বাংলাদেশ

শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় চাপে পোশাকশিল্প

  • 6:11 am - November 27, 2026
  • পঠিত হয়েছে:২০ বার
বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ব্যাপক বিক্ষোভ-সমাবেশের মধ্যেই আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধির চাপ, জ্বালানি সংকট এবং রপ্তানি বাজারের অনিশ্চয়তা একসঙ্গে অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাণিজ্যনীতির পরিবর্তন। এসব সংকট কীভাবে সামাল দেওয়া হচ্ছে, তার ওপর নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চিত পরিস্থিতিতে তৈরি পোশাকনির্ভর বাংলাদেশের প্রবৃদ্ধির ধারাবাহিকতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা।

গত অক্টোবরের শেষ দিক থেকে দেশের তৈরি পোশাকশ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলন করছেন। এ আন্দোলনের কারণে তৈরি পোশাক খাতে ৩০ থেকে ৪০ বিলিয়ন টাকা বা ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশন। সংগঠনটির হিসাবে, শ্রমিক অসন্তোষের কারণে কিছু বিদেশি ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রেও দ্বিধায় পড়েছেন।

শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি দেশে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন সরকার প্রত্যাখ্যান করার পর তাঁকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। শেখ হাসিনার ঢাকায় ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।

দেশের চলমান অস্থিরতার পেছনে রাজনৈতিক কারণও গভীর। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান এবং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্ক ও অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সময়ে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের কথা ছিল। ফলে রাজনৈতিক ও শ্রমিক অসন্তোষের এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি সময়ে তৈরি হয়েছে।

নতুন বেতন কাঠামোর আশ্বাসেও বাংলাদেশে শ্রমিক বিক্ষোভ অব্যাহত, ন্যূনতম মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানোর দাবি। ছবি: সংগৃহীত

তবে চলমান অস্থিরতার মূল কারণ অর্থনৈতিক নয়। কিন্তু এর প্রভাব কতটা বিস্তৃত হবে, তা নির্ধারণে অর্থনৈতিক চাপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে শ্রমিকদের প্রকৃত আয় কমে যাওয়া, আমদানিনির্ভর জ্বালানি খাতের সংকট, সীমিতসংখ্যক পণ্যের ওপর রপ্তানি নির্ভরতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশের বিষয়টি ক্রমেই বাজারে প্রবেশের শর্ত হয়ে ওঠা।

আড়ালে থাকা সামষ্টিক অর্থনৈতিক চাপ

তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ দীর্ঘদিন ধরে তাঁদের ক্রয়ক্ষমতা কমে যাওয়া। দেশে টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির হারের চেয়ে কম রয়েছে। ২০২৩ সালে সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণের পর থেকে তৈরি পোশাকশ্রমিকদের আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বছর বছর বেড়েছে।

প্রায় পাঁচ বছর ধরে পণ্যমূল্য মজুরি বৃদ্ধির চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। ফলে শ্রমিকেরা ধাপে ধাপে সামান্য মজুরি বৃদ্ধির পরিবর্তে একবারে বড় অঙ্কের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি তুলেছেন। তাঁদের যুক্তি, দীর্ঘদিন ধরে মূল্যস্ফীতির চাপ সামলাতে গিয়ে প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে গেছে। বর্তমান মজুরিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

সূত্র: বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটরস।

অন্যদিকে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় কারখানার মালিক, বিদেশি ক্রেতা ও সরকারের জন্য মজুরি বৃদ্ধির অতিরিক্ত ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। গত এক দশকে বাংলাদেশের গড় বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল প্রায় ৬ শতাংশ। করোনাভাইরাস মহামারির সময় প্রবৃদ্ধিতে বড় ধরনের পতন ঘটে। এরপর ২০২২-২৩ অর্থবছর থেকে অর্থনীতির প্রবৃদ্ধির গতি ধীরে ধীরে কমতে থাকে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। সংস্থাটি প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে জ্বালানির ঘাটতি, বেসরকারি খাতে বিনিয়োগের দুর্বলতা, ব্যাংকিং খাতের চাপ এবং সরকারের রাজস্ব আদায় কম হওয়া।

এসব সমস্যা একদিকে শিল্প উৎপাদন ও বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে চাপে থাকা পরিবারগুলোকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে সরকারের সক্ষমতাও সীমিত করছে।

অর্থনীতির সামগ্রিক চিত্রে চাহিদা কমে যাওয়া, উৎপাদনের উপকরণের ব্যয় বৃদ্ধি এবং সরকারের আর্থিক সক্ষমতা সংকুচিত হওয়ার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশ্রমিকদের জন্য বড় অঙ্কের মজুরি বৃদ্ধি বাস্তবায়ন করা কারখানার মালিকদের জন্য কঠিন হতে পারে। একই কারণে শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের সক্ষমতার মধ্যে সমঝোতায় পৌঁছানোও জটিল হয়ে উঠছে।

মজুরি সংকটের বাইরে আরও বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প দীর্ঘদিন ধরে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হিসেবে ভূমিকা রেখে আসছে। কিন্তু রপ্তানি আয়ের বড় অংশ একটি নির্দিষ্ট শিল্পের ওপর নির্ভরশীল হওয়ায় বৈশ্বিক বাজারে কোনো পরিবর্তন বা অস্থিরতা দেখা দিলে দেশের অর্থনীতি দ্রুত চাপের মুখে পড়ে। তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানি পণ্যের বৈচিত্র্য সীমিত থাকাও অর্থনীতির জন্য একটি বড় দুর্বলতা।

এর সঙ্গে যুক্ত হয়েছে আমদানিনির্ভর জ্বালানি সরবরাহের সংকট। জ্বালানির ঘাটতি শিল্পকারখানার উৎপাদন ব্যাহত করে এবং উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। তৈরি পোশাকশিল্পের মতো বড় উৎপাদননির্ভর খাতে এ ধরনের সংকট সরাসরি প্রতিযোগিতার সক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতিও বদলাচ্ছে। বিভিন্ন বাজারে পণ্য প্রবেশের ক্ষেত্রে শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশ ও উৎপাদনপ্রক্রিয়ার মান ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফলে শুধু কম দামে পণ্য উৎপাদন করাই বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নাও হতে পারে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম অধিকার নিশ্চিত করার বিষয়গুলোও আন্তর্জাতিক ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প এখন একাধিক চাপের মুখে রয়েছে। শ্রমিকদের ক্রয়ক্ষমতা রক্ষা, কারখানার উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং পরিবর্তিত আন্তর্জাতিক বাণিজ্যনীতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ।

বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের তাৎক্ষণিক প্রভাবের বাইরে বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদি সক্ষমতা নির্ভর করবে এসব কাঠামোগত সমস্যা কতটা কার্যকরভাবে মোকাবিলা করা যায়, তার ওপর। বিশেষ করে শ্রমিকদের প্রকৃত আয় ও শিল্পের প্রতিযোগিতার সক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করতে না পারলে তৈরি পোশাকনির্ভর প্রবৃদ্ধির মডেল আরও চাপের মুখে পড়তে পারে।

সূত্রঃ অবজার্ভার রিচার্চ ফাউন্ডেশন

এই শাখার আরও খবর

১৬ ডিসেম্বর: বিজয়ের দিনে কি স্বদেশের মাটিতে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা?

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি ফিরে পেয়েছিল তার স্বাধীন স্বদেশ। পঞ্চান্ন বছর পর সেই একই দিনে স্বদেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর…

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, দিল্লির মসনদও তছনছ হতে পারে: হেফাজত

বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করা হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক…

গোপালগঞ্জের সবাইকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের দায় পুরো জেলার মানুষের ওপর চাপিয়ে দেওয়া এবং তাঁদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করাকে ‘কালেকটিভ পানিশমেন্ট’ বা সমষ্টিগত শাস্তি হিসেবে উল্লেখ…

টুঙ্গিপাড়ার পরিচয়ে খোলা বিকাশ-নগদের একাউন্ট বন্ধ করে দিয়েছে সরকার,ব্যাংক লেনদেনও সীমিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে খোলা অনেক বিকাশ ও নগদ অ্যাকাউন্টে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জেলার বিভিন্ন…

শেখ হাসিনার ১৬ ডিসেম্বরের প্রত্যাবর্তন ঘিরে ঢাকায় বাড়ছে কূটনৈতিক নজরদারি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা চলছে। এমন এক সংবেদনশীল সময়ে ২৬…

সারাদেশে গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা-আগুন, বন্ধ ২৯টি

ওটিএন বাংলা রিপোর্ট :  দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০৪টি শাখা ও কার্যালয়। নিরাপত্তাজনিত কারণে এর মধ্যে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au