ছাত্রলীগ নেতার পরিবারের পাঁচ সদস্য ও তিন বন্ধুসহ গ্রেপ্তার ৮
সুনামগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিবারের পাঁচ সদস্য এবং তাঁর তিন বন্ধুসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অভিযোগ, হাসপাতাল থেকে ওই ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থী দেবেন, নলা নিয়ে বাড়ি যেতে পারবেন না।’
গতকাল শনিবার দুপুরে নাঙ্গলকোটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই যুব সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী বাছাই করা হবে সংসদ সদস্যের দায়িত্বে। তবে এ ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হবে না। সংশ্লিষ্ট ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করেই প্রার্থী ঠিক করা হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না। দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আজ রোববার বিকেলে প্রথম আলোকে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দলের শৃঙ্খলা নষ্ট করে বিদ্রোহী প্রার্থী দেওয়ার বিষয়ে নেতা-কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে, তাঁদের উদ্দেশ্য করেই তিনি ওই মন্তব্য করেছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থনের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল-সমর্থিত প্রার্থীর বিজয় কঠিন হয়ে পড়ে। এ কারণে নির্বাচনী এলাকার নাঙ্গলকোট ও লালমাই উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে দল-সমর্থিত প্রার্থী ঠিক করা হবে।
সংসদ সদস্য আরও বলেন, তিনি এককভাবে কাউকে মনোনয়ন দেওয়ার কথা বলেননি।
শনিবারের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমদ সালেহ, যুবদল নেতা নাসির উদ্দিন, জেলা জিয়া স্মৃতি সংসদের সভাপতি হামিদুল হক ভূঁইয়া, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au