রাজধানীতে রাতে তিন বাসে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
ওটিএন বাংলা রিপোর্ট : রাজধানীতে সন্ধ্যা নামতেই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পল্লবী ও মেরুল বাড্ডা এলাকায় তিনটি বাসে…
ভাস্কর দত্ত :
রাজধানীর মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো বোমা, সাভারের মুদি দোকানের সামনে প্রেসার কুকার বোমা, হেমায়েতপুরে বোমা তৈরির সরঞ্জাম ও পাইপবোমার আস্তানা, কুষ্টিয়ায় লালন সাঁইয়ের আখড়াবাড়িতে টাইমবোমা—গত কয়েক মাসে দেশের বিভিন্ন স্থানে একের পর এক শক্তিশালী বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। এসব ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও পুরো নেটওয়ার্কের সন্ধান মেলেনি। তদন্তে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য সামনে আসায় নতুন করে জঙ্গি তৎপরতা বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে।
বোমা উদ্ধারের ঘটনাগুলোতে পৃথক মামলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। তবে বিস্ফোরক তৈরি, সরবরাহ, অর্থের জোগান এবং জনবহুল স্থানে সেগুলো রেখে যাওয়ার পেছনে কারা রয়েছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট হয়নি।
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কয়েকটি ঘটনার সঙ্গে নব্য জেএমবির সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তবে সব ঘটনার মধ্যে সাংগঠনিক যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।
মতিঝিলের বোমার সূত্রে গ্রেপ্তার
গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে জেনারেটর কক্ষের পাশে একটি ছাতার ভেতরে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। ছাতাটিতে আলো জ্বলতে দেখে সার্জেন্ট কাওসার হোসেন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
এর তিন দিন পর ৩১ জুলাই সাভারের আশুলিয়ায় একটি মুদি দোকানের সামনে ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার করা হয়। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্তে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ আগস্ট আরিফুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, মতিঝিল ও আশুলিয়ার বোমা উদ্ধারের ঘটনায় আরিফুল মূল অভিযুক্ত। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
হেমায়েতপুরে বোমা তৈরির সরঞ্জাম
গত ১১ আগস্ট সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আরিফ ওরফে ইমরানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের একটি তিনতলা বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পাইপবোমা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও জঙ্গি সংগঠনের প্রচারপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও সাতজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। তদন্তকারীদের সন্দেহ, নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুন এসব ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এর বাইরে গত ১৩ আগস্ট সাভারের সাধাপুর এলাকার একটি মসজিদের পাশের মাঠ থেকে প্রেসার কুকারসদৃশ বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক মামলা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গত ২১ নভেম্বর নির্মাণাধীন একটি ঘর থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। ছবি: সংগৃহীত
লালনের আখড়াবাড়িতে টাইমবোমা
গত ১৯ অক্টোবর কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রাঙ্গণ থেকে একটি টাইমবোমা ও দুটি পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়। লালন স্মরণোৎসবকে কেন্দ্র করে সেখানে বিপুল মানুষের সমাগম ছিল। সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে ঢাকার সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটি নিষ্ক্রিয় করে। পরদিন ২০ অক্টোবর কুমারখালী থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ। তবে এক মাসের বেশি সময় পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই জুয়েল রানা।
তাছাড়া কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানেও শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা হয়েছে দুই ব্যক্তিকে। গত ২২ নভেম্বর রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
একই চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর ধরন ও তৈরির পদ্ধতিতে কিছু মিল রয়েছে। এগুলোর উৎস একই কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বিস্ফোরক সরবরাহ, অর্থের লেনদেন এবং সন্দেহভাজনদের পারস্পরিক যোগাযোগের তথ্য বিশ্লেষণ করছেন তদন্তকারীরা।
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতার অভিযোগও তদন্তের আওতায় রয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো রাজনৈতিক গোষ্ঠীর সম্পৃক্ততা নিশ্চিত করে বলার সুযোগ নেই।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
মেট্রোরেল স্টেশন, বাজার, মসজিদ ও গুরুত্বপূর্ণ ধর্মীয়-সাংস্কৃতিক স্থাপনার আশপাশে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় পৃথকভাবে অভিযান ও মামলা হলেও পুরো নেটওয়ার্কের পরিচয় এখনো স্পষ্ট হয়নি।
বিশেষজ্ঞদের মতে, শুধু বিস্ফোরক নিষ্ক্রিয় করলেই এ ধরনের ঝুঁকি দূর হবে না। এর প্রস্তুতকারক, সরবরাহকারী, অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা জরুরি। একই সঙ্গে বিভিন্ন ঘটনার মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজে সমন্বিত তদন্ত প্রয়োজন। এসব ঘটনার নেপথ্যের পুরো চক্র শনাক্ত না হলে জনমনে আতঙ্ক কাটানো কঠিন হবে।
মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, দেশে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা আগে ছিল; এখনও আছে। তবে অপরাধীরা বিভিন্ন সময় কৌশল বদলিয়েছে। আবার তারা আলোচনায় এসেছে। উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা। তাই সব তথ্য আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au