অস্ট্রেলিয়া

ফ্লাইট সেন্টারের তথ্য ফাঁস, পাসপোর্টের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

  • 12:13 am - November 27, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার জানিয়েছে, তাদের ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ফ্লাইট সেন্টার গ্রুপের (এফএলটি) ব্যবহৃত তৃতীয় পক্ষের একটি হোটেল ও আবাসন বুকিং ব্যবস্থায় সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কিছু গ্রাহকের ব্যক্তিগত তথ্য অজ্ঞাত ব্যক্তিদের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে সীমিত পরিসরে পাসপোর্টের তথ্য, ইমেইল ঠিকানা, ফোন নম্বর ও জন্মতারিখও রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অস্ট্রেলিয়ান সিকিউরিটিজ এক্সচেঞ্জে (এএসএক্স) দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, তৃতীয় পক্ষের আবাসন বুকিং ব্যবস্থায় অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রাহকদের কিছু তথ্য অজ্ঞাত কোনো পক্ষের মাধ্যমে ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

ফ্লাইট সেন্টার ট্রাভেল গ্রুপ জানিয়েছে, ঘটনার প্রকৃতি ও ব্যাপ্তি নির্ধারণে তারা সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠান এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা মোকাবিলায় তাদের সহযোগী প্রতিষ্ঠান ম্যান্ডিয়েন্টের (Mandiant) সঙ্গে কাজ করছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আক্রান্ত ব্যবস্থায় সংরক্ষিত উল্লেখযোগ্যসংখ্যক গ্রাহকের তথ্য অজ্ঞাত ব্যক্তিদের নাগালে গেছে। তবে এসব তথ্যের কতগুলো প্রকৃতপক্ষে তৃতীয় পক্ষের সিস্টেম থেকে সংগ্রহ বা সরিয়ে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, আক্রান্ত তথ্যের অধিকাংশই গ্রাহকদের নাম এবং কিছু ক্ষেত্রে ভ্রমণসংক্রান্ত সাধারণ তথ্য। তবে খুবই সামান্যসংখ্যক তথ্যের মধ্যে সীমিত পাসপোর্টের বিবরণ, ইমেইল ঠিকানা, ফোন নম্বর ও জন্মতারিখ রয়েছে। বিরল কিছু ক্ষেত্রে গ্রাহকদের স্বাস্থ্যগত অবস্থা কিংবা চলাচলসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও থাকতে পারে।

তবে এখন পর্যন্ত গ্রাহকদের ক্রেডিট কার্ড, অর্থ পরিশোধসংক্রান্ত তথ্য কিংবা ব্যাংক হিসাবের বিবরণে অননুমোদিত প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফ্লাইট সেন্টার আরও জানিয়েছে, এ তথ্য ফাঁসের ঘটনায় তাদের ফ্লাইট বুকিং কিংবা করপোরেট বুকিং ব্যবস্থা আক্রান্ত হয়নি। প্রাথমিক তদন্তে শুধু ফ্লাইট সেন্টার, ট্রাভেল অ্যাসোসিয়েটস, ক্রুজঅ্যাবাউট এবং কিছু স্বতন্ত্র ট্রাভেল এজেন্টের ব্যবহৃত আবাসন বুকিং ব্যবস্থায় অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা গ্রহণ করছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার প্রক্রিয়াও চলছে।

ফ্লাইট সেন্টার জানিয়েছে, এ ধরনের ঘটনায় গ্রাহকদের উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অসুবিধা ও উদ্বেগের জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে গ্রাহকদের বুকিংসংক্রান্ত কোনো অপ্রত্যাশিত ইমেইল, ফোনকল বা বার্তা পাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফ্লাইট সেন্টার। অপরিচিত বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, সংযুক্ত ফাইল খোলা কিংবা এ ধরনের বার্তার জবাবে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড বা পেমেন্টসংক্রান্ত বিবরণ শেয়ার না করার জন্যও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র: নাইন.কম.এইউ

এই শাখার আরও খবর

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

যুক্তরাষ্ট্র ছাড়তে হবে হাজারো ভিসাধারীকে, বন্ধ হচ্ছে স্পনসরশিপ ভিসা

যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্তে। প্রতিষ্ঠানটি তাদের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদের ক্ষেত্রে কর্মীদের নতুন করে মার্কিন…

বাংলাদেশি পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। উৎপাদন খাতে অতিরিক্ত সক্ষমতা তৈরি, রপ্তানিতে…

নেপালে বন্যায় নিখোঁজ হাজারো মানুষকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু

ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রায় তিন মাস পরও নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের আইনগতভাবে মৃত ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। নিখোঁজ ব্যক্তিদের…

খাগড়াছড়িতে মন্দিরে চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার স্বর্ণালংকার

ওটিএন বাংলা রিপোর্ট : খাগড়াছড়ির মানিকছড়িতে একটি মন্দির থেকে প্রতিমার ব্যবহৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী ও পূজার বিভিন্ন উপকরণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) রাতে…

টেস্ট ইতিহাসে বিরল কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার মুল্ডার

টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au