বাংলাদেশ

গণপতি পরিবার হত্যাকাণ্ডের চার্জশিটে যা লিখেছে পুলিশ

ছাদে অপেক্ষার সময় দেখে ফেলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে হত্যার অভিযোগ দুই আসামির বিরুদ্ধে; ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে তাঁদের উপস্থিতির প্রমাণ পাওয়ার দাবি পুলিশের। তবে মামলার বাদী বলছেন, এর পেছনে আরও কেউ জড়িত থাকতে পারে।

  • 8:56 pm - November 26, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার
গণপতি পরিবার হত্যাকাণ্ডের চার্জশিট পড়ে শোনাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে চুরির পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে একে একে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

পুলিশ কমিশনার জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তাঁর দাবি, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।

সনাতন চক্রবর্তী জানান, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁদের দেখে ফেলেন। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়।

পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগমী চক্রবর্তী। পুলিশের দাবি, দুই আসামি তাঁদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়। আগমীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। আসামিদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

ডিএনএ পরীক্ষার বিষয়ে উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ ও বোতলের ছিপিসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে বলে দাবি পুলিশের। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হলে বিচার শুরু হবে। তখন আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

তবে পুলিশের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, শুধু টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এমন ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এর পেছনে আরও শক্তিশালী কেউ থাকতে পারেন। শুরু থেকেই তিনি বলে আসছেন, দুই ব্যক্তির পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানালেও তাঁদের বক্তব্য গুরুত্ব পায়নি বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে একই এলাকার বাসিন্দা মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়। নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করছে।

এর আগে হত্যাকাণ্ডের নয় দিন পর দুই আসামির ডোপ টেস্ট করা হলে তাঁদের শরীরে মাদক সেবনের প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছিল। অন্যদিকে, দুই আসামির পক্ষে একাই পরিবারের চার সদস্যকে হত্যা করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। প্রকৃত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে তাঁরা বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন। মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে।

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au