বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর কোনো অবস্থান নেই: ইইউ রাষ্ট্রদূত

  • 2:56 am - November 24, 2026
  • পঠিত হয়েছে:২৪ বার
জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক সহিংসতা বর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ এবং ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কতটা এগিয়ে নেওয়া হবে, তা নির্ধারণে এ পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মাইকেল মিলার।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইইউর অবস্থান জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে সংস্থাটির কোনো অবস্থান নেই। অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া পদক্ষেপ এবং বর্তমানে চলমান কার্যক্রম ইইউ পর্যবেক্ষণ করছে। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আর দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।

মাইকেল মিলার বলেন, অতীতে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, সেগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা, সহিংসতা বর্জন এবং জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখা প্রয়োজন।

তিনি জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন সংস্কার কমিশনের সঙ্গে কাজ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ওই সময় সংস্কার নিয়ে বেশ কিছু ভালো প্রস্তাব ও ধারণা উঠে এসেছিল। সেসব প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ইইউ।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূত বলেন, বিষয়টি ইউরোপীয় ইউনিয়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ এবং সেই সম্পর্ক কতটা এগিয়ে নেওয়া হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানবাধিকার সুরক্ষা চাপের মুখে পড়লে বিষয়টি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, ইইউর সদস্য দেশগুলো এবং সংস্থাটির সদর দপ্তরে আলোচনায় আসে।

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যোগাযোগ অব্যাহত রয়েছে। মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখনো নিখুঁত নয়, তাই এ ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে।

গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার আহ্বান

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বর্তমানে পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এ সময়ে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা প্রয়োজন।

দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তবে গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়টি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বলে আলোচনায় উঠে আসে।

এলডিসি উত্তরণের পর বাণিজ্যিক চ্যালেঞ্জের আশঙ্কা

বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন মাইকেল মিলার। তিনি বলেন, তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের সুবিধা নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে। তবে দেশের জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়তে পারে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বর্তমান প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএর ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে। এতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে চাপ তৈরি হতে পারে।

এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের পরামর্শ দেন তিনি। তাঁর মতে, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ, তৈরি পোশাক খাতে বৃত্তাকার অর্থনীতির চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি।

মাইকেল মিলার বলেন, এসব পরিবর্তন রাতারাতি সম্ভব নয়। পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং বাস্তবায়নে কয়েক বছর সময় লাগবে। তাই ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের এখনই আলোচনা শুরু করা প্রয়োজন।

বাংলাদেশের সঙ্গে দাতা–গ্রহীতা সম্পর্কের পরিবর্তে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে চায় ইইউ। রাষ্ট্রদূত বলেন, এলডিসি উত্তরণ প্রক্রিয়া যেন মসৃণ ও পূর্বানুমেয় হয়, সে জন্য সরকার, বেসরকারি খাত এবং সুশীল সমাজের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। দুই পক্ষের সম্পর্কে কিছু চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনা অনেক বেশি।

বাংলাদেশে নিজের দায়িত্ব পালনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান মাইকেল মিলার। তিনি বলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের আরও বিকাশে তাঁর আগ্রহের প্রতিফলন ঘটেছে।

জুনে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী বছরের জুনে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাসেলস সফর করবেন বলে জানিয়েছেন মাইকেল মিলার। তিনি বলেন, আগামী জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ ও ৮ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নেবেন এবং সেখানে বক্তব্য দেবেন। বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ হতে পারে।

ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস। অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, বাণিজ্যিক সম্পর্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এই শাখার আরও খবর

ডাকসু নেতা মিনহাজের গ্রামের বাড়িতে আগুন, আতঙ্কে পরিবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে…

আবারও এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে আবারও ফিরেছেন কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। সোমবার রাতে কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত…

পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি, পাঁচজন গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।…

অস্ট্রেলিয়ার ২৫ সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ করছে গুগল

অস্ট্রেলিয়ার ২৫টি সংবাদমাধ্যমের সঙ্গে করা বাণিজ্যিক চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। আগামী ৩১ ডিসেম্বর থেকে এসব সংবাদমাধ্যমে অর্থায়ন বন্ধ হয়ে যাবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী…

গোপালগঞ্জে বিজিবির অভিযান ঘিরে উত্তেজনা, দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর বাধা

গোপালগঞ্জ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মধ্যরাতে শতাধিক বিজিবি সদস্যের অভিযানের খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের…

পোলট্রি খামারের আড়ালে বোমার আস্তানা, মাটির নিচে মিলল ১১টি আইইডি

পোলট্রি খামার গড়ার কথা বলে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেই বাড়ির উঠানের মাটির নিচেই লুকিয়ে রাখা হয়েছিল ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। প্রায় দুই মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au