বাংলাদেশ

পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলেছিল রেস্টুরেন্ট, তিন ঘণ্টার মধ্যে গুলি

  • 3:30 am - November 25, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। ছবিঃ সংগৃহীত

খুলনা নগরীতে চাঁদা দাবি ও হত্যার হুমকির পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলে দেওয়া একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এর আগে একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটেছে। এক দিনে তিনটি পৃথক গুলির ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পালংকি রেস্টুরেন্টে চাঁদা দাবির হুমকির পর সোমবার রাতে সেটি বন্ধ করে দেন মালিকপক্ষ। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ সেখানে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি আবার চালু করা হয়। তবে পুলিশের আশ্বাসের কয়েক ঘণ্টার মধ্যেই গুলির ঘটনা ঘটায় বিকেলে আবারও রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির দুই কর্মচারী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই ‘হানাজালা’ পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। এ নিয়ে মালিকপক্ষ রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিল। কিন্তু সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এতে আতঙ্কিত হয়ে মালিকপক্ষ রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেয়। মঙ্গলবার সকালেও সেটি খোলা হয়নি।

বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল রেস্টুরেন্টে যায়। তারা মালিকপক্ষকে নিরাপত্তার আশ্বাস দেয়। পাশাপাশি আশপাশে পুলিশের একটি টহল গাড়িও মোতায়েন করা হয়। বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অভিযান শুরু করেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

একই দিন নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

এ বিষয়ে টুটুল নিজে কথা বলতে চাননি। তাঁর এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে ‘নুরাজিম বাহিনী’র ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুর্বৃত্তরা তাঁর শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে প্রবেশ না করলেও জানালার কাচ ভেঙে যায়।

লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। কেউ ঘটনাটি দেখেছেন বলেও তথ্য পাওয়া যায়নি। এ কারণে কারা বা কতজন এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া যায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত থাকেন।

সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের চিত্র উঠে এসেছে সাম্প্রতিক অপরাধের পরিসংখ্যানেও। দেওয়া তথ্য অনুযায়ী, গত সাড়ে ১০ মাসে নগরীতে ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ছাড়া চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

একই দিনে তিনটি পৃথক স্থানে গুলির ঘটনা, চাঁদা দাবির অভিযোগ এবং হত্যার হুমকির পরও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে পুলিশের নিরাপত্তার আশ্বাসে চালু হওয়া রেস্টুরেন্টেই কয়েক ঘণ্টার মধ্যে গুলি ছোড়ার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।

এই শাখার আরও খবর

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার

আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…

কোনো কারণ উল্লেখ না করে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার…

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে আব্দুল হালিম নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ…

জামায়াত আমিরের ভিসা বিতর্কে চাপে আলবানিজ সরকার, বাতিল ও তদন্তের দাবিতে তোলপাড় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের…

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য…

মেলবোর্নের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার সংকট: গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার আহ্বান ও বিশ্বজনমত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশের অভ্যন্তরে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au