শিক্ষা

এবার ঢাবি নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি

  • 12:57 pm - November 25, 2026
  • পঠিত হয়েছে:৬৪ বার
ঢাবি নৃত্যকলা বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশে ১৩ মাস বিলম্ব এবং উপাচার্যের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁকে কারণ দর্শানোর সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তামান্না রহমানের পরিবর্তে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সংশ্লিষ্ট পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য গত অক্টোবরেও চেয়ারম্যানকে ছয়বার স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। পরে খাতা জমা দেওয়া হলেও ফল প্রকাশ করতে আরও তিন থেকে চার মাস সময়ক্ষেপণ করা হয়।

তিনি বলেন, শিক্ষার্থীরা উপাচার্যের কাছে অভিযোগ জানানোর পর চেয়ারম্যানকে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই নির্দেশ যথাযথভাবে অনুসরণ করেননি। সিন্ডিকেট সভার আগে তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তাঁর ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক মনে হয়নি।

উপ-উপাচার্য আরও বলেন, দীর্ঘদিনের অবহেলা, উপাচার্যের নির্দেশনা অমান্য এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

১৩ মাসেও প্রকাশ হয়নি পরীক্ষার ফল

বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এ জটিলতার সৃষ্টি হয়। পরীক্ষা শেষ হওয়ার এক বছরের বেশি সময় পার হলেও ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম ব্যাহত হচ্ছিল।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাচের এক শিক্ষার্থী জানান, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার পর এক বছরের বেশি সময় পার হলেও তাঁরা ফল পাননি। ফলে দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও আটকে রয়েছে। একই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠলেও তাঁরা এখনো দ্বিতীয় বর্ষেই আটকে আছেন।

এর আগে ফল প্রকাশে বিলম্বের বিষয়ে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ফল প্রকাশে দেরি হয়েছে। ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের ক্লাস পুনরায় শুরুর সম্ভাব্য সময় সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আগামী সপ্তাহেই ফল প্রকাশ করা হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।

তবে চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

জাবির প্রভোস্টকেও অব্যাহতি

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির প্রতিবাদ এবং অপসারণের দাবির কয়েক দিনের মাথায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। তাঁর স্থলে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

 

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au