১৬ ডিসেম্বর: বিজয়ের দিনে কি স্বদেশের মাটিতে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা?
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি ফিরে পেয়েছিল তার স্বাধীন স্বদেশ। পঞ্চান্ন বছর পর সেই একই দিনে স্বদেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর…
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে খোলা অনেক বিকাশ ও নগদ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকার কিছু ব্যাংক হিসাবের লেনদেনও সীমিত বা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাংক হিসাবও রয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব পদক্ষেপ সরাসরি সরকারের নির্দেশে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে, বাংলাদেশ ব্যাংক বলছে, সন্দেহজনক লেনদেনের কারণে সংশ্লিষ্ট হিসাবগুলো পর্যালোচনা বা সাময়িকভাবে স্থগিত করা হতে পারে। অন্যদিকে, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দাবি, কোনো নির্দিষ্ট জেলার সব গ্রাহকের সেবা বন্ধ করা হয়নি।
গোপালগঞ্জে মোবাইল আর্থিক সেবা বিঘ্নিত হওয়ায় সাধারণ গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার রাত থেকে অনেক গ্রাহক বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ কিংবা উত্তোলন করতে পারছেন না। তাঁদের অভিযোগ, কোনো পূর্বঘোষণা ছাড়াই অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকের অ্যাকাউন্টে টাকা জমা থাকলেও প্রয়োজনের সময় তা ব্যবহার করতে পারছেন না।
টুঙ্গিপাড়ার এক বিকাশ এজেন্ট বলেন, তাঁর অ্যাকাউন্টসহ অনেক গ্রাহকের অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রয়েছে। এতে বিপুল পরিমাণ টাকা আটকে গেছে। কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে এভাবে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াকে তিনি অন্যায় বলে মনে করেন। তাঁর ভাষ্য, যাঁদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সাধারণ গ্রাহকদের অর্থ ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম ভোগান্তিতে পড়েছেন।
কোনো ব্যক্তির অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগ থাকলে আইন অনুযায়ী সেটি সাময়িকভাবে বন্ধ করার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অভিযোগের কারণে একটি এলাকার বিপুলসংখ্যক গ্রাহকের আর্থিক লেনদেন ব্যাহত হলে তা নিয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকারের প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষ করে কোনো গ্রাহককে তাঁর অ্যাকাউন্ট বন্ধের সুনির্দিষ্ট কারণ না জানিয়ে এবং অর্থ ব্যবহারের বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে দীর্ঘ সময় লেনদেনের বাইরে রাখা হলে তা নাগরিকের স্বাভাবিক আর্থিক কর্মকাণ্ডে গুরুতর প্রতিবন্ধকতা তৈরি করে। ভুক্তভোগীদের অভিযোগ, তাঁদের অনেকেই কোনো ধরনের অপরাধ বা সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত না থাকলেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় নিজেদের বৈধ অর্থ ব্যবহার করতে পারছেন না। এ ধরনের নির্বিচার বা যথাযথ ব্যাখ্যাহীন ব্যবস্থা নাগরিকের আর্থিক সেবা পাওয়ার অধিকার ও স্বাভাবিক জীবনযাপনের ওপর গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হতে পারে।
গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা তামান্না তাহা এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে কয়েকটি দোকানে ঘুরে শেষ পর্যন্ত গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমে যান। তাঁর রকেট অ্যাকাউন্টে ভর্তি আবেদনের ফি পরিশোধের জন্য প্রয়োজনীয় টাকা থাকলেও অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারছেন না।
তামান্না তাহা বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদন ও ফি পরিশোধের কাজ শেষ করতে চেয়েছিলেন। কিন্তু নিজের অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে না পারায় আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
বুধবার দুপুরের পর থেকে গোপালগঞ্জে অনেক গ্রাহকের ব্যক্তিগত এমএফএস অ্যাকাউন্ট বন্ধ হতে শুরু করে। প্রথম দিকে গ্রাহকেরা বিষয়টি বুঝতে পারেননি। কেউ টাকা তুলতে গিয়ে, কেউ টাকা পাঠাতে গিয়ে, আবার কেউ অন্য কোনো লেনদেন করতে গিয়ে সমস্যার মুখে পড়েন। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হেল্পলাইনে যোগাযোগ করে কিংবা পরিচিতদের কাছ থেকে খোঁজ নিয়ে অ্যাকাউন্ট বন্ধ থাকার বিষয়টি জানতে পারেন।
বৃহস্পতিবারও বিকাশ, নগদ ও রকেটসহ কয়েকটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের অনেক গ্রাহক টাকা তোলা, পাঠানো ও জরুরি লেনদেন করতে পারেননি। তবে সব গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়নি। অনেকের অ্যাকাউন্ট সচল রয়েছে। এমএফএস প্রতিষ্ঠানগুলোর এজেন্টরাও স্বাভাবিকভাবে লেনদেন করতে পারছেন।
অ্যাকাউন্ট বন্ধ থাকা গ্রাহকদের নিবন্ধিত মুঠোফোন নম্বরে বৃহস্পতিবার সকাল থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে খুদে বার্তা পাঠানো হচ্ছে। একটি বার্তায় বলা হয়েছে, ‘স্যার/ম্যাডাম, MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’
তবে বার্তায় অ্যাকাউন্ট বন্ধের সুনির্দিষ্ট কারণ, কোন ধরনের লেনদেনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে কিংবা কত দিনের মধ্যে অ্যাকাউন্ট সচল হতে পারে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ফলে গ্রাহকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। অনেকেই বুঝতে পারছেন না, তাঁদের অ্যাকাউন্টের টাকা কীভাবে ব্যবহার করবেন কিংবা সমস্যার সমাধানের জন্য কোথায় যোগাযোগ করবেন।
গোপালগঞ্জ সদর উপজেলার সিংগা গ্রামের কলেজছাত্র ধীমান বিশ্বাস শহরের বটতলা এলাকায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ধীমান বিশ্বাস বলেন, বুধবার রাতে তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে দুই হাজার টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা তুলে বাজার করার জন্য দোকানে এসেছিলেন তিনি। কিন্তু অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা তুলতে পারেননি। শেষ পর্যন্ত বাজার না করেই বাসায় ফিরে যেতে হয়েছে তাঁকে।
হাফিজ টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে বিকাশ, নগদ ও রকেটের অ্যাকাউন্ট বন্ধের সমস্যা নিয়ে তিন থেকে চার শ গ্রাহক তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই লেনদেন করতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আবার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে নিজেদের অ্যাকাউন্টে থাকা টাকা তুলে নিচ্ছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের অন্তত ১৫টি বিকাশ, নগদ ও রকেট এজেন্টের দোকানে গিয়ে গ্রাহকদের অপেক্ষা করতে দেখা যায়। কেউ অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না, আবার কেউ অ্যাকাউন্ট সচল থাকলেও ভবিষ্যতে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় দ্রুত টাকা তুলে নিচ্ছেন।
শহরের রিতা টেলিকম নামের একটি বিকাশ এজেন্টের দোকানে টাকা তুলতে যান মিয়াপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান। তাঁর অ্যাকাউন্ট সচল থাকলেও অন্যদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খবর শুনে নিজের টাকা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারার আশঙ্কায় অ্যাকাউন্টে থাকা ১৩ হাজার টাকা তুলে নেন তিনি।
মেহেদী হাসান বলেন, হঠাৎ করে অনেকের বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছে। নিজের অ্যাকাউন্ট এখনো সচল থাকলেও কখন বন্ধ হয়ে যায়, সেই চিন্তা হচ্ছে। জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পারলে সমস্যায় পড়তে হবে। এ কারণে আগেভাগেই অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নিয়েছেন।
গোপালগঞ্জের নিচুপাড়ার বাসিন্দা লতিফা বেগমের ছেলে ঢাকার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ছেলের পড়াশোনার খরচ পাঠানোর জন্য নিজের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে গিয়ে তিনি দেখেন, অ্যাকাউন্ট বন্ধ। পরে বিকল্প উপায় খুঁজতে বড়বাজার এলাকার একটি বিকাশ এজেন্টের দোকানে গেলেও টাকা পাঠাতে পারেননি।
লতিফা বেগম বলেন, ঢাকায় থাকা ছেলের জরুরি খরচ পাঠানো দরকার ছিল। কিন্তু বিকাশ অ্যাকাউন্ট বন্ধ থাকায় টাকা পাঠাতে পারেননি। পরে ছেলের এক সহপাঠী তাঁর বিকাশ অ্যাকাউন্টে সাড়ে তিন হাজার টাকা পাঠালে সেই টাকা দিয়ে আপাতত ছেলের প্রয়োজন মেটানোর ব্যবস্থা হয়।
ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ। বুধবার বিকেলে হঠাৎ তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। কারণ জানতে বিকাশের হেল্পলাইনে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি বন্ধ রাখা হয়েছে।
কাজী আকাশ বলেন, তিনি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করেননি কিংবা কাউকে সন্দেহজনকভাবে টাকা পাঠাননি। তাহলে তাঁর অ্যাকাউন্ট কেন বন্ধ করা হলো, সেটি বুঝতে পারছেন না। হেল্পলাইন থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এদিকে বাংলাদেশ ব্যাংক বলছে, সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অ্যাকাউন্ট বন্ধ করার আইনি সুযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আইন অনুযায়ী সন্দেহজনক যেকোনো লেনদেনকারী হিসাব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিতে পারে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেসব হিসাব বন্ধ করা হয়েছে। এটি এমএফএস প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক প্রক্রিয়া।
তবে বাংলাদেশ ব্যাংকের এই ব্যাখ্যার পরও গ্রাহকদের কয়েকটি প্রশ্নের উত্তর স্পষ্ট হয়নি। কতটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, কোন মানদণ্ডে সেগুলোকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কোনো নির্দিষ্ট লেনদেনের কারণে নাকি অন্য কোনো তথ্যের ভিত্তিতে অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, এসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি। একই সঙ্গে যেসব গ্রাহক নিজেদের নির্দোষ দাবি করছেন, তাঁরা কীভাবে দ্রুত অভিযোগ জানিয়ে অ্যাকাউন্ট সচল করতে পারবেন, সে বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়নি।
এ বিষয়ে বিকাশ, নগদ ও রকেটের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
মোবাইল আর্থিক সেবা এখন শুধু টাকা পাঠানো বা তোলার মাধ্যম নয়। শিক্ষার্থীদের ভর্তি ফি, পরিবারের দৈনন্দিন খরচ, চিকিৎসা ব্যয়, চাকরিজীবীদের আর্থিক লেনদেনসহ নানা জরুরি কাজে এসব সেবা ব্যবহৃত হয়। ফলে কোনো গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হলে তাঁর দৈনন্দিন জীবনেও তাৎক্ষণিক প্রভাব পড়ে। বিশেষ করে যাঁদের ব্যাংক হিসাব নেই কিংবা বিকল্প আর্থিক সেবা ব্যবহারের সুযোগ সীমিত, তাঁদের জন্য সমস্যাটি আরও গুরুতর।
মানবাধিকার কর্মীরা বলছেন, সন্দেহজনক লেনদেন প্রতিরোধ এবং আর্থিক অপরাধ নিয়ন্ত্রণের স্বার্থে কোনো অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করার প্রয়োজন হতে পারে। তবে সেই ব্যবস্থা যেন নির্দিষ্ট ঝুঁকি ও প্রমাণের ভিত্তিতে নেওয়া হয়, তা নিশ্চিত করাও জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত গ্রাহককে অ্যাকাউন্ট বন্ধের কারণ জানানো, অভিযোগ জানানোর কার্যকর সুযোগ দেওয়া এবং যাচাই শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
গোপালগঞ্জে অনেক গ্রাহকের অ্যাকাউন্ট একসঙ্গে বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় তাই শুধু আর্থিক লেনদেনের সমস্যা নয়, নাগরিকের অর্থ ব্যবহারের অধিকার, সেবাদাতা প্রতিষ্ঠানের জবাবদিহি এবং নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতার প্রশ্নও সামনে এসেছে। সন্দেহজনক লেনদেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে কোনো নিরপরাধ গ্রাহক যেন নিজের বৈধ অর্থ ব্যবহার করতে না পারেন, এমন পরিস্থিতি তৈরি হলে তা নাগরিক অধিকারের চরম লঙ্ঘনের শামিল হতে পারে। তাই গ্রাহকদের ভোগান্তি নিরসনে অ্যাকাউন্ট বন্ধের কারণ স্পষ্ট করা এবং দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছে মানবাধিকার কর্মীরা।
সূত্রঃ প্রথম আলো ও ওটিএন বাংলার নিজস্ব অনুসন্ধান।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au