বেনাপোল সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে ফেরার আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা দিয়েছে।
সীমান্তের নিরাপত্তায় রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অন্যদিকে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ঠেকানোর কথা বলে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত থেকে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাঁদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।
নেতাকর্মীরা জানান, সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় রাতভর পাহারা অব্যাহত রাখবেন। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে সীমান্ত দিয়ে কোনো ধরনের তৎপরতা চালাতে না পারেন, সে জন্য তাঁদের এই অবস্থান।
এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। তাঁর নেতৃত্বে আয়োজিত মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।
এদিকে সীমান্তের নিরাপত্তায় বিজিবির ৪৯ ব্যাটালিয়নের তৎপরতাও বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে আধুনিক সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। এক স্থান থেকে অন্য স্থানে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়লেও তাঁর দেশে ফেরার নির্দিষ্ট তারিখের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে গুঞ্জনকে কেন্দ্র করে বিএনপির এই পাহারা এবং বিজিবির বাড়তি সতর্কতা ঘিরে বেনাপোল সীমান্তে তৈরি হয়েছে বিশেষ পরিস্থিতি।