আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগের মধ্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়েও দৃশ্যমান অগ্রগতি না থাকায় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এই পরিস্থিতি নিয়ে বিশ্লেষণধর্মী একটি নিবন্ধ প্রকাশ করেছেন অমল সরকার। ২৩ নভেম্বর প্রকাশিত ওই নিবন্ধে তিনি উল্লেখ করেছেন, কয়েক মাস আগেও ধারণা করা হয়েছিল, নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগেও গত আগস্টে তাঁর ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে শেখ হাসিনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতবিরোধের জেরে শেষ মুহূর্তে সেই সফর বাতিল হয় বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
অমল সরকারের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তারেক রহমানের নয়াদিল্লি সফরের সম্ভাবনা কম। অথচ দায়িত্ব গ্রহণের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সপরিবারে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি অংশ নেন। ওই অনুষ্ঠানে বিক্রম মিস্রি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা আমন্ত্রণপত্র তারেক রহমানের হাতে তুলে দেন।
এরপর অনেকের ধারণা ছিল, ভারতের আমন্ত্রণের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম বিদেশ সফরগুলোর একটি হিসেবে নয়াদিল্লিকে বেছে নেবেন। কিন্তু তিনি প্রথমে মালয়েশিয়া, পরে চীন এবং সম্প্রতি জাপান সফর করেছেন। এ ছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কেও গিয়েছেন। তবে ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি।
নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের নতুন সমীকরণ
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের তুলনায় প্রতিবেশী নেপালের সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অমল সরকার। তাঁর নিবন্ধে বলা হয়েছে, তারেক রহমান ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রায় একই ধরনের রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন। দুই দেশেই তরুণ প্রজন্মের আন্দোলনের পর আগের সরকারের পতন ঘটে এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব ক্ষমতায় আসে।
তবে দুই নেতার রাজনৈতিক ভূমিকার মধ্যে পার্থক্য রয়েছে। নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সময় তারেক রহমান সরাসরি আন্দোলনের সামনের সারিতে ছিলেন না। অন্যদিকে নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনে বালেন্দ্র শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে নতুন রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে জয়ী হয়ে সরকারপ্রধান হন তিনি।
বালেন্দ্র শাহের রাজনৈতিক অবস্থান নিয়েও নিবন্ধে আলোচনা করা হয়েছে। ক্ষমতায় আসার পর প্রথম দিকে ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে তাঁর বক্তব্যে কঠোর অবস্থান দেখা গিয়েছিল। বিশেষ করে লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে নেপালের দাবির বিষয়ে তিনি সংসদে ভারতের সঙ্গে বিরোধের ইঙ্গিত দেন। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়েও প্রথম দিকে তাঁর অনাগ্রহের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সেই বালেন্দ্র শাহই নভেম্বর মাসে তিন দিনের সফরে ভারত গিয়েছেন। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে বন্যার পর নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেয় নয়াদিল্লি।
অমল সরকারের বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক বন্যার পর নেপালের কাছে ভারতের সহযোগিতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। একই সময়ে চীনের সঙ্গে নেপালের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে। নিবন্ধে অভিযোগ করা হয়েছে, চীনের বাঁধ থেকে পানি ছাড়ার বিষয়ে আগাম তথ্য না পাওয়ায় বন্যার সময় নেপালের ক্ষয়ক্ষতি বেড়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছিলেন।
নেপাল দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। দেশটির ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের কারণে ভারত, চীন ও পাকিস্তানের প্রভাব বিস্তারের বিষয়টিও আঞ্চলিক রাজনীতিতে আলোচিত। এসব জটিলতার মধ্যেও নেপালের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের সাম্প্রতিক উদ্যোগকে ‘প্রতিবেশী প্রথম’ নীতির অংশ হিসেবে দেখেছেন নিবন্ধকার।
ভুটানের জন্য অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তা
নেপালের পাশাপাশি ভুটানের সঙ্গেও ভারতের সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে নিবন্ধে। চলতি নভেম্বর মাসে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে তিন দিনের সফরে নয়াদিল্লি যান। সফরে ভুটানের ত্রয়োদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ১০ হাজার কোটি টাকা অর্থায়ন এবং দেশটির অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয় ভারত।
এ ছাড়া নতুন জ্বালানি ও অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চার হাজার কোটি টাকার সহজ শর্তের ঋণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ভুটানের পরিবেশবান্ধব নগরী ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তিগত ও অবকাঠামোগত সহায়তা দেওয়ার বিষয়েও ভারতের সহযোগিতার কথা উল্লেখ করা হয়েছে।
ভুটানের সঙ্গে নাগরিক যোগাযোগ, বিনিয়োগ ও পর্যটন বাড়ানোর লক্ষ্যে আসামের হাতিসরে নতুন অভিবাসন তল্লাশিচৌকি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও নিবন্ধে জানানো হয়েছে। পাশাপাশি আসাম ও উত্তরবঙ্গের সঙ্গে ভুটানের রেল যোগাযোগ স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে।
ভুটানের সঙ্গে চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বেইজিংয়ের সঙ্গে থিম্পুর যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়ছে। বিষয়টি নয়াদিল্লির জন্য গুরুত্বপূর্ণ। তবে ভুটানের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পর ভারত-ভুটান সম্পর্ক আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে বিশ্লেষণে বলা হয়েছে।
মালদ্বীপের ভারতবিরোধী অবস্থান থেকে সম্পর্ক পুনর্গঠন
মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের সাম্প্রতিক পরিবর্তনও নিবন্ধে গুরুত্ব পেয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ‘ইন্ডিয়া আউট’ প্রচারের মাধ্যমে ক্ষমতায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি দেশটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেন।
এ সময় মালদ্বীপ সরকারের কয়েকজন মন্ত্রীর ভারতবিরোধী বক্তব্য এবং দুই দেশের মধ্যে যৌথ জলজ জরিপ চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত সম্পর্কের টানাপোড়েন বাড়ায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর নিয়েও মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর বিতর্কিত মন্তব্য দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করে। এর জেরে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট মালদ্বীপ’ প্রচার শুরু হয়।
মুইজ্জু ক্ষমতায় আসার পর প্রথম বিদেশ সফরে ভারত না গিয়ে তুরস্ক ও চীন সফর করেন। তবে পরে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। ২০২৪ সালের জুনে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন তিনি। একই বছরের ৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর করেন।
ওই সফরে মালদ্বীপকে অর্থনৈতিক, অবকাঠামোগত, ডিজিটাল ও বাণিজ্যিক খাতে সহযোগিতার ঘোষণা দেয় ভারত। এর মধ্যে ছিল ১০ কোটি মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তা, গ্রেটার মালে কানেক্টিভিটি প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং থিলাফুশি ও গিরাভারু দ্বীপের মধ্যে যোগাযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই।
এ ছাড়া দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, বিনিয়োগ বৃদ্ধি এবং পর্যটন খাতে সহযোগিতার বিষয়েও আশ্বাস দেওয়া হয়। মালদ্বীপে ভারতের একীভূত অর্থপ্রদানের ব্যবস্থা বা ইউপিআই, ডিজিটাল পরিচয়পত্র, গতি শক্তি প্রকল্পসহ বিভিন্ন ডিজিটাল অবকাঠামো চালুর বিষয়েও সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়।
অমল সরকারের বিশ্লেষণে বলা হয়েছে, মালদ্বীপের অর্থনীতিতে ভারতীয় পর্যটকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় পর্যটক দেশটিতে ভ্রমণ করেন। ফলে দুই দেশের সম্পর্কের অবনতি মালদ্বীপের পর্যটন ও অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। নিবন্ধকারের মতে, পরবর্তী সময়ে মুইজ্জু সরকারের ভারত সফর এবং সহযোগিতার বিভিন্ন উদ্যোগ দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে ভূমিকা রেখেছে।
শ্রীলঙ্কার সঙ্গে সহযোগিতার ভিত্তি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে ভারতের সম্পর্ককেও ইতিবাচক উদাহরণ হিসেবে তুলে ধরেছেন নিবন্ধকার। ২০২২ সালে অর্থনৈতিক সংকট ও গণবিক্ষোভের পর শ্রীলঙ্কায় রাজনৈতিক পরিবর্তন ঘটে। পরে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন দিসানায়েকে। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বিদেশ সফরের জন্য তিনি ভারতকে বেছে নেন।
দিসানায়েকের দল জনতা বিমুক্তি পেরামুনা বা জেভিপির অতীতে বামপন্থী ও ভারতবিরোধী অবস্থান থাকলেও নতুন সরকার ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছে। একই সঙ্গে শ্রীলঙ্কার ভূখণ্ড ভারতের স্বার্থের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বাস দিয়েছেন দিসানায়েকে। ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপরও জোর দিয়েছেন তিনি।
দিসানায়েক ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কলম্বো সফর করেন। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিল্লি সফরে গিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতি এবং ‘মহাসাগর’ ভাবনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে শ্রীলঙ্কাকে বিবেচনা করা হচ্ছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারতের সহায়তার বিষয়টিও বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। সে সময় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও জ্বালানি ঘাটতি তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবিলায় ভারত প্রায় ৪০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেয়। এর মধ্যে ছিল ঋণসুবিধা, জ্বালানি আমদানির জন্য ৫০ কোটি মার্কিন ডলার এবং খাদ্য, ওষুধসহ জরুরি পণ্য কেনার জন্য ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ।
এ ছাড়া ভারতীয় রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ৪০ কোটি মার্কিন ডলারের মুদ্রা বিনিময় সুবিধা দেওয়া হয়। সংকটের সময় জ্বালানি, চাল, গম, গুঁড়া দুধ, রান্নার গ্যাস, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহের পাশাপাশি কৃষি উৎপাদন সচল রাখতে ৬৫ হাজার মেট্রিক টন ইউরিয়া পাঠায় ভারত।
নিবন্ধকারের মতে, সংকটের সময় ভারতের এই সহযোগিতা শ্রীলঙ্কার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের ভিত্তি আরও শক্ত করেছে।
আফগানিস্তান ও মিয়ানমার নিয়েও ভারতের কৌশলগত যোগাযোগ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের আলোচনায় আফগানিস্তান ও মিয়ানমারের প্রসঙ্গও এসেছে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের সদস্য দেশগুলোর মধ্যে আফগানিস্তানের সঙ্গে ভারতের সরাসরি স্থলসীমান্ত নেই। তবে কাশ্মীরের গিলগিট-বালতিস্তান অঞ্চল নিয়ে ভারত ও আফগানিস্তানের ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের দাবি রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ভারত। তৃতীয় দেশে একাধিক বৈঠকের পর কয়েক মাস আগে আফগানিস্তানের একজন মন্ত্রী নয়াদিল্লি সফর করেন। নিবন্ধকারের মতে, আফগানিস্তানের সঙ্গে ভারতের এই যোগাযোগ পাকিস্তানের জন্য কৌশলগত ও কূটনৈতিক চাপ তৈরি করছে।
অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক এখনো সীমিত পর্যায়ে রয়েছে। ভারতের অভ্যন্তরে জঙ্গি হামলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। নিবন্ধে বলা হয়েছে, ২০১৮ সালে পাকিস্তানি জঙ্গিদের একাধিক হামলার পরিপ্রেক্ষিতে ভারত সার্কের শীর্ষ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নেয়। এরপর থেকে সংস্থাটির শীর্ষ সম্মেলন আর অনুষ্ঠিত হয়নি এবং নয়াদিল্লি-ইসলামাবাদ সম্পর্কেও অগ্রগতি দেখা যায়নি।
মিয়ানমার সার্কের সদস্য না হলেও বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বা বিমসটেকের গুরুত্বপূর্ণ সদস্য। দেশটিতে রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ থাকলেও চীনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে ভারত। নিবন্ধে বলা হয়েছে, দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম মাসেই নয়াদিল্লি সফর করেন।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে অনিশ্চয়তা
ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগের বিপরীতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ধীরগতির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন অমল সরকার। তাঁর নিবন্ধ অনুযায়ী, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিভিন্নভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। নয়াদিল্লি মনে করে, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে।
ভারতের কূটনৈতিক মহল থেকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিতর্কিত বিষয়েও ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে সেই উদ্যোগে প্রত্যাশিত সাড়া পাওয়া যায়নি বলে লেখকের পর্যবেক্ষণ।
দুই দেশের মধ্যে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গার পানি বণ্টন চুক্তি। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। নিবন্ধে দাবি করা হয়েছে, চুক্তি নবায়নের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে এখনো উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি।
লেখকের মতে, চুক্তি নবায়ন নিয়ে আলোচনা ও দরকষাকষির মাধ্যমে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি বাড়তি সুবিধা আদায়ের চেষ্টা করতে পারত। তবে এ বিষয়ে অগ্রগতি না থাকায় বাংলাদেশের ভেতরেও প্রশ্ন উঠেছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরদিন থেকেই ভারত গঙ্গার পানি সরবরাহ বন্ধ করে দেবে, এমন নয়। কিন্তু নতুন চুক্তি বা সমঝোতার বিষয়ে দুই দেশের আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে।
গঙ্গার পানি বণ্টনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৬টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়েও আলোচনা ধীরগতিতে এগোচ্ছে বলে নিবন্ধে বলা হয়েছে। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত, বাণিজ্য ও নিরাপত্তার মতো বিষয়গুলোও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
‘সবার আগে বাংলাদেশ’ নীতি নিয়ে প্রশ্ন
ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ঘোষিত পররাষ্ট্রনীতির পরিবর্তন নিয়েও আলোচনা করেছেন নিবন্ধকার। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভিন্ন সরকার ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণের কথা বলে এসেছে। তবে তারেক রহমানের সরকার ‘সবার আগে বাংলাদেশ’ নীতির কথা ঘোষণা করেছে।
অমল সরকারের বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের তিন দিকেই ভারতের সীমান্ত রয়েছে। ফলে প্রতিবেশী এই দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হলে তার প্রভাব শুধু কূটনীতিতে সীমাবদ্ধ থাকবে না। বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, পানিসম্পদ ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে।
নিবন্ধে আরও বলা হয়েছে, বাংলাদেশে ভারতবিরোধী বক্তব্য ও মনোভাবের প্রেক্ষাপটে ভারতের ভেতরেও একাংশের মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বাংলাদেশে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করার দাবিও উঠেছে। তবে নয়াদিল্লি এখন পর্যন্ত এ ধরনের কঠোর পদক্ষেপের কোনো ইঙ্গিত দেয়নি।
লেখক নিজেও বাংলাদেশের সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমন কোনো পদক্ষেপের পক্ষে নন বলে নিবন্ধে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ভারতের মানুষের অবদান ও সম্পর্ক জড়িয়ে রয়েছে। তাই দুই দেশের সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় রেখে সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
নিবন্ধের শেষাংশে অমল সরকার উল্লেখ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানের নাম সরাসরি উল্লেখ না করলেও বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন। নয়াদিল্লিও বিভিন্ন সময়ে দুই দেশের সহযোগিতার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। তবে তারেক রহমানের ভারত সফর অনিশ্চিত থাকা এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলোতে অগ্রগতি না হওয়ায় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
লেখকের মূল্যায়ন, ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়লেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব তৈরি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নির্ভর করবে ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনা, পারস্পরিক আস্থা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দুই সরকারের উদ্যোগের ওপর।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au