আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে পড়েছে। দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের সংগঠনগুলোর আপত্তির পর এবার জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দল ওয়ান নেশন পার্টি ও ফ্যামিলি ফার্স্ট পার্টি। শফিকুর রহমানের ভিসা বাতিলের পাশাপাশি তাঁকে আমন্ত্রণ জানানো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের (এএনআইসি) ভূমিকা তদন্তের দাবিও উঠেছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে শফিকুর রহমানের অতীত বক্তব্য, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা। এসব বিষয় সামনে এনে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিরা প্রশ্ন তুলেছেন, ভিসা অনুমোদনের আগে তাঁর অতীত বক্তব্য ও কর্মকাণ্ড যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না। একই সঙ্গে অস্ট্রেলিয়ার অভিবাসন ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ওয়ান নেশন পার্টির ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরের বিরোধিতা করা হয়। পোস্টে বলা হয়, ‘কোনো অবস্থাতেই এই বিদ্বেষপূর্ণ ব্যক্তিকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’
পোস্টের সঙ্গে অস্ট্রেলিয়ার জাতীয় দৈনিক দ্য অস্ট্রেলিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামসংবলিত গ্রাফিকসও যুক্ত করে দলটি। সেখানে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করার অভিযোগকে কেন্দ্র করে শফিকুর রহমানের সিডনি সফর নিয়ে ক্ষোভের বিষয়টি তুলে ধরা হয়।
একই দিন ফ্যামিলি ফার্স্ট পার্টির জাতীয় পরিচালক এবং নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের উচ্চকক্ষের প্রার্থী লাইল শেলটন জামায়াত আমিরকে আমন্ত্রণ জানানোর বিষয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের কাছে ব্যাখ্যা দাবি করেন।
শেলটনের অভিযোগ, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসাকারী এবং সহিংসতার ইতিহাস রয়েছে বলে অভিযোগ ওঠা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে আতিথেয়তা দিয়ে ইমামস কাউন্সিল কী বার্তা দিতে চেয়েছে, তা অস্ট্রেলিয়ার জনগণের জানা প্রয়োজন। তাঁর মতে, এ বিষয়ে কাউন্সিলের অবস্থান স্পষ্ট করা উচিত।
এএনআইসির ভূমিকা খতিয়ে দেখতে ইহুদিবিদ্বেষবিষয়ক রয়্যাল কমিশনের তদন্ত পুনরায় চালুর দাবিও জানিয়েছেন শেলটন। একই সঙ্গে ইমামস কাউন্সিলের প্রতিনিধিদের কমিশনে হাজির করে শপথের অধীনে জিজ্ঞাসাবাদের আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে সোমবার অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন ও অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন যৌথ বিবৃতিতে জামায়াত আমিরকে ভিসা দেওয়ার বিষয়ে আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যা দাবি করে। বিবৃতিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর স্বাধীনতাবিরোধী ভূমিকা, যুদ্ধাপরাধে দণ্ডিত দলটির সাবেক নেতাদের বিষয়ে শফিকুর রহমানের বক্তব্য এবং হামাস নেতাদের প্রশংসা করার অভিযোগ তুলে ধরা হয়।
সংগঠন দুটি প্রশ্ন তোলে, ইসরায়েলের সাবেক মন্ত্রী আয়েলেত শাকেদকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি না দেওয়া এবং দেশটির সংসদ সদস্য সিমচা রথম্যানের ভিসা বাতিলের নজির থাকার পরও শফিকুর রহমানের ক্ষেত্রে কেন একই ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়নি। জামায়াত আমিরের সঙ্গে অস্ট্রেলিয়া সরকারের কোনো প্রতিনিধি বৈঠক করেছেন কি না, সেটিও প্রকাশের দাবি জানায় তারা।
ভিসা বিতর্কে অস্ট্রেলিয়ার অভিবাসন বিশেষজ্ঞদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। দেশটির নিবন্ধিত অভিবাসন পরামর্শক ও আইন গবেষক রেমন্ড সালোমন স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে শফিকুর রহমানের ভিসা বাতিলের দাবি জানিয়েছেন।
সোমবার অস্ট্রেলিয়ার কোয়াড্রান্ট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে সালোমন দেশটির অভিবাসন আইনের ১৩৩সি(৩) ও ৫০১(৩) ধারায় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা প্রয়োগের আহ্বান জানান। তাঁর বক্তব্য, এসব আইনি বিধানের আওতায় মন্ত্রী ভিসা বাতিলের ক্ষমতা প্রয়োগের বিষয়টি বিবেচনা করতে পারেন।
বাংলাদেশের ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিলের নজির উল্লেখ করে সালোমন প্রশ্ন তোলেন, শফিকুর রহমান কীভাবে অস্ট্রেলিয়ার ভিসা যাচাই প্রক্রিয়া পার হলেন। তাঁর মতে, ভিসা অনুমোদনের ক্ষেত্রে একই ধরনের মানদণ্ড অনুসরণ করা হয়েছে কি না, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
শফিকুর রহমানকে কোন শ্রেণির ভিসা দেওয়া হয়েছে, কে তাঁর ভিসা অনুমোদন করেছেন, তাঁর অতীত বক্তব্য পর্যালোচনা করা হয়েছিল কি না এবং আবেদনটি বিশেষ নিরাপত্তা যাচাইয়ের আওতায় আনা হয়েছিল কি না, এসব তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন সালোমন। পাশাপাশি আগামী সিনেট এস্টিমেটস শুনানিতে বিষয়টি উত্থাপনের জন্য অস্ট্রেলিয়ার বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে জামায়াত আমিরের ভিসা অনুমোদনের আগে তাঁর অতীত বক্তব্য ও কর্মকাণ্ড যাচাই করা হয়েছিল কি না, তা জানতে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য অস্ট্রেলিয়ান। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে সরকার এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানায়।
সরকারের একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানান, অস্ট্রেলিয়ার ভিসা আবেদনকারীদের স্বাস্থ্য, চারিত্রিক যোগ্যতা ও নিরাপত্তাসংক্রান্ত প্রযোজ্য শর্ত পূরণ করতে হয়। তবে শফিকুর রহমানের ক্ষেত্রে কী ধরনের যাচাই করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
শফিকুর রহমান গত ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান। পরদিন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন তিনি। এরপর সিডনির ব্যাংকসটাউন ও ক্যাম্পবেলটাউন এবং অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন।
তবে তাঁর ভিসা অনুমোদন নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হওয়ার মধ্যে পূর্বনির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করেন জামায়াত আমির। মঙ্গলবার বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন তিনি।
শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর শেষ হলেও তাঁর ভিসা অনুমোদন নিয়ে বিতর্ক থামেনি। বরং রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের বক্তব্যে এখন অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া, নিরাপত্তা যাচাইয়ের মানদণ্ড এবং অতিথি নির্বাচন নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াত আমির, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল কিংবা অস্ট্রেলিয়া সরকারের বিস্তারিত বক্তব্য প্রতিবেদনে উল্লেখ নেই।
সূত্রঃ কালের কণ্ঠ
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au