আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
ভাস্কর দত্ত :
শিল্প ও বন্দরনগরী খুলনায় আবারও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে নগরীর তিনটি পৃথক স্থানে গুলিবর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরবাসীর মধ্যে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত একজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, একটি বাড়ি ও একটি রেস্টুরেন্টে গুলি চালানোর ঘটনা ঘটে। তিন ঘটনায় কেউ হতাহত না হলেও নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সকাল ১০টার দিকে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন থেকে চারজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। পরে এক রাউন্ড গুলি ছোড়া হলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি আরও জানান, সাঈদ শিকদার কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কী কারণে এবং কারা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।
এরপর দুপুরে নগরীর মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না।
সবশেষ বিকেল ৪টার দিকে নগরীর দ্যা পালংকি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে। চাঁদা দাবির হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে রেস্টুরেন্টটি চালু করা হয়েছিল। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে গুলির ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে দুর্বৃত্তরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনার সময় পুলিশের একটি দল ওই এলাকায় টহলে ছিল। চাঁদাবাজদের ভয়ে এতদিন রেস্টুরেন্টটি বন্ধ ছিল। পুলিশের নিরাপত্তার আশ্বাসে এটি চালু করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন।
খুলনায় সাম্প্রতিক গুলির ঘটনাগুলো বিচ্ছিন্ন নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ২২ দিনে নগরী ও জেলায় অন্তত ১৩টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছয়জন নিহত এবং ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ২২ অক্টোবর নগরীর পূর্ব বানিয়াখামারে এক যুবককে গুলি করে হত্যার পর একই দিন জিন্নাহপাড়ায় গুলিতে নিহত হন গৃহবধূ খুশি আক্তার। ৮ নভেম্বর মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন এক পথচারী। ১২ নভেম্বর রূপসায় বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়।
গুলির পাশাপাশি গত এক মাসে চাঁদাবাজির অভিযোগে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। ১২ অক্টোবর সিটি কুইন্স ক্লিনিক, ২৪ অক্টোবর সন্ধানী ক্লিনিক, ২৮ অক্টোবর চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট এবং ৩ নভেম্বর রংধনু ক্লিনিক ও আব্দুল্লাহ প্যাথলজিতে হামলার খবর প্রকাশিত হয়েছে।
৭ নভেম্বর নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুর চালানো হয়। চাঁদার হুমকিতে চয়নিকা ও মল্লিক ব্রাদার্সসহ কয়েকটি ফার্মেসি বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। এসব ঘটনায় সিসিটিভি ফুটেজে হামলাকারীদের দেখা গেলেও অধিকাংশকে গ্রেপ্তার করা যায়নি।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসী কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী ও চাঁদাবাজের কাছে জিম্মি হয়ে পড়েছেন। পরিস্থিতি অত্যন্ত ভীতিকর। অপরাধীদের তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au