সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি
ওটিএন বাংলা রিপোর্ট : দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…
তিন দশক আগে বাড়ি ছেড়েছিলেন তাঁরা। পরিবারের কাছে আজও নিখোঁজ। কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার মাহোর ও চাসানার পাহাড়ি এলাকা থেকে ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে নিখোঁজ হওয়া ৩০ জন পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁদের বিরুদ্ধে বোমা তৈরি, রাইফেল চালানো এবং ভারতের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁদের জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়নি। বরং পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বসে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। সীমান্তের ওপার থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ, অর্থ পাঠানো এবং স্থানীয় যুবকদের জঙ্গি কার্যকলাপে যুক্ত করার কাজে তাঁদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি ওই ৩০ জনের নামের একটি তালিকা হাতে পেয়েছে এক বেসরকারি সংবাদমাধ্যম। তদন্তকারীদের দাবি, তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত।
তদন্তে আরও উঠে এসেছে, পাকিস্তানে বসেই নিজেদের পৈতৃক সম্পত্তি বিক্রির পরিকল্পনা করেছিলেন ওই ব্যক্তিরা। রিয়াসি জেলায় থাকা জমি পরিচিত ও সহযোগীদের মাধ্যমে বিক্রি করে সেই অর্থ জঙ্গি কার্যকলাপে ব্যবহার করার ছক কষা হয়েছিল বলে দাবি পুলিশের।
তদন্তকারীদের অনুমান, জমি বিক্রির টাকা অস্ত্র ও গোলাবারুদ কেনা, নতুন সদস্য নিয়োগ এবং নাশকতামূলক কার্যকলাপে ব্যবহার করার পরিকল্পনা ছিল। অর্থাৎ, সীমান্তের ওপারে বসে শুধু জঙ্গি নেটওয়ার্ক পরিচালনাই নয়, নিজেদের পুরনো সম্পত্তিকেও অর্থের উৎস হিসেবে ব্যবহারের চেষ্টা চলছিল।
২০২৪ সালের ২৯ নভেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। সাক্ষীদের বয়ান ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে গিয়ে জমি বিক্রির এই পরিকল্পনার বিষয়টি সামনে আসে।
জঙ্গি কার্যকলাপে অর্থের জোগান বন্ধ করতে ইতিমধ্যেই পাঁচ জনের সম্পত্তির বিরুদ্ধে পদক্ষেপ করেছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজির নির্দেশে ইউএপিএ-র অধীনে ওই সম্পত্তি বাজেয়াপ্ত বা সিল করা হয়েছে বলে জানিয়েছে রিয়াসি পুলিশ।
রিয়াসির পুলিশ সুপার মুকুন্দ লাল জানিয়েছেন, মাহোরের বাসিন্দা মহম্মদ কায়ুম ওরফে আবদুল কায়ুম শাদোলের তিন কানাল জমি বাজেয়াপ্ত করা হয়েছে। বাদ্দেরের বাসির আহমেদ ওরফে মাসুমের তিন কানাল জমি সিল করা হয়েছে।
এ ছাড়া আরনাসের শওকত আলি হুন্ডারের তিন কানাল জমি এবং থুরু গ্রামের মনজুর আহমেদ ওরফে মনজুর হুসেন খান্টির ১৫ কানাল ১৯ মারলা জমি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের দাবি, তালিকায় থাকা ৩০ জনের প্রত্যেকেই পাকিস্তানে গিয়ে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছিলেন। বর্তমানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থান করে তাঁরা জম্মুর প্রত্যন্ত এলাকায় জঙ্গি নেটওয়ার্ক ফের সক্রিয় করার চেষ্টা করছেন।
তদন্তকারীদের মতে, জমি বাজেয়াপ্ত করার ফলে ওই ব্যক্তিদের পক্ষে নিজেদের সম্পত্তি বিক্রি করে জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানো কঠিন হবে। একই সঙ্গে, জঙ্গিদের সম্পত্তি বিক্রিতে সহযোগিতা করলেও আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
পীর পাঞ্জালের দক্ষিণের এলাকায় জঙ্গি নেটওয়ার্কের অর্থের উৎস চিহ্নিত করা এবং সেই জোগান বন্ধ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: দ্য ওয়াল
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au