বাংলাদেশ

রাজধানীতে রাতে তিন বাসে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

  • 12:31 pm - November 27, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
রাজধানীর বাড্ডায় আগুনে জ্বলছে আলিফ পরিবহনের একটি বাস। ছবি: সংগৃহীত

ওটিএন বাংলা রিপোর্ট : 

রাজধানীতে সন্ধ্যা নামতেই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে পল্লবী ও মেরুল বাড্ডা এলাকায় তিনটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে দুটি বাস সড়কের পাশে পার্কিং করা ছিল, অন্যটি ছিল চলন্ত। আগুনে বাসগুলোর অধিকাংশ আসন ও কয়েকটির জানালার কাচ পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর সেকশন-১১-এর মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ঢাকা মেট্রো-ব-১১-৭২১৫ নম্বরের বাসটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে তা নেভান। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কয়েকটি গ্লাস পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন মধুমতি পরিবহনের বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে গেছে।

এরপর রাত ৯টা ৫০ মিনিটের দিকে মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনের সড়কে আলিফ পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ব-১৫-৭০০০ নম্বরের বাসটির সব কটি আসন পুড়ে যায়।

তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হননি। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম বলেন, চলন্ত বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসের পেছনের আসনে গানপাউডার ছিটিয়ে রাখতে পারে। বাসের তাপের কারণে সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সবশেষ রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবীর কালশী-পূরবী সড়কের উল্টা বাবার মাজারসংলগ্ন স্থানে পার্কিং করে রাখা বিহঙ্গন পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫ নম্বরের বাসটিতে আগুন লাগার পর স্থানীয় লোকজন পাশের একটি হোটেল থেকে পানি এনে তা নেভান। এতে বাসটির অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা বলে জানা গেছে।

একই রাতে রাজধানীর দুটি এলাকায় ধারাবাহিকভাবে তিনটি বাসে আগুনের ঘটনায় পরিবহন খাতে আতঙ্ক তৈরি হয়েছে। পার্কিং করে রাখা বাসের পাশাপাশি চলন্ত বাসেও আগুনের ঘটনায় যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ঢাকাসহ বিভিন্ন স্থানে বোমা, জেএমবির উত্থানের শঙ্কা

ভাস্কর দত্ত :  রাজধানীর মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে লুকানো বোমা, সাভারের মুদি দোকানের সামনে প্রেসার কুকার বোমা, হেমায়েতপুরে বোমা তৈরির সরঞ্জাম ও পাইপবোমার আস্তানা,…

জামায়াত আমিরের ভিসার বিরোধিতা করায় ‘বিশ্বাসঘাতক’ আখ্যা, নিরাপত্তা নিয়ে শঙ্কায় সিডনির অভিবাসন এজেন্ট

ওটিএন বাংলা ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে এবার নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তাঁর ভিসা…

ভিক্টোরিয়ায় লেবারের বড় বিপর্যয়ের আভাস, ১৫ পয়েন্টে এগিয়ে জেস উইলসন

ওটিএন বাংলা ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৬ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নির্বাচনের মাত্র এক দিন আগে ক্ষমতাসীন লেবার পার্টির বড় ধরনের নির্বাচনী বিপর্যয়ের আভাস পাওয়া গেছে।…

১৬ ডিসেম্বর: বিজয়ের দিনে কি স্বদেশের মাটিতে ফিরবেন বঙ্গবন্ধুকন্যা?

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি ফিরে পেয়েছিল তার স্বাধীন স্বদেশ। পঞ্চান্ন বছর পর সেই একই দিনে স্বদেশের মাটিতে ফেরার কথা জানিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর…

শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও রাজনৈতিক অস্থিরতায় চাপে পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধির চাপ, জ্বালানি সংকট এবং রপ্তানি বাজারের অনিশ্চয়তা একসঙ্গে অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে…

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না, দিল্লির মসনদও তছনছ হতে পারে: হেফাজত

বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করা হলে ভারতও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা রাজনৈতিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au