বিশ্ব

ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা

  • 3:04 am - November 25, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
ইউক্রেন যুদ্ধে প্রতি মাসে গড়ে ১০ হাজার করে সেনা হারাচ্ছে রাশিয়া। ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া গোপন নথি বিশ্লেষণ করে এমন তথ্য পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নথিতে আত্মহত্যার পাশাপাশি আরও কয়েক শ সেনার আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যেগুলোর উদ্দেশ্য স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার কিছু আত্মহত্যা হয়ে থাকতে পারে, যা সরকারি নথিতে ভিন্নভাবে লিপিবদ্ধ করা হয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রাশিয়ার ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের একটি তথ্যভান্ডার সংগ্রহ করেছে। ওই তথ্যভান্ডারে থাকা রসস্ট্যাটের নথি বিশ্লেষণ করে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার তথ্য শনাক্ত করা হয়েছে।

যুদ্ধের ভয়াবহতা ও সেনাদের মানসিক বিপর্যয়ের চিত্র তুলে ধরতে প্রতিবেদনে উঠে এসেছে সার্জেন্ট অ্যালেক্সি বোলগভের ঘটনা। ২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলের একটি সামরিক সদর দপ্তরে পাহারার দায়িত্বে ছিলেন তিনি। একদিন ফোনে স্ত্রী নাতালিয়াকে নিজের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বোলগভ বলেছিলেন, ‘এখানে যা চলছে, তা ভয়াবহ। ফিরে এসে সব বলব।’ কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তাঁর।

পাঁচ সপ্তাহ পর, ২৯তম জন্মদিনের কিছুদিন পরই ইউনিটের কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের একটি বনে গিয়ে আত্মহত্যা করেন বোলগভ। তাঁর কমান্ডারের দেওয়া বিবরণেও ঘটনার দিন তাঁকে বিমর্ষ দেখাচ্ছিল বলে উল্লেখ করা হয়।

গার্ডিয়ানের বিশ্লেষণে দেখা গেছে, ১ হাজার ৮৭ জন সেনার আত্মহত্যার তথ্য ছাড়াও ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এবং রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আরও ৮৮৫ জন সেনার আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যুর তথ্য রয়েছে। এসব মৃত্যুর ক্ষেত্রে আঘাতের উদ্দেশ্য ‘অনিশ্চিত’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই শ্রেণির আড়ালে আত্মহত্যার কিছু ঘটনা আড়াল হয়ে থাকতে পারে। সব মিলিয়ে আত্মহত্যা বা আত্মহত্যার সন্দেহজনক এসব মৃত্যুর সংখ্যা একটি রুশ রেজিমেন্টের সদস্যসংখ্যার কাছাকাছি।

নথিতে যুদ্ধের সময় বাড়ার সঙ্গে সঙ্গে আত্মহত্যার ঘটনাও বেড়ে যাওয়ার প্রবণতা দেখা গেছে। ২০২২ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ৫০টির কিছু বেশি। ২০২৪ সালে তা ২০০ ছাড়িয়ে যায়। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে সর্বোচ্চ ৩৬৫ জনে পৌঁছায়। ২০২৬ সালের তথ্য এখনো অসম্পূর্ণ হলেও এরই মধ্যে প্রায় ৩০০টি আত্মহত্যার ঘটনা নথিতে যুক্ত হয়েছে।

চিহ্নিত ১ হাজার ৮৭টি আত্মহত্যার ঘটনার মধ্যে অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত অঞ্চল অথবা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যা করা সেনাদের মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার ভেতরে ২৫ বছরের কম বয়সী আরও ১০৮ জন সেনা আত্মহত্যা করেছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের ময়দানে ব্যাপক প্রাণহানি, কঠোর সামরিক শৃঙ্খলা, সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ এবং চুক্তিবদ্ধ সেনাদের যুদ্ধ থেকে বেরিয়ে আসার সীমিত সুযোগ মানসিক বিপর্যয়ের অন্যতম কারণ হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে অবস্থান, সহিংসতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ সেনাদের মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব ফেলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি বলেন, সেনাদের সামনে এগিয়ে যেতে বাধ্য করতে রুশ বাহিনীতে ব্যাপক বলপ্রয়োগ ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। এ ধরনের পরিস্থিতিতে সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা তৈরি হওয়া অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি।

রুশ সেনাদের দলত্যাগে সহায়তাকারী সংগঠন ‘ইদিতে লেসোম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভও যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, যুদ্ধক্ষেত্র যেন একটি ‘বদ্ধ টিনের কৌটা’, যেখান থেকে খুব কম তথ্যই বাইরে আসে। সেনাদের মৃত্যুর প্রকৃত কারণ অনেক সময় গোপন রাখা হয়।

চুভিলিয়ায়েভের ভাষায়, ‘একজন সেনা আত্মহত্যা করলেও কাগজে-কলমে তাঁকে বীর হিসেবে দেখানো হয়।’ তাঁর এই বক্তব্য থেকে যুদ্ধক্ষেত্রে সেনাদের মৃত্যুর তথ্য প্রকাশ ও নথিভুক্ত করার ক্ষেত্রে স্বচ্ছতার অভাবের বিষয়টি সামনে এসেছে।

গার্ডিয়ানের অনুসন্ধানে এমন আরও একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। ২০২২ সালে দোনেৎস্কে রুশ সেনা আলেকজান্ডার লাজোরের পরিবারকে জানানো হয়েছিল, তিনি যুদ্ধে নিহত হয়েছেন। তবে তাঁর সহকর্মীরা দাবি করেন, তিনি আত্মহত্যা করেছিলেন। অর্থাৎ সেনাদের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সরকারি বিবরণ ও সহকর্মীদের বক্তব্যের মধ্যে পার্থক্য থাকার ঘটনাও রয়েছে।

এদিকে রাশিয়ার সেনাবাহিনীতে পলাতক ও অনুপস্থিত সেনার সংখ্যাও উল্লেখযোগ্য বলে বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে। রুশ স্বাধীন সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং আইস্টোরিজের তথ্য অনুযায়ী, অন্তত ৪৯ হাজার রুশ সেনাকে পলাতক অথবা অনুপস্থিত হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, সেনাদের মধ্যে যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা এবং আত্মহত্যার ঘটনা রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত দেয়।

যুদ্ধে নিহত রুশ সেনা সাত লাখের বেশি

এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক প্রাণহানির সংখ্যা সাত লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে মেদুজা ও মিডিয়াজোনার নতুন হিসাবের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাত লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন।

রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের পাশাপাশি উত্তরাধিকারসংক্রান্ত নথি, মৃত্যুসংবাদ, সিভিল রেজিস্ট্রি এবং সরকারি তথ্য বিনিময়ব্যবস্থার তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, গত সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে প্রশাসনিক প্রক্রিয়ায় তথ্য যুক্ত হতে দেরি হওয়ায় ২০২৫ ও ২০২৬ সালের অনেক মৃত্যুর হিসাব এতে অন্তর্ভুক্ত হয়নি।

রাশিয়া সরকার যুদ্ধের প্রকৃত প্রাণহানির তথ্য প্রকাশে সীমাবদ্ধতা বজায় রেখেছে। ক্রেমলিনের দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং সরকারি প্রচারের কারণে দেশটির সাধারণ নাগরিকদের একটি বড় অংশ যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে স্পষ্ট ধারণা পান না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফাঁস হওয়া নথিতে আত্মহত্যার সংখ্যা, সন্দেহজনক আগ্নেয়াস্ত্রজনিত মৃত্যু এবং পলাতক সেনাদের তথ্য একসঙ্গে বিবেচনায় নিলে রুশ সামরিক বাহিনীর অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধ শুধু রাশিয়ার সামরিক সক্ষমতা ও জনবলকেই ক্ষতিগ্রস্ত করছে না, যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের মানসিক স্বাস্থ্য ও সামরিক শৃঙ্খলার ওপরও গভীর চাপ তৈরি করছে। তবে ফাঁস হওয়া নথির তথ্য স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ এবং প্রতিটি মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণের বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ।

সূত্রঃ দ্য গার্ডিয়ান ও নিউইয়র্ক টাইমস

এই শাখার আরও খবর

আইপিএল নিলামে নেই মোস্তাফিজ, আছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার

আগের জল্পনা ও আলোচনা থাকলেও আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে থাকছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের নাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের আগে…

কোনো কারণ উল্লেখ না করে প্রভোস্ট পদ থেকে অধ্যাপক স্নিগ্ধাকে অব্যাহতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্টের পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার…

খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে আব্দুল হালিম নামের আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ…

পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলেছিল রেস্টুরেন্ট, তিন ঘণ্টার মধ্যে গুলি

খুলনা নগরীতে চাঁদা দাবি ও হত্যার হুমকির পর পুলিশের নিরাপত্তার আশ্বাসে খুলে দেওয়া একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা…

জামায়াত আমিরের ভিসা বিতর্কে চাপে আলবানিজ সরকার, বাতিল ও তদন্তের দাবিতে তোলপাড় অস্ট্রেলিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার রাজনৈতিক ও সামাজিক চাপের…

মেলবোর্নের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার সংকট: গণতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার আহ্বান ও বিশ্বজনমত

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশের অভ্যন্তরে যেমন আলোচনা-সমালোচনা চলছে, তেমনি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au