আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করবে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তদন্তে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস নামে দুই আসামির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানিয়েছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে প্রথম আলোকে এ তথ্য জানান মামলার তদারকি কর্মকর্তা ও রংপুর মহানগর ডিবির উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি বলেন, দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন বিশ্লেষণ এবং দীর্ঘ তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে তাঁদের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
সনাতন চক্রবর্তী জানান, মামলাটি ডিবির কাছে হস্তান্তরের প্রায় তিন মাসের মধ্যে অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগে তদন্তের বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করতে হয়। এ প্রক্রিয়ায় আদালত পুলিশেরও ভূমিকা রয়েছে। সব কার্যক্রম শেষ করে ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে।
নমুনায় দুই আসামির ডিএনএ
হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে পরীক্ষা করা হয়। ডিবির দাবি, পরীক্ষার প্রতিবেদনে কয়েকটি নমুনায় দুই আসামির ডিএনএ পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থলে পাওয়া খেজুরের বিচির নমুনায় মুগ্ধ দাসের এবং শসার টুকরায় সিদ্ধার্থ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে। এ ছাড়া বিড়ির শেষাংশে দুজনেরই ডিএনএ পাওয়া গেছে। নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় শুধু মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার পর দুই দফায় ঘটনাস্থল থেকে ৩১ ধরনের নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছিল। এসব নমুনার মধ্যে ছিল খেজুরের বিচি, শসার অংশবিশেষ, ফল কাটার ছুরি, মাদক সেবনের কাজে ব্যবহৃত ফয়েল, সিগারেটের শেষাংশ, বেসিনের দাগ এবং দুই আসামির রক্তের নমুনা।
জিন্নাত আলী বলেন, শুধু ডিএনএ পরীক্ষার প্রতিবেদন নয়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, গ্রেপ্তার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং সাক্ষীদের বক্তব্যও বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতেই সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে।
এ হত্যাকাণ্ডের পর পরিবারের দুই নারী সদস্য ধর্ষণের শিকার হয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ডিএনএ পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
চুরির উদ্দেশ্যে হত্যার দাবি পুলিশের
তদন্ত কর্মকর্তা জিন্নাত আলীর ভাষ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তী অবসরের পর পাওয়া ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রেখেছেন বলে খবর পেয়েছিলেন আসামিরা। এ ছাড়া বাড়িতে স্বর্ণালংকার রয়েছে বলেও তাঁদের ধারণা ছিল। মূলত চুরির উদ্দেশ্যেই তাঁরা ওই বাড়িতে প্রবেশ করেন।
পুলিশের দাবি, পাশের বাড়ির ছাদ ব্যবহার করে গণপতি চক্রবর্তীর বাড়িতে প্রবেশ করেন দুই আসামি। এরপর পরিবারের চার সদস্যকে একে একে হত্যা করেন তাঁরা।
যেভাবে সামনে আসে চার হত্যার ঘটনা
চলতি বছরের ২২ আগস্ট রাতে রংপুর নগরের মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একসঙ্গে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরদিন ২৩ আগস্ট গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। প্রথমে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জীকে। পরে ২৪ আগস্ট মামলাটির তদন্তভার গ্রহণ করে মহানগর ডিবি পুলিশ। এরপর থেকে মামলাটি তদন্ত করছেন ডিবির পরিদর্শক জিন্নাত আলী।
তদন্ত শেষে ৩০ নভেম্বরের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছে ডিবি। পুলিশের দাবি, ডিএনএ পরীক্ষার ফল, উদ্ধার হওয়া আলামত, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রস্তুত করা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au