আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার
আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…
লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ সময় প্রিজনভ্যান থেকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন মামলায় জামিন শুনানির জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁদের প্রিজনভ্যানে তোলার সময় তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
বিকেলে সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক রাজু আহমেদকে জামিন দেন।
অন্যদিকে চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।
শাকিল পাটওয়ারী আরও বলেন, কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যানে ওঠার সময় আসামিরা স্লোগান দেন। এ সময় মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেন। ঘটনার পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন।
অভিযুক্ত মনিরুজ্জামান পাটওয়ারী জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। তবে এ ঘটনায় আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন জামিন নিয়ে তারা আইনজীবীদের হুমকি দিচ্ছে। কিছু আইনজীবীও তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au