃহীত

নাগরিকের জীবন ও ব্যক্তিস্বাধীনতার সাংবিধানিক অধিকারের বিষয়টি তুলে ধরে ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা, জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে। নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্তের মাধ্যমে এসব মৌলিক অধিকার বাতিল করা যায় না। ফলে সরকারের অনুমতির কথা উল্লেখ করে প্রাণঘাতী বেআইনি বলপ্রয়োগের সুযোগ তৈরি করার কোনো অবকাশ নেই বলে মনে করে টিআইবি।

বিচারবহির্ভূত হত্যার অতীত ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশে ক্রসফায়ার ও কথিত বন্দুকযুদ্ধের নামে সংঘটিত বিভিন্ন ঘটনার অভিজ্ঞতা এই পদ্ধতির ভয়াবহতা স্মরণ করিয়ে দেয়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় পুলিশ সদস্যদের দণ্ড এবং মামলার রায়সংক্রান্ত প্রতিবেদনে উঠে আসা ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, নির্যাতন ও হত্যার অভিযোগ এ বিষয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

তিনি টেকনাফের কাউন্সিলর একরামুল হকের কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন। ওই ঘটনার পর তাঁর পরিবারের প্রকাশ করা অডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ ছাড়া নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় সাবেক র‌্যাব কর্মকর্তাদের দণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপরাধমূলক ব্যবহারের বিচারিকভাবে প্রতিষ্ঠিত উদাহরণ হিসেবে তুলে ধরে টিআইবি।

ইফতেখারুজ্জামানের মতে, অতীতের এসব ঘটনার পরও পুলিশপ্রধানের বক্তব্যে ক্রসফায়ারের সম্ভাবনা উঠে আসা উদ্বেগজনক। অতীতের অপরাধ থেকে পুলিশ কী শিক্ষা নিয়েছে, সে প্রশ্নের জবাব পুলিশপ্রধানকেই দিতে হবে। তাঁর আশঙ্কা, বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের বিষয়ে প্রচ্ছন্ন ছাড়পত্র হিসেবে বিবেচিত হতে পারে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, যে কর্মকর্তার দায়িত্ব পুলিশ বাহিনীকে আইন ও সংবিধানের সীমার মধ্যে থেকে পরিচালনা করা, তিনিই যদি ক্রসফায়ারকে বিকল্প হিসেবে সামনে আনেন, তাহলে তাঁর দায়িত্ববোধ ও নেতৃত্বের উপযুক্ততা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এ কারণে বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আইজিপির জবাবদিহি নিশ্চিত করতে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে সরকারের ঘোষিত অবস্থানের সঙ্গে আইজিপির বক্তব্যের অসংগতির বিষয়টিও তুলে ধরেছে টিআইবি। সংস্থাটি জানায়, গত ১৪ সেপ্টেম্বর আইনমন্ত্রী বলেছিলেন, সরকার সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না এবং বিদ্যমান আইন প্রয়োগ করেই সন্ত্রাস দমন সম্ভব। এমন অবস্থানের পরও পুলিশপ্রধান কেন সরকারের অনুমতি সাপেক্ষে ক্রসফায়ারের সম্ভাবনা তুলে ধরছেন, তার ব্যাখ্যা দাবি করেছে টিআইবি।

একই সঙ্গে সরকার সন্ত্রাস দমনে বিদ্যমান আইন প্রয়োগের যে অবস্থান জানিয়েছে, তা বাস্তবায়নে পুলিশের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, সে বিষয়েও স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পুলিশের বলপ্রয়োগের সীমা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেছে টিআইবি। সংস্থাটির মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ অবশ্যই আইনসম্মত, প্রয়োজনীয় ও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের ইচ্ছাকৃত প্রাণঘাতী ব্যবহার কেবল জীবন রক্ষার জন্য কঠোরভাবে অনিবার্য পরিস্থিতিতেই গ্রহণযোগ্য হতে পারে। এই সীমিত পরিস্থিতিকে বিচারবহির্ভূত হত্যার অনুমোদন হিসেবে ব্যাখ্যা বা উপস্থাপনের সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে অর্থ না পেয়ে পুলিশের সমালোচনা করার অভিযোগের বিষয়টিও উল্লেখ করেছে টিআইবি। সংস্থাটি বলেছে, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও অভিযোগ তোলা মুক্ত গণমাধ্যমের ভূমিকা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।

টিআইবির মতে, গণমাধ্যমের কাজের সমালোচনা বা সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনসম্মত প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। ঢালাও অভিযোগ স্বাধীন সাংবাদিকতাকে নিরুৎসাহিত করার ঝুঁকি তৈরি করে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সংকুচিত করতে পারে।

সব মিলিয়ে, আইজিপির ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে পুলিশের ক্ষমতা প্রয়োগ, বিচারবহির্ভূত হত্যার ঝুঁকি, সাংবিধানিক অধিকার এবং সরকারের ঘোষিত নীতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটির দাবি, বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে হবে এবং দায়িত্বশীলতার ঘাটতির জন্য জবাবদিহি নিশ্চিত করতে আইজিপিকে অপসারণ করতে হবে।

এই শাখার আরও খবর

সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে হামলা, মারধর

ঢাকায় পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন…

হুজুরদের ভয়ে শেষ পর্যন্ত দেশ ছাড়লেন যৌন নিপীড়নের শিকার শিশুর বাবা শাহজালাল রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসায় সাত বছর বয়সী মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় আলোচনায় আসা বাবা বডিবিল্ডার শাহজালাল রুমি দেশ ছেড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

ইরানের সঙ্গে আলোচনায় সৌদি-পাকিস্তান-তুরস্ক, সৌদিকে সামরিক সহায়তা দেবে মিসর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সামরিক উত্তেজনা কমাতে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে…

রিয়াদ বিমানবন্দরে আবারও হামলার দাবি হুতিদের, পাল্টা অভিযানে সৌদি জোট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং দেশটির বিভিন্ন অঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশনগুলোতে ড্রোন হামলার দাবি…

সুনামগঞ্জে পুলিশের উপস্থিতিতে কৃপেশ রায়ের বাড়িতে মব, পরে গ্রেপ্তার

সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু যুবক কৃপেশ রায়ের বাড়িতে পুলিশের উপস্থিতিতে একদল লোক জড়ো হয়ে মব সৃষ্টি করেছে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে…

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au