১৬ ডিসেম্বর: বিজয়ের দিনে কি স্বদেশের মাটিতে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা?
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি ফিরে পেয়েছিল তার স্বাধীন স্বদেশ। পঞ্চান্ন বছর পর সেই একই দিনে স্বদেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর…
বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করা হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক আগ্রাসন চালানো হলে এর পাল্টা প্রতিক্রিয়া ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এসব কথা বলেন। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা বিবৃতিতে ভারতের প্রতি কঠোর বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের সমর্থনপুষ্ট শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র–জনতাকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া আর কিছু নয়। তাদের দাবি, জুলাইয়ের আন্দোলনে ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ায় দিল্লির নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কয়েকজন নেতাকে দিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে বলে তারা মনে করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগণ এ ধরনের হুমকিকে পরোয়া করে না। বরং বাংলাদেশে ভারতের যেসব চিহ্নিত ‘অ্যাসেট’ রয়েছে, সেগুলো একে একে নির্মূল করা হবে। হেফাজতের নেতারা আরও বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার, এমন ধারণা থেকে ভারতের বেরিয়ে আসা উচিত। দেশের রাজনৈতিক বাস্তবতা বদলে গেছে এবং ভারতেরও সেই পরিবর্তিত বাস্তবতা উপলব্ধি করা প্রয়োজন।
ভারতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চক্রান্তের অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে রেখে ভারত আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। এ সময় ভারতের আধিপত্যবাদী নীতির বিরোধিতা করতে গিয়ে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন বলেও দাবি করেছে সংগঠনটি।
বিবৃতিতে মোদিবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের পাশাপাশি বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের প্রসঙ্গ উল্লেখ করা হয়। এ ছাড়া পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড এবং ওসমান হাদির মৃত্যুর জন্যও ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার দায় ভারতকে একদিন নিতে হবে বলে হুঁশিয়ারি দেয় হেফাজতে ইসলাম।
বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়েও ভারতের সমালোচনা করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, নিজেদের দেশের সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ভারত বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে মিথ্যা বয়ান প্রচার করছে। হেফাজতের নেতাদের দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুনভাবে মাথা তুলে দাঁড়ানো বাংলাদেশকে আর কোনোভাবেই অবনত করা সম্ভব হবে না। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কথিত প্রচারযুদ্ধ ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করা হলে এর পাল্টা প্রতিক্রিয়া সেভেন সিস্টার্স অঞ্চল পেরিয়ে দিল্লির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। হেফাজতের নেতারা বলেন, জুলাইয়ের আন্দোলনে ছাত্র–জনতা মৃত্যুর ভয় উপেক্ষা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা দেখিয়েছে। এ ছাড়া সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো বাংলাদেশের লড়াইয়ে ভ্রাতৃত্বের জায়গা থেকে পাশে থাকবে বলেও তারা বিশ্বাস করেন।
তবে বিবৃতিতে অর্জুন সিংয়ের কথিত হুমকির পূর্ণাঙ্গ বক্তব্য, বক্তব্য দেওয়ার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়নি। একইভাবে বিবৃতিতে ভারতের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের পক্ষেও কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au