সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবার একাধিক হিসাবে লেনদেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা তুলতে কিংবা স্বজনদের কাছে পাঠাতে না পেরে অনেকেই এজেন্টের দোকান থেকে ফিরে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন গ্রাহকেরা। অনেকেই হিসাবে লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে টাকা তোলা বা পাঠাতে না পেরে ফিরে যান।
শহরের ফুটপাতের চা বিক্রেতা আরিফুল বলেন, তিনি শহরের রাস্তায় চা বিক্রি করে সংসার চালান। ধানের বীজ কেনার জন্য বাবার কাছে টাকা পাঠাতে গিয়ে দেখেন, তাঁর বিকাশ হিসাবে লেনদেন বন্ধ। এখন টাকা তুলতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি। বীজ কেনার জন্য তাঁর প্রায় সাত হাজার টাকা প্রয়োজন। কিন্তু এই টাকা কীভাবে জোগাড় করবেন, তা বুঝতে পারছেন না।
আরিফুল বলেন, সময়মতো বীজ কিনে বীজতলা তৈরি করতে না পারলে ধানের চারা রোপণে দেরি হবে। এতে তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
দুর্গাপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পবিত্র বিশ্বাস জানান, তাঁর ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করে। পাশাপাশি সেখানে জীবনযাপনের খরচও তাঁকে বহন করতে হয়। বুধবার রাতে ছেলে ফোন করে মেসের খাবারের বিল পরিশোধের জন্য টাকা চেয়েছিল। বৃহস্পতিবার সকালে টাকা পাঠাতে গিয়ে তিনি দেখেন, তাঁর হিসাব বন্ধ থাকার বার্তা এসেছে।
ক্ষোভ প্রকাশ করে পবিত্র বিশ্বাস বলেন, সাধারণ মানুষের প্রতিদিনই টাকা লেনদেনের প্রয়োজন হয়। এভাবে সব লেনদেন বন্ধ থাকলে তাঁরা কীভাবে চলবেন? কোনো আন্দোলন বা কর্মসূচির সঙ্গে জড়িত নন, এমন মানুষকেও এভাবে ভোগান্তিতে ফেলা ঠিক নয় বলে মনে করেন তিনি।
চৌরঙ্গী রোডের এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ছোট ব্যবসার আয় দিয়েই তাঁদের সংসার চলে। মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকলে তাঁদের আয়ও বন্ধ হয়ে যায়। সব ধরনের লেনদেন বন্ধ না করে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা যেতে পারে। যেসব নম্বরের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, সেগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। তবে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন ভোগান্তিতে না পড়েন, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান।
সদর উপজেলার বনগ্রামের কৃষক শাহজাহান চৌধুরী বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার জন্য শহরে পাঠিয়েছেন। তাঁদের প্রায়ই খরচের টাকা পাঠাতে হয়। এখন টাকা পাঠাতে না পারলে তাঁরা কীভাবে চলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। দিনমজুরি ও কৃষিকাজ করে সংসার চালানো মানুষের জরুরি প্রয়োজনে টাকা লেনদেন বন্ধ থাকলে সবচেয়ে বেশি সমস্যা হয় বলেও জানান তিনি।
মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন এজেন্ট ব্যবসায়ীরাও। বিকাশের এজেন্ট বুলবুল মোল্লা বলেন, বৃহস্পতিবার সারাদিনে তাঁদের ব্যবসা অনেক কম হয়েছে। জেলার অধিকাংশ বিকাশ হিসাবে লেনদেন বন্ধ থাকায় গ্রাহকের উপস্থিতিও কমে গেছে। এতে তাঁদের আয়-রোজগার কমেছে। বিকাশের পাশাপাশি নগদ, উপায় ও রকেটের কিছু হিসাবেও লেনদেনের সমস্যা হচ্ছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, বড় অঙ্কের লেনদেন হয় এমন হিসাবগুলোর মধ্যে কয়েকটি বন্ধ রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
সাধারণ গ্রাহকদের অভিযোগ, মোবাইল ব্যাংকিং এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়, বরং গ্রাম ও শহরের মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কৃষকের বীজ কেনা, শিক্ষার্থীদের মেসের খরচ, পরিবারের চিকিৎসা ব্যয় কিংবা কর্মজীবী ও প্রবাসী স্বজনদের পাঠানো অর্থের মতো নানা প্রয়োজন মেটাতে মানুষ এ সেবার ওপর নির্ভরশীল। ফলে হঠাৎ লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে রকেটের এরিয়া ম্যানেজার হাবীবুর রহমান বলেন, রকেটের হিসাব বন্ধ রাখার বিষয়ে সরকারি বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত তাঁরা পাননি। তবে গ্রাহকদের কাছ থেকে হিসাব বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পেয়েছেন। সমস্যা কী কারণে হয়েছে, তা খতিয়ে দেখতে গ্রাহকদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়েছে।
বিকাশের এরিয়া ম্যানেজার মারুফ হাসান সজীব বলেন, কোনো এজেন্ট নম্বর বন্ধ করা হয়নি। তবে গোপালগঞ্জের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা অধিকাংশ হিসাবে এ ধরনের সমস্যা হয়েছে। তাঁর ধারণা, যেসব হিসাবে বেশি লেনদেন হয়েছে, সেগুলো নজরদারিতে রাখার জন্য সরকার হয়তো এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি জানাননি।
এদিকে সাধারণ গ্রাহকদের ভোগান্তি কমাতে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে হলেও মোবাইল ব্যাংকিং লেনদেন চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের মতে, অনিয়ম বা নিরাপত্তাজনিত কারণে কোনো নির্দিষ্ট হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তা যাচাই-বাছাই করে করা উচিত। তবে এর প্রভাব যেন সাধারণ গ্রাহক, কৃষক, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর না পড়ে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au