শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় চাপে পোশাকশিল্প
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধির চাপ, জ্বালানি সংকট এবং রপ্তানি বাজারের অনিশ্চয়তা একসঙ্গে অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে…
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি ফিরে পেয়েছিল তার স্বাধীন স্বদেশ। পঞ্চান্ন বছর পর সেই একই দিনে স্বদেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর এই ঘোষণায় কেউ আশায় বুক বাঁধছেন, কেউ সংশয় প্রকাশ করছেন, আবার কেউ তাঁর প্রত্যাবর্তনকে অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছেন। মৃত্যুদণ্ড মাথায় নিয়ে একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কীভাবে দেশে ফিরবেন, সেই প্রশ্নও তুলছেন অনেকে।
কিন্তু রাজনীতিতে কোনো ঘটনাকে অসম্ভব বলে ধরে নেওয়া কতটা যুক্তিসংগত? পৃথিবীর রাজনৈতিক ইতিহাস কী বলে? নির্বাসিত রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তনের নজিরগুলো আমাদের কী শিক্ষা দেয়?
এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমি নিজে কী ভাবি বা বিশ্বাস করি, আপাতত সেসব সরিয়ে রেখে কিছু ঐতিহাসিক পর্যালোচনা ও সহজ গাণিতিক পদ্ধতির মাধ্যমে বোঝার চেষ্টা করেছি, শেখ হাসিনার ফিরে আসার পরিবেশ কতটা অনুকূল। এই বিশ্লেষণে হাত দিলাম এ কারণে যে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে এত আলোচনা হলেও এ ধরনের পরিমাণগত বিশ্লেষণ এখনো আমার চোখে পড়েনি। কয়েকটি আন্তর্জাতিক গবেষণা ও ঐতিহাসিক ঘটনা পর্যালোচনার পাশাপাশি তাঁর প্রত্যাবর্তনের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিগুলোকে একটি পরীক্ষামূলক সূচকের মাধ্যমে মূল্যায়ন করার চেষ্টা করেছি। অবশ্য সূচকের বিভিন্ন উপাদানের স্কোর নির্ধারণে আমার নিজস্ব বিশ্লেষণাত্মক মূল্যায়নের ভূমিকা রয়েছে।
নির্বাসন মানেই রাজনৈতিক জীবনের শেষ নয়
১৯৭০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ৯১ জন নির্বাসিত রাজনৈতিক নেতাকে নিয়ে পরিচালিত একটি গবেষণায় বেশ কিছু তাৎপর্যপূর্ণ তথ্য পাওয়া যায়। তাঁদের অর্ধেকেরও বেশি পরবর্তী সময়ে স্বদেশে ফিরে এসেছেন। কেউ ফিরে এসেছেন রাজনৈতিক সমঝোতার মাধ্যমে, কেউ সরকারের অনুমতি নিয়ে, আবার কেউ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে। তাঁদের অনেকেই দেশে ফিরে পুনরায় রাজনৈতিক বা সরকারি পদ লাভ করেছেন।
টেবিল ১: নির্বাসিত রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তনের আন্তর্জাতিক চিত্র
| বিবরণ | শতকরা হার |
| স্বদেশে ফিরে এসেছেন | ৫৮.২% |
| চূড়ান্ত পরিণতি জানা নেতাদের মধ্যে দেশে ফিরেছেন | ৬৮% |
| প্রত্যাবর্তনকারীদের মধ্যে সরকারের অনুমতি নিয়ে ফিরেছেন | ৭৭% |
| প্রত্যাবর্তনকারীদের মধ্যে পুনরায় রাজনৈতিক বা সরকারি পদ লাভ করেছেন | ৫৮% |
| প্রত্যাবর্তনকারীদের মধ্যে পুনরায় রাষ্ট্র বা সরকারপ্রধান হয়েছেন | ১৯% |
| নির্বাসিত নেতাদের বিরুদ্ধে বিচারিক মামলা হয়েছে | ৩৩% |
| নির্বাসিত নেতারা পরবর্তী সময়ে ক্ষমা পেয়েছেন | ১৮% |
২০২৬ সালে প্রকাশিত আরও একটি আন্তর্জাতিক গবেষণায় ১০১ জন নির্বাসিত রাজনৈতিক নেতার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানেও দেখা গেছে, ক্ষমতাচ্যুতির ধরন ও রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে নেতাদের স্বদেশে প্রত্যাবর্তনের সম্পর্ক রয়েছে।
এসব গবেষণা আমাদের অন্তত এটুকু বলে যে, একজন রাজনৈতিক নেতাকে দেশ থেকে বিতাড়িত করা আর তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটানো এক কথা নয়। পৃথিবীর দেশে দেশে এর বিপরীত নজিরও রয়েছে। নির্বাসনে থেকেও রাজনৈতিক প্রভাব ধরে রাখা, পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ফেরা এবং পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে অপরিচিত নয়।
মৃত্যুদণ্ড মাথায় নিয়েও দেশে ফেরার নজির রয়েছে
অনেকেই বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। সুতরাং তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই। কিন্তু আন্তর্জাতিক ইতিহাসে মৃত্যুদণ্ড বহাল থাকা অবস্থায়ও একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্বেচ্ছায় দেশে ফেরার নজির রয়েছে।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপ্রধান জ্যঁ-বেদেল বোকাসা ১৯৭৯ সালে ক্ষমতাচ্যুত হন। ১৯৮০ সালে নির্বাসিত অবস্থায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড মাথায় নিয়েই ১৯৮৬ সালে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আসেন। তাঁকে গ্রেপ্তার করা হয় এবং পুনর্বিচারে আবারও মৃত্যুদণ্ড দেওয়া হয়। অথচ পরবর্তী সময়ে তাঁর মৃত্যুদণ্ড কমানো হয়। ১৯৯৩ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান এবং ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুদণ্ড কখনো কার্যকর হয়নি।
বোকাসার উদাহরণটি এখানে শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক বা আদর্শগত তুলনা করার জন্য ব্যবহার করছি না। শেখ হাসিনার রাজনৈতিক অভিজ্ঞতা, আদর্শগত অঙ্গীকার ও দৃঢ় ব্যক্তিত্ব সম্পর্কে আমার যে ধারণা, তাতে আমি মনে করি না যে তিনি কারও করুণা ভিক্ষা করে দেশে ফিরতে চাইবেন কিংবা দেশে ফেরার পর কারও কাছে প্রাণভিক্ষা চাইবেন। তবে সেটি ভিন্ন আলোচনার বিষয়। এখানে আমরা মূলত বুঝতে চাইছি, মৃত্যুদণ্ডের মতো গুরুতর বিচারিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রত্যাবর্তনের সুযোগ কতটা থাকতে পারে।
টেবিল ২: মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন নির্বাসিত রাজনৈতিক নেতার পরিণতি
| রাজনৈতিক নেতা | দেশ | দেশে ফিরেছেন? | পরিণতি |
| জ্যঁ-বেদেল বোকাসা | মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র | হ্যাঁ | মৃত্যুদণ্ড হ্রাস ও পরবর্তী মুক্তি |
| আহমাদু আহিদজো | ক্যামেরুন | না | মৃত্যুদণ্ড হ্রাস ও নির্বাসনে মৃত্যু |
| হিসেন হাবরে | চাদ | না | সেনেগালে কারাবন্দি অবস্থায় মৃত্যু |
| পারভেজ মুশাররফ | পাকিস্তান | না | নির্বাসনে মৃত্যু |
| মেঙ্গিস্তু হাইলে মারিয়াম | ইথিওপিয়া | ফেরার নিশ্চিত তথ্য নেই | মৃত্যুদণ্ড কার্যকরের নিশ্চিত তথ্য নেই |
এই পাঁচটি নির্বাচিত ঘটনার কোনোটিতেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার নজির পাওয়া যায়নি। তবে মাত্র একজন স্বেচ্ছায় দেশে ফিরেছিলেন এবং কেউ পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হননি। এত ছোট একটি নমুনা থেকে পৃথিবীর সব মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজনৈতিক নেতার পরিণতি সম্পর্কে সাধারণ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যুদণ্ড ঘোষণা এবং মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার মধ্যবর্তী সময়ে রাজনৈতিক ও বিচারিক পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে।
শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক প্রত্যাবর্তন-অনুকূলতা সূচকের আলোকে একটি মূল্যায়ন
শেখ হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিগুলো বিবেচনা করে আমি একটি পরীক্ষামূলক রাজনৈতিক প্রত্যাবর্তন-অনুকূলতা সূচক (Political Return Feasibility Index বা PRFI) তৈরি করেছি। এখানে তাঁর ব্যক্তিগত সংকল্প, রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভিত্তি, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সহযোগিতা, সরকারের অবস্থান এবং আইনি প্রতিবন্ধকতাসহ দশটি বিষয় বিবেচনা করা হয়েছে।
প্রতিটি বিষয়কে ০ থেকে ১০-এর মধ্যে মূল্যায়ন করেছি। শূন্য বলতে সম্পূর্ণ প্রতিকূল এবং ১০ বলতে সর্বোচ্চ অনুকূল পরিস্থিতি বোঝানো হয়েছে। তবে রাজনৈতিক প্রত্যাবর্তনের ক্ষেত্রে সব বিষয়ের গুরুত্ব সমান নয়। সে কারণে প্রতিটি বিষয়ের জন্য পৃথক ওজন নির্ধারণ করা হয়েছে। সব ওজনের যোগফল ১০০।
উদাহরণ হিসেবে ভারতের সহযোগিতার কথা বলা যায়। এই উপাদানটির ওজন ১৫ শতাংশ। ভারতের সহযোগিতার মূল স্কোর ১০-এর মধ্যে ৭ হলে ওজনযুক্ত স্কোর হবে ১০.৫। আর মূল স্কোর ৮ হলে ওজনযুক্ত স্কোর হবে ১২। অর্থাৎ মূল স্কোর কখনোই ১০ অতিক্রম করছে না; নির্ধারিত ওজনের কারণে সামগ্রিক সূচকে এর অবদান বেশি হচ্ছে।
বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার প্রাথমিক মূল্যায়ন এবং সম্ভাব্য রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতার একটি বিকল্প পরিস্থিতি বিবেচনা করে নিচের হিসাবটি তৈরি করেছি।
টেবিল ৩: রাজনৈতিক প্রত্যাবর্তন-অনুকূলতা সূচক (PRFI)
| বিবেচ্য বিষয় | ওজন (%) | প্রাথমিক মূল স্কোর (০–১০) | সমঝোতা হলে মূল স্কোর (০–১০) | প্রাথমিক ওজনযুক্ত স্কোর | পরিবর্তিত ওজনযুক্ত স্কোর |
| প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প | ১৫ | ১০ | ১০ | ১৫.০ | ১৫.০ |
| রাজনৈতিক অভিজ্ঞতা | ১০ | ১০ | ১০ | ১০.০ | ১০.০ |
| প্রত্যাবর্তনের ঘোষণা ও প্রস্তুতি | ১০ | ১০ | ১০ | ১০.০ | ১০.০ |
| অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি | ১০ | ৮ | ৮ | ৮.০ | ৮.০ |
| দেশের রাজনৈতিক পরিস্থিতি | ১০ | ৬ | ৬ | ৬.০ | ৬.০ |
| ভারতের সহযোগিতা | ১৫ | ৭ | ৮ | ১০.৫ | ১২.০ |
| বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা | ৫ | ২ | ২ | ১.০ | ১.০ |
| বাংলাদেশ সরকারের সহযোগিতা | ১০ | ১ | ৬ | ১.০ | ৬.০ |
| আইনি ও নিরাপত্তাগত অনুকূলতা | ১০ | ১ | ৬ | ১.০ | ৬.০ |
| ভ্রমণের বাস্তব প্রস্তুতি | ৫ | ৩ | ৭ | ১.৫ | ৩.৫ |
| সর্বমোট | ১০০ | ৫৮ | ৭৩ | ৬৪.০ | ৭৭.৫ |
আমার প্রাথমিক মূল্যায়নে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দৃঢ় সংকল্প, রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রত্যাবর্তনের ঘোষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যায়ন করেছি। তাঁর অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তির স্কোর ৮ এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির স্কোর ৬ নির্ধারণ করেছি। ভারতের সম্ভাব্য সহযোগিতাকে তুলনামূলকভাবে বেশি স্কোর দিলেও ভারতের বাইরে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট তথ্যের অভাব বিবেচনা করে মাত্র ২ দিয়েছি। বাংলাদেশ সরকারের সহযোগিতা এবং আইনি ও নিরাপত্তাগত অনুকূলতার ক্ষেত্রে স্কোর রেখেছি মাত্র ১। এসব স্কোর আমার বিশ্লেষণাত্মক মূল্যায়ন; এগুলো সংশ্লিষ্ট পক্ষগুলোর নিশ্চিত অবস্থানের পরিমাপ নয়।
লক্ষ করুন, বিকল্প পরিস্থিতিতে শেখ হাসিনার ব্যক্তিগত সংকল্প, রাজনৈতিক অভিজ্ঞতা কিংবা সাংগঠনিক ভিত্তির কোনো পরিবর্তন ধরা হয়নি। দশটি উপাদানের মধ্যে ছয়টি অপরিবর্তিত রাখা হয়েছে। শুধু বাংলাদেশ সরকারের অবস্থান, আইনি ও নিরাপত্তাগত পরিস্থিতি, ভারতের সহযোগিতা এবং ভ্রমণের বাস্তব প্রস্তুতিতে ইতিবাচক পরিবর্তন ধরে হিসাব করা হয়েছে। তাতেই সামগ্রিক সূচক ৬৪ থেকে বেড়ে ৭৭.৫-এ পৌঁছায়।
এই চারটি উপাদানের উন্নতির ফলে সামগ্রিক সূচক ১৩.৫ পয়েন্ট বৃদ্ধি পায়, যা প্রাথমিক স্কোরের তুলনায় প্রায় ২১.১ শতাংশ বেশি। অর্থাৎ বর্তমান প্রতিবন্ধকতাগুলোর কিছু অংশ দূর করা সম্ভব হলে প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে।
সমঝোতা যত বাড়বে, প্রত্যাবর্তনের পরিবেশ কতটা বদলাবে?
রাজনৈতিক পরিস্থিতি সব সময় স্থির থাকে না। আজ যে সরকার কোনো বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় আগামীকাল সেই সরকারই ভিন্ন অবস্থান গ্রহণ করতে পারে। আন্তর্জাতিক কূটনীতিতেও এমন পরিবর্তন ঘটে। সে কারণে সমঝোতার বিভিন্ন মাত্রায় প্রত্যাবর্তনের অনুকূলতা কতটা পরিবর্তিত হতে পারে, তার একটি পৃথক হিসাব করেছি।
টেবিল ৪: সমঝোতার বিভিন্ন পর্যায়ে প্রত্যাবর্তনের অনুকূলতা
| রাজনৈতিক পরিস্থিতি | সূচকের স্কোর (১০০-এর মধ্যে) | প্রাথমিক স্কোর থেকে বৃদ্ধি |
| প্রাথমিক মূল্যায়ন | ৬৪.০ | — |
| সীমিত সমঝোতা | ৬৮.০ | ৪.০ |
| মাঝারি মাত্রার সমঝোতা | ৭৩.০ | ৯.০ |
| উল্লেখযোগ্য সমঝোতা | ৭৭.৫ | ১৩.৫ |
| ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা | ৮৪.০ | ২০.০ |
| সংশ্লিষ্ট চারটি উপাদানে সর্বোচ্চ অনুকূলতা | ৯০.০ | ২৬.০ |
এই হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিবেশ অনুকূল করতে সব উপাদানের পরিবর্তন প্রয়োজন হয় না। এমনকি ভারতের বাইরে বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার স্কোর মাত্র ২ রেখেও অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে।
আমার প্রাথমিক মূল্যায়নে সূচকের স্কোর ৬৪। সীমিত সমঝোতা হলে তা ৬৮-এ এবং মাঝারি মাত্রার সমঝোতা হলে ৭৩-এ পৌঁছায়। উল্লেখযোগ্য সমঝোতার পরিস্থিতিতে স্কোর দাঁড়ায় ৭৭.৫। আরও ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা হলে এই স্কোর ৮৪ পর্যন্ত উন্নীত হতে পারে।
তবে এই স্কোরগুলো শেখ হাসিনার দেশে ফেরার শতকরা সম্ভাবনা নয়। ৭৭.৫ স্কোরের অর্থ এই নয় যে তাঁর দেশে ফেরার সম্ভাবনা ৭৭.৫ শতাংশ। এগুলো দেখায়, রাজনৈতিক ও আইনি পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমাদের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রত্যাবর্তনের পরিবেশ কতটা অনুকূল হয়ে উঠতে পারে। কোনো সমঝোতা ইতিমধ্যে হয়েছে, এমন দাবিও আমি করছি না।
ভিন্ন পদ্ধতিতে হিসাব করলেও কি একই ফলাফল পাওয়া যায়?
সূচক তৈরির ক্ষেত্রে একটি স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে: বিভিন্ন উপাদানের জন্য যে পৃথক ওজন নির্ধারণ করা হয়েছে, সেটি পরিবর্তন করলে কি আমাদের মূল পর্যবেক্ষণও বদলে যাবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি দশটি উপাদানকে সমান গুরুত্ব দিয়েও হিসাব করেছি। অর্থাৎ প্রতিটি উপাদানের মূল স্কোর সরাসরি যোগ করে ১০০-এর মধ্যে একটি বিকল্প সূচক তৈরি করেছি।
টেবিল ৫: ওজনযুক্ত ও ওজনবিহীন সূচকের তুলনা
| হিসাবের পদ্ধতি | প্রাথমিক স্কোর | সমঝোতা হলে স্কোর | মোট বৃদ্ধি |
| সব উপাদানকে সমান গুরুত্ব দিয়ে | ৫৮.০ | ৭৩.০ | ১৫.০ |
| উপাদানগুলোর পৃথক গুরুত্ব বিবেচনা করে | ৬৪.০ | ৭৭.৫ | ১৩.৫ |
দুটি পদ্ধতিতে প্রাথমিক ও পরিবর্তিত স্কোরে কিছু পার্থক্য থাকলেও উন্নতির পরিমাণ কাছাকাছি। একটি পদ্ধতিতে সূচকের বৃদ্ধি ১৫ পয়েন্ট, অন্যটিতে ১৩.৫ পয়েন্ট। অর্থাৎ উপাদানগুলোর পৃথক ওজন বিবেচনা করা হোক কিংবা সব উপাদানকে সমান গুরুত্ব দেওয়া হোক, প্রস্তাবিত সমঝোতার পরিস্থিতিতে সূচকের উন্নতির চিত্রটি মোটামুটি একই থাকছে।
এটি আমাদের হিসাবের স্থিতিশীলতার একটি সীমিত প্রাথমিক পরীক্ষা (Robustness Check)। তবে উভয় হিসাবেই একই অনুমানভিত্তিক মূল স্কোর ব্যবহার করা হয়েছে। ফলে এই মিলকে বাস্তব প্রত্যাবর্তনের পূর্বাভাস সঠিক হওয়ার প্রমাণ হিসেবে দেখা যাবে না।
সূচকটির গবেষণাগত ভিত্তি ও গ্রহণযোগ্যতা
এই সূচক তৈরির ক্ষেত্রে নির্বাসিত রাজনৈতিক নেতাদের প্রত্যাবর্তনসংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা ও ঐতিহাসিক অভিজ্ঞতা বিবেচনা করা হয়েছে। রাজনৈতিক প্রত্যাবর্তনকে প্রভাবিত করতে পারে এমন দশটি উপাদান এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক গবেষণায় এসব উপাদানের কয়েকটির পক্ষে সমর্থন পাওয়া যায়, যা সূচকটির প্রাথমিক যৌক্তিক ও বিষয়বস্তুগত ভিত্তি তৈরি করে।
বিভিন্ন উপাদানের স্কোর পরিবর্তন করে সামগ্রিক সূচকের পরিবর্তন পরীক্ষা করা হয়েছে (Sensitivity Analysis)। পাশাপাশি পৃথক ওজন ব্যবহার করে এবং সব উপাদানকে সমান গুরুত্ব দিয়ে দুটি পদ্ধতিতে হিসাব করা হয়েছে।
তবে সূচকটির নির্ভরযোগ্যতা (Reliability) এবং ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দেওয়ার যথার্থতা (Predictive Validity) এখনো পূর্ণাঙ্গ পরিসংখ্যানগত পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়নি। মূল স্কোর ও ওজন নির্ধারণেও আমার নিজস্ব বিশ্লেষণাত্মক বিচারবোধের ভূমিকা রয়েছে। আপাতত এটি রাজনৈতিক প্রত্যাবর্তনের অনুকূল ও প্রতিকূল পরিস্থিতি মূল্যায়নের একটি প্রাথমিক গবেষণাপদ্ধতি।
রাজনীতির সব হিসাব কি প্রকাশ্যে হয়?
শেখ হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে তাঁর পরিচয়ও দীর্ঘদিনের। তাঁর প্রত্যাবর্তনের ঘোষণা কতটা বাস্তব প্রস্তুতির ওপর প্রতিষ্ঠিত, কিংবা তিনি কোনো কূটনৈতিক আশ্বাস পেয়েছেন কি না, তা আমাদের জানা নেই। তবে প্রকাশ্যে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তার মধ্যেই সীমাবদ্ধ, এমনটি ধরে নেওয়ারও কোনো কারণ নেই। আমার নিজের ধারনা, শেখ হাসিনার গেমপ্ল্যান এখনো পরিষ্কার নয় অন্যান্য এক্টরদের কাছে। এ নিয়ে আমি অন্য একটি লেখায় কথা বলেছি।
সরকারের আজকের অবস্থান আগামীকালও একই থাকবে কি না, সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজনৈতিক সমঝোতা, আন্তর্জাতিক মধ্যস্থতা কিংবা পরিবর্তিত আইনি পরিস্থিতি প্রত্যাবর্তনের পথ খুলে দিতে পারে। অবশ্যই রাজনৈতিক সমঝোতার অর্থ বিচারিক দায়মুক্তি নয়; ন্যায়বিচার ও রাজনৈতিক পুনর্মিলনের মধ্যে একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করাও সম্ভব।
আমাদের গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, বাংলাদেশ সরকারের অবস্থান ও আইনি পরিস্থিতির পরিবর্তনের পাশাপাশি ভারতের সহযোগিতা কিছুটা বৃদ্ধি পেলে সামগ্রিক সূচকে উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে। বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতা অপরিবর্তিত রেখেও এই উন্নতি সম্ভব বলে আমাদের পরীক্ষামূলক হিসাব দেখাচ্ছে। কিন্তু এসব পরিবর্তন বাস্তবে ঘটেছে কি না, সেটি আলাদা প্রশ্ন।
আমার মূল্যায়ন
আন্তর্জাতিক গবেষণা, ঐতিহাসিক নজির এবং সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন বিবেচনা করে আমার ধারণা, এটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রতি অনিকূল। তবে তাঁর ফিরে না আসার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া সমীচীন হবে না। আন্তর্জাতিক গবেষণায় নির্বাসিত নেতাদের অর্ধেকেরও বেশি স্বদেশে ফিরে এসেছেন। যাঁদের নির্বাসনপর্বের চূড়ান্ত পরিণতি জানা গেছে, তাঁদের মধ্যে এই হার প্রায় ৬৮ শতাংশ। অবশ্য এই পরিসংখ্যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতাদের পৃথক প্রত্যাবর্তনের হার নয়।
আমার পরীক্ষামূলক সূচকে প্রাথমিক পরিস্থিতির স্কোর ৬৪। উল্লেখযোগ্য রাজনৈতিক ও কূটনৈতিক সমঝোতা হলে তা ৭৭.৫-এ পৌঁছাতে পারে। আরও ব্যাপক সমঝোতার পরিস্থিতিতে স্কোর ৮৪ পর্যন্ত উন্নীত হতে পারে। সব উপাদানকে সমান গুরুত্ব দিয়ে হিসাব করলেও উল্লেখযোগ্য সমঝোতার পরিস্থিতিতে স্কোর দাঁড়ায় ৭৩।
আমার বিশ্লেষণের মূল বক্তব্য তাই খুব সহজ। বর্তমান প্রতিবন্ধকতাগুলোকে অপরিবর্তনীয় ধরে নিয়েও দেখা যাচ্ছে, শেখ হাসিনার প্রত্যাবর্তন অনেকটাই অনুকূল পরিস্থিতির দিকে ইঙ্গিত করে (৬৪/১০০); এমনকি এ স্কোর কোনভাবেই তাঁর ফিরে আসাকে অসম্ভব বলে সিদ্ধান্ত দেয়না। আবার সম্ভাব্য সমঝোতাকে বাস্তব ঘটনা ধরে তাঁর প্রত্যাবর্তন একশত ভাগ নিশ্চিত বলারও সুযোগ নেই। বিশেষ করে আইনি ও নিরাপত্তাগত প্রতিবন্ধকতাগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে, অন্য উপাদানগুলোর উচ্চ স্কোর দিয়েই সেগুলো অতিক্রম করা সম্ভব হবে, এমন নিশ্চয়তাও কেউ দিতে পারবেনা।
তিনি ঠিক ১৬ ডিসেম্বর ফিরতে পারবেন কি না, তা নিশ্চিত করে বলার মতো তথ্য এখনো আমাদের হাতে নেই। তবে তাঁর প্রত্যাবর্তনের ঘোষণাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করার যথেষ্ট রাজনৈতিক ও ঐতিহাসিক কারণ রয়েছে; এটিরই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি আমাকে ইনডেক্সে।
বিজয়ের দিনে আরেকটি প্রত্যাশা
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় ছিল সমগ্র বাঙালি জাতির বিজয়। সেই বিজয় কোনো বিশেষ রাজনৈতিক দলের একার সম্পত্তি নয়। স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো নাগরিকের নিরাপত্তাহীনতায় ভোগার কথা নয়। মতপার্থক্য থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, অতীতের ভুলের বিচারও হবে। কিন্তু প্রতিহিংসা যেন আমাদের জাতীয় জীবনের স্থায়ী সংস্কৃতিতে পরিণত না হয়।
পঞ্চান্ন বছর আগে যে বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন স্বদেশ পেয়েছিলাম, সেই স্বদেশে আজও আমাদের রাজনৈতিক সহাবস্থানের পথ খুঁজতে হচ্ছে। ইতিহাসের কী নির্মম পরিহাস!
১৬ ডিসেম্বর শেখ হাসিনা স্বদেশের মাটিতে পা রাখবেন কি না, তার উত্তর সময়ই দেবে। তবে তাঁর প্রত্যাবর্তনের আলোচনাকে কেন্দ্র করে বাংলাদেশ যদি রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে জাতীয় পুনর্মিলনের একটি পথ খুঁজে পায়, সেটিও হবে বিজয়ের এক নতুন তাৎপর্য।
গবেষণার সূত্র:
১. The Post-Exile Fate of Leaders (2022), Osaka University.
https://www.osipp.osaka-u.ac.jp/archives/DP/2022/DP2022E001.pdf
২. Life After Exile: Introducing a New Dataset on Post-Exile Fate (2025).
https://doi.org/10.1177/07388942241292553
৩. Returning Home to Politics: The Political Determinants of Ousted Leaders’ Trajectories After Exile (2026).
https://doi.org/10.1177/01925121261423070
গবেষণাগত দ্রষ্টব্য: রাজনৈতিক প্রত্যাবর্তন-অনুকূলতা সূচকটি লেখকের প্রস্তাবিত একটি প্রাথমিক পরীক্ষামূলক মডেল। এর স্কোর, ওজন ও পূর্বাভাস দেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক ডেটাসেটের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে যাচাই করা হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au