আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
বিপ্লব উদ্যাপন করা সহজ, কিন্তু বিপ্লবের লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন। বাংলাদেশ এখন সেই কঠিন বাস্তবতার মুখোমুখি। শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটানো গণঅভ্যুত্থানের প্রায় দুই বছর পরও দেশটি কেবল ক্ষমতার লড়াইয়ে নয়, বরং রাজনৈতিক বৈধতার প্রশ্নেও গভীর সংকটের মধ্যে রয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনায় হামলা, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ, মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে পাল্টা সহিংসতা এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিগুলোর নতুন করে রাজপথে সক্রিয় হয়ে ওঠার ঘটনা একটি বড় বাস্তবতা সামনে এনেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশে কারা দেশ পরিচালনা করবে, সেই প্রশ্নের মীমাংসা করলেও কারা দেশ পরিচালনার অধিকার রাখে, সেই আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করতে পারেনি।
সাম্প্রতিক ঘটনাবলির প্রচলিত ব্যাখ্যায় বলা হচ্ছে, শেখ হাসিনার শাসনের শেষ বছরগুলোতে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী প্রবণতা, রাজনৈতিক স্বাধীনতার সংকোচন, সুশাসনের ঘাটতি, জবাবদিহির অভাব এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই জনঅসন্তোষ তৈরি হয়েছিল। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন এসব অভিযোগকে কেন্দ্র করে গতি পায়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থন লাভ করে। একপর্যায়ে এই আন্দোলন এক দশকের বেশি সময় ধরে চলে আসা রাজনৈতিক ব্যবস্থার অবসান ঘটায়।
কিন্তু ইতিহাস কোনো বিপ্লবকে শুধু ক্ষমতাসীন সরকার উৎখাতের ভিত্তিতে বিচার করে না। বিপ্লবের পর কোন ধরনের প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠল, সেটিই তার সাফল্যের অন্যতম মাপকাঠি। সেই বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক রূপান্তর এখনো অসম্পূর্ণ।
লেখাটিতে বলা হয়েছে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের নেওয়া কিছু পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। এসব পদক্ষেপের ধারাবাহিকতায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ এবং দলটির নেতৃত্বের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কারণে নির্বাচনে অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত আসে।
সমর্থকদের যুক্তি ছিল, ২০২৪ সালের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের জবাবদিহি নিশ্চিত করতে এ ধরনের ব্যবস্থা প্রয়োজন। তবে লেখকের মতে, জবাবদিহি নিশ্চিত করা আর কোনো রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক পরিসর থেকে বাদ দেওয়া এক বিষয় নয়।
গণতন্ত্রের শক্তি নির্ভর করে অন্যায় ও অপরাধের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিযোগিতার সুযোগ অক্ষুণ্ন রাখার ওপর। কোনো রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার স্বাধীন ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়ায় হতে পারে। কিন্তু জবাবদিহির প্রক্রিয়া যদি একটি বড় রাজনৈতিক শক্তিকে কার্যত রাজনৈতিক প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পর্যায়ে পৌঁছায়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার বৈধতা দুর্বল হয়ে পড়ে।
আইনের শাসন তখনই শক্তিশালী হয়, যখন মানুষ বিচারপ্রক্রিয়াকে নিরপেক্ষ ন্যায়বিচার হিসেবে দেখে, রাজনৈতিক ফলাফল নির্ধারণের হাতিয়ার হিসেবে নয়।
লেখকের মতে, আওয়ামী লীগকে বাংলাদেশের আর দশটি রাজনৈতিক দলের মতো বিবেচনা করলে দলটির ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব পুরোপুরি বোঝা যাবে না। দলটি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাকালীন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দেশের মুক্তিসংগ্রামের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট সংগঠনগুলোর একটি।
দলটির বিভিন্ন নেতার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে আদালত শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত দেন, সেটি আলাদা বিষয়। তবে রাজনৈতিক বাস্তবতা হলো, এখনো বাংলাদেশের লাখ লাখ মানুষ আওয়ামী লীগের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় ও ঐতিহাসিক উত্তরাধিকারকে সম্পৃক্ত মনে করেন। এই বাস্তবতাকে উপেক্ষা করলেই তা বিলীন হয়ে যায় না।
ইতিহাসের অভিজ্ঞতা বলছে, কোনো সরকারের ঘোষণায় বড় রাজনৈতিক জনগোষ্ঠী সাধারণত বিলুপ্ত হয়ে যায় না। বরং রাজনৈতিক পরিসর থেকে বাদ দেওয়ার চেষ্টা অনেক সময় প্রতিযোগিতাকে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে ঠেলে দেয়। তখন রাজনৈতিক বিরোধ সংসদ, নির্বাচন কিংবা আইনি প্রক্রিয়ার পরিবর্তে রাজপথে সংঘাতের মাধ্যমে প্রকাশ পেতে থাকে।
বাংলাদেশের বিভিন্ন স্থানে বোমা হামলা, অগ্নিসংযোগ, রাজনৈতিক সংঘর্ষ ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনার পুনরাবৃত্তি সেই ঝুঁকিরই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন লেখক। যে রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক উপায়ে প্রতিদ্বন্দ্বিতাকে জায়গা দিতে পারে না, তাকে ক্রমেই অসাংবিধানিক উপায়ে সেই প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হওয়ার ঝুঁকিতে পড়তে হয়।
একই সঙ্গে জাতীয় ইতিহাস ও স্মৃতির মালিকানা নিয়েও দেশে সংঘাত বাড়ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা ভাঙচুর ও অবমাননা এবং মুক্তিযুদ্ধের প্রতীকী স্থাপনাগুলোতে হামলার ঘটনা সাধারণ রাজনৈতিক প্রতিবাদের চেয়ে অনেক বেশি তাৎপর্য বহন করে।
বাংলাদেশের অনেক মানুষের কাছে এসব ঘটনা কেবল একটি রাজনৈতিক দলের বিরোধিতা নয়, বরং দেশের প্রতিষ্ঠার ইতিহাস ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদানগুলোর প্রতি চ্যালেঞ্জ হিসেবে প্রতীয়মান হয়েছে। ফলে ইতিহাস নিজেই রাজনৈতিক বিরোধের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।
এই প্রেক্ষাপটে মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনাকেও লেখক বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে ক্রমবর্ধমান রাজনৈতিক প্রতিশোধের ধারার অংশ হিসেবে বিবেচনা করেছেন। এ ঘটনায় কারা দায়ী, তা নিয়ে বিতর্ক রয়েছে এবং তদন্তও চলমান। তবে আওয়ামী লীগের অনেক সমর্থক ঘটনাটিকে তাদের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রতীক ধ্বংসের প্রতিশোধ হিসেবে দেখছেন।
এই ধারণা বা ব্যাখ্যা শেষ পর্যন্ত কতটা যৌক্তিক, সেটি ভিন্ন প্রশ্ন। তবে রাজনীতিতে মানুষের উপলব্ধি ও বিশ্বাস অনেক সময় বাস্তব ঘটনার মতোই আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে। বিভিন্ন পক্ষের মধ্যে জমে থাকা ক্ষোভ, বঞ্চনার অনুভূতি এবং পরস্পরবিরোধী রাজনৈতিক বয়ান এখন দেশের মাঠপর্যায়ের পরিস্থিতিকে প্রভাবিত করছে।
এই সংঘাতের পাশাপাশি শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। দেশে না থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এখনো তিনি অন্যতম প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি।
তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে বিভিন্ন সময় প্রকাশিত খবর ও আলোচনা সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি করছে, অন্যদিকে বিরোধীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। ফলে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না, সেই প্রশ্ন কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর ভবিষ্যতের বিষয় হয়ে নেই। এটি ২০২৪-পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতারও একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে।
এসব ঘটনার গভীরে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: বাংলাদেশ কি সত্যিই আওয়ামী লীগকে পেছনে ফেলে এগিয়ে গেছে, নাকি দলটি এখনো দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষের সমর্থন ধরে রেখেছে?
ক্ষমতার পরিবর্তনে বিদেশি শক্তির ভূমিকা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও সেসব অভিযোগের পক্ষে এখনো প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। তবে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের কারণে বড় শক্তিগুলোর দেশটির প্রতি আগ্রহ থাকা স্বাভাবিক। কিন্তু লেখকের মতে, বাংলাদেশের বর্তমান সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নয়, বরং ২০২৪-পরবর্তী রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে অমীমাংসিত বিরোধ।
রাজনৈতিক বৈধতা নিয়ে দীর্ঘস্থায়ী এই বিরোধ কেবল মতপার্থক্য নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক রূপান্তরের সবচেয়ে বড় বিভাজনরেখা। যত দিন পর্যন্ত দেশের রাজনৈতিক শক্তিগুলোর কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা গড়ে না উঠবে, তত দিন বিদেশি হস্তক্ষেপের অভিযোগ মূল সংকটের কারণ না হয়ে বরং গভীরতর রাজনৈতিক অস্থিরতার লক্ষণ হিসেবেই থেকে যাবে।
লেখকের মতে, বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি অভ্যন্তরীণ। ২০২৪ সালের গণঅভ্যুত্থান যদি কেবল ক্ষমতার হাতবদল নয়, বরং প্রকৃত অর্থে গণতান্ত্রিক পুনর্গঠনের দাবি হয়ে থাকে, তাহলে নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে হবে।
অতীতের ক্ষমতার অপব্যবহার ও সহিংসতার অভিযোগের বিচার হতে হবে স্বাধীন বিচারব্যবস্থা, নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে। গুরুতর অভিযোগের বিচারিক পর্যালোচনা প্রয়োজন। কিন্তু সেই অভিযোগকে অনির্দিষ্টকালের জন্য গণতান্ত্রিক প্রতিযোগিতার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় না।
যে রাজনৈতিক আন্দোলন বা দল এখনো সমাজের উল্লেখযোগ্য অংশের সমর্থন ধরে রাখতে পারে, তাকে স্থায়ীভাবে সাংবিধানিক রাজনীতির বাইরে রাখলে নতুন অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। আওয়ামী লীগ যত দিন সাংবিধানিক রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে থাকবে, তত দিন রাজনৈতিক সংঘাত রাজপথের আন্দোলন, মুখোমুখি অবস্থান এবং পাল্টাপাল্টি নিপীড়নের অভিযোগের মধ্য দিয়ে চলতে থাকার ঝুঁকি বাড়বে।
এ কারণে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর পুনরুদ্ধারের সুযোগ তৈরি করা এবং একটি অবাধ, প্রতিযোগিতামূলক, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক পর্যবেক্ষণাধীন নির্বাচন আয়োজনকে বাংলাদেশের রাজনৈতিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে দেখেছেন লেখক।
এ ধরনের প্রক্রিয়া রাজনৈতিক সমঝোতা বা জাতীয় ঐক্য নিশ্চিত করবে, এমন নিশ্চয়তা নেই। শেখ হাসিনার শাসনামল ও রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে সব বিরোধেরও অবসান ঘটবে না। তবে জনগণের প্রকৃত সমর্থন কোন রাজনৈতিক শক্তির পক্ষে রয়েছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্বাচনই একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়া।
বাংলাদেশের সামনে এখন আর প্রধান প্রশ্নটি পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পতন কীভাবে ঘটেছিল, তা নয়। বরং নতুন রাজনৈতিক ব্যবস্থা জনগণের ভোটের মাধ্যমে নিজেদের গ্রহণযোগ্যতা যাচাই করার মতো আত্মবিশ্বাস রাখে কি না, সেটিই বড় প্রশ্ন।
লেখকের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দল নিষিদ্ধ করা, অতীতের বিরোধের প্রতিশোধ নেওয়া কিংবা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বয়ান দমন করে বাংলাদেশের সংকটের সমাধান সম্ভব নয়। এই সংকটের সমাধান আসবে তখনই, যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো মেনে নেবে যে রাজনৈতিক বৈধতার চূড়ান্ত নির্ধারক জনগণ এবং তাদের ভোট।
সেই পর্যন্ত ২০২৪ সালের বিপ্লব অসমাপ্তই থেকে যাবে, নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা নিয়ে বিতর্ক চলবে এবং জাতীয় জীবনে অস্থিরতা বারবার ফিরে আসবে।
লেখকের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ পুরোনো রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাবর্তন নয়; বরং এমন একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার উত্থান, যে ব্যবস্থা ভোটারের রায়কে ভয় পায়।
প্রবন্ধটির লেখক অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল গুরু সদয় বাটাব্যাল। তিনি পিএইচডি ডিগ্রিধারী এবং রয়্যাল হিস্টোরিক্যাল সোসাইটি ও রয়্যাল এশিয়াটিক সোসাইটির ফেলো। তিনি কৌশলগত বিশ্লেষক ও আন্তর্জাতিক সম্পর্কের ভিজিটিং অধ্যাপক। লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ভারতের প্রথম শান্তিরক্ষী দলের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে লেখালেখির পাশাপাশি তাঁর লেখা Politico-Military Strategy of Bangladesh Liberation War, 1971 বইটি রাউটলেজ প্রকাশ করেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au