বাংলাদেশ

পাঁচ দিনের ব্যবধানে ডাকসুর তিন নেতার বাড়িতে হামলা-আগুন, এরপর কে?

  • 12:35 pm - November 24, 2026
  • পঠিত হয়েছে:১৮ বার
ডাকসুর ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়া হয়। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তিন নেতার গ্রামের বাড়িতে ধারাবাহিক হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে গোপালগঞ্জ, খাগড়াছড়ি ও ময়মনসিংহে এসব ঘটনা ঘটে।

সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এর আগে ডাকসুর ভিপি সাদিক কায়েম ও সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরপর এসব ঘটনায় ডাকসু নেতাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, ডাকসুর নেতাদের গ্রামের বাড়ি কি পরিকল্পিতভাবে টার্গেট করা হচ্ছে, নাকি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রকাশ পাচ্ছে? পরবর্তী লক্ষ্য কে—তা নিয়েও অন্যদের মধ্যে আতঙ্ক চলছে।

মুসাদ্দিকের বাড়িতে হামলা

ঘটনার শুরু গত ১৯ নভেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে। ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে দুই দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে। হামলায় বাড়ির একাংশ পুড়ে যায়। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য ফারুক খানের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।

ভিপি সাদিকের বাড়িতে পেট্রলবোমা

মুসাদ্দিকের বাড়িতে হামলার তিন দিনের মাথায় ২২ নভেম্বর খাগড়াছড়িতে ডাকসুর ভিপি সাদিক কায়েমের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা হয়। রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি পৌরসভার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই সময় বাড়িতে সাদিকের বাবা-মা ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় মামলাও হয়েছে।

ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন ও তাঁর ছবি। ছবি: সংগৃহীত

সর্বশেষ টার্গেট মিনহাজের বাড়ি

এরপর সোমবার ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। মিনহাজ ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করেছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বাড়ির দেয়ালে কে বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি।

পরপর হামলা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

তিনটি ঘটনা ভিন্ন ভিন্ন জেলায় এবং স্বল্প সময়ের ব্যবধানে ঘটেছে। তিন নেতারই রাজনৈতিক পরিচয় ডাকসুর সঙ্গে যুক্ত। ফলে ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও ধারাবাহিকতার কারণে এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখার দাবি উঠছে।

বিশেষ করে নেতাদের বাড়িতে হামলার সময় পরিবারের সদস্যদের উপস্থিতি পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট, সাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ এবং মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ—প্রতিটি ঘটনায় হামলার ধরন ও পরিস্থিতি আলাদা।

এসব ঘটনার পেছনে একই পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

 

এই শাখার আরও খবর

অস্ট্রেলিয়ার মূলধারার সংবাদমাধ্যমে জামায়াত আমির শফিকুর রহমান: কিভাবে পেলেন ভিসা?

ওটিএন বাংলা | অস্ট্রেলিয়া প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর দেশটির মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা ও…

আওয়ামী লীগকে ঠেকাতে বেনাপোল সীমান্তে বিএনপির রাতভর পাহারা

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে তাঁকে বাংলাদেশে ফেরার আহ্বান ঘিরে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি…

নিয়ন্ত্রণে নেই ইমরান খানের রক্তচাপ, যেকোনো মুহূর্তে বড় বিপদের আশঙ্কা চিকিৎসকের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগলেও বর্তমানে তাঁর রক্তচাপ…

ন্যূনতম মজুরি ১৫ হাজার ৩০০ টাকা করতে চায় মালিকপক্ষ, অযৌক্তিক বললেন শ্রমিক নেতারা

পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিলেও তা প্রকাশ…

বাংলাদেশের পথে আসা ৪০৫ টন বিষ্ফোরকের শেষ গন্তব্য কোথায় ছিল?

ইন্দোনেশিয়ার বেলাওয়ান বন্দরের কাছে আটক কমোরোসের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ এমভি স্টার লাইনের চালান ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। জাহাজটিতে পাওয়া ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং…

ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

২০১৮ সালে দায়ের করা একটি মানহানির মামলায় জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au