গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের পর আগুন দেওয়া হয়। নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটির ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত
ওটিএন বাংলা রিপোর্ট :
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে ২৯টির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিঋণ, পশুপালন ও অন্যান্য ঋণসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলার পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে এসব শাখার আওতাধীন এলাকার গ্রাহকেরা স্বাভাবিক ব্যাংকিং সেবা নিতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংক জানায়, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু শাখা বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকেরা প্রয়োজনীয় ঋণসেবা গ্রহণ করতে পারছেন না। এতে কৃষি কার্যক্রমেও প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ নিতে সমস্যায় পড়ছেন গ্রাহকেরা। বিশেষ করে যেসব এলাকার শাখা বন্ধ রয়েছে, সেখানকার ঋণগ্রহীতাদের আর্থিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ব্যাংকটির সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা ও অগ্নিসংযোগের পর আগুন জ্বলছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, গ্রামীণ ব্যাংকের নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে। সাম্প্রতিক হামলার ঘটনায় ব্যাংকটির অবকাঠামো ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
দেশের ৬৪টি জেলার ৮১ হাজার ৬৭৮টি গ্রামে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। বর্তমানে সারা দেশে এর শাখা রয়েছে ২ হাজার ৫২৮টি।
এ ছাড়া ব্যাংকটির ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস ও ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। বিশাল এই নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা।
এদিকে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এ পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।