বাংলাদেশ

নিজের ব্যর্থতা আড়াল করতেই কি ভারতের দিকে অভিযোগের তীর তারেকের?

দেশের আইনশৃঙ্খলা, অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাপের মুখে ভারতকে সামনে এনে সরকারের ব্যর্থতা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এমন বিশ্লেষণ প্রকাশ করেছে ‘দ্য ডিপ্লোম্যাট’।

  • 4:52 pm - November 24, 2026
  • পঠিত হয়েছে:৭০ বার
তারেক রহমান।ছবি : সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের চলমান অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সরকারের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতেই তিনি প্রতিবেশী দেশটিকে আলোচনার কেন্দ্রে আনছেন বলে বিশ্লেষণ করেছে আন্তর্জাতিক সাময়িকী ‘দ্য ডিপ্লোম্যাট’। ২৩ নভেম্বর প্রকাশিত এক নিবন্ধে লেখক সুধা রামচন্দ্রন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন তুলে ধরেছেন।

নিবন্ধে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলায় এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি চলমান সহিংসতা ও অগ্নিসংযোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। একই সঙ্গে দলটির নেতারা ভারতে আশ্রয় নিয়েছেন উল্লেখ করে বলেন, সীমান্তের ওপারের দেশটি তাদের প্রভু। সেই প্রভুদের সন্তুষ্ট করতে তারা আবারও বাংলাদেশ ও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে নিবন্ধে এ বক্তব্য তুলে ধরা হয়।

তারেক রহমান সরাসরি ভারতের নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যের লক্ষ্য যে ভারত, তা স্পষ্ট বলে মনে করেন লেখক। বাংলাদেশের তিন দিক ঘিরে থাকা ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর আগে ১৮ নভেম্বর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও তারেক রহমান ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় ও সহযোগিতা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলেছিলেন বলে ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির বেশ কয়েকজন নেতা ভারতে অবস্থান করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের আগস্টে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দেশে ফেরার প্রস্তুতি হিসেবে চলতি মাসের শুরুতে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন। তবে তারেক রহমানের সরকার তাঁর সেই আবেদন প্রত্যাখ্যান করে। সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়। গত সপ্তাহে সেই কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতেই ভারতকে লক্ষ্য করে বক্তব্য দেন তারেক রহমান।

ভারত অবশ্য তারেক রহমানের বক্তব্যের সরাসরি জবাব দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথা জানিয়েছে নয়াদিল্লি।

নিবন্ধে বলা হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বেশ উষ্ণ ছিল। শেখ হাসিনার সরকারের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। অতীতে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কও সব সময় মসৃণ ছিল না। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নয়াদিল্লিতে কিছুটা আশাবাদ তৈরি হয়েছিল। ভারতের মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষক স্মৃতি পট্টনায়েক সে সময় মনে করেছিলেন, তারেক রহমান ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নতুন পথ তৈরি করতে পারেন।

কিন্তু দায়িত্ব নেওয়ার পর প্রায় নয় মাস পেরিয়ে গেলেও ঢাকা-দিল্লি সম্পর্কের দৃশ্যমান উন্নতি হয়নি। এ সময়ে তারেক রহমান মালয়েশিয়া, চীন ও জাপান সফর করেছেন। নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্কের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সফর করেননি তিনি।

‘দ্য ডিপ্লোম্যাট’-এর বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টির সঙ্গে ঢাকা-দিল্লি সম্পর্কের উন্নতি এবং তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করেছে বর্তমান সরকার। স্মৃতি পট্টনায়েকের মতে, তারেক রহমান সরকার শেখ হাসিনাকে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক নির্ধারণের কেন্দ্রীয় বিষয়ে পরিণত করেছে। অথচ শেখ হাসিনার বিষয়টি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আইনি সমস্যা।

 তারেক রহমান নিজ সরকারের ভেতরে থাকা ভারতবিরোধী ও আওয়ামী লীগবিরোধী কঠোর অবস্থানের ব্যক্তিদের পাশাপাশি বিরোধী দলগুলোর চাপের মুখে রয়েছেন। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক পক্ষও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার পক্ষে। অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে। তবে নয়াদিল্লি এ বিষয়ে এখনো ইতিবাচক সাড়া দেয়নি।

গত আগস্টে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের আয়োজন নিয়েও দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বাংলাদেশ সরকার তখন ভারতকে সতর্ক করে বলেছিল, এ ধরনের আয়োজন দ্বিপক্ষীয় সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরাসরি উপস্থিত না হয়ে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এরপরও ঢাকা ক্ষোভ প্রকাশ করে।

লেখক সুধা রামচন্দ্রনের বিশ্লেষণে, শেখ হাসিনাকে নিয়ে ভারতও এক ধরনের কূটনৈতিক জটিলতায় রয়েছে। তাঁকে ভারতে অবস্থানের সুযোগ দিলে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব আরও বাড়তে পারে। অন্যদিকে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠালে দীর্ঘদিনের মিত্রকে কঠিন পরিস্থিতির মুখে ফেলার বার্তা যেতে পারে। কারণ, দেশে ফিরলে শেখ হাসিনাকে কারাবন্দি করা হতে পারে, এমনকি তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কাও রয়েছে।

শেখ হাসিনাকে ঘিরে তারেক রহমান সরকারও রাজনৈতিক চাপের মধ্যে রয়েছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে। সরকার যদি তাঁর দেশে ফেরার বিষয়ে যথেষ্ট উদ্যোগ না নেয়, তাহলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মতো বিরোধী রাজনৈতিক শক্তি রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারে। এতে সরকারের ওপর চাপ আরও বাড়বে।

তবে শেখ হাসিনার দেশে ফেরা বিএনপির রাজনৈতিক অবস্থানের জন্যও নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করেন লেখক। তাঁর সমর্থক ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে শেখ হাসিনার ফিরে আসা নতুন উদ্দীপনা তৈরি করতে পারে। এতে দলটির রাজনৈতিক কার্যক্রম আবারও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে বিএনপির নির্বাচনী রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

সরকারের আনুষ্ঠানিক অবস্থান হলো, শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামী তাঁকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে রাজপথে কর্মসূচি দিতে পারে বলে নিবন্ধে বিশ্লেষণ করা হয়েছে। তবে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের মতো সিদ্ধান্ত নেওয়া তারেক রহমান সরকারের জন্য রাজনৈতিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ হবে, সেই প্রশ্নও তুলেছেন লেখক।

নিবন্ধে ভারতের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে আগ্রহী। বাংলাদেশের সরকার তাঁকে পাসপোর্ট দিলেই তিনি দেশে ফিরতে পারবেন বলে ভারতীয় কর্মকর্তারা মনে করেন। তাঁদের বক্তব্য, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়াই যথেষ্ট হতে পারে।

সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন লেখক। তাঁর বিশ্লেষণে, শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি নিয়ে সরব থাকলেও তারেক রহমান সরকার বাস্তবে তাঁর প্রত্যাবর্তন কতটা চায়, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিও সরকারের জন্য চাপ তৈরি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ধর্মভিত্তিক কট্টরপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘট এবং অর্থনৈতিক সংকট সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্পে অস্থিরতা অর্থনীতির ওপরও চাপ বাড়াচ্ছে।

‘দ্য ডিপ্লোম্যাট’-এর নিবন্ধে বলা হয়েছে, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি হলে জ্বালানি সংকটসহ বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের যে জটিলতা তৈরি হয়েছে, তাতে তারেক রহমান সরকারের কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সুত্রঃ ‘দ্য ডিপ্লোম্যাট’

এই শাখার আরও খবর

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার

আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…

কোনো কারণ উল্লেখ না করে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার…

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে আব্দুল হালিম নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ…

পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলেছিল রেস্টুরেন্ট, তিন ঘণ্টার মধ্যে গুলি

খুলনা নগরীতে চাঁদা দাবি ও হত্যার হুমকির পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলে দেওয়া একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা…

জামায়াত আমিরের ভিসা বিতর্কে চাপে আলবানিজ সরকার, বাতিল ও তদন্তের দাবিতে তোলপাড় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের…

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au