আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২
ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ…
বাল্যবিবাহের হার সামান্য কমলেও বাংলাদেশে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখনো বাল্যবিবাহের সর্বোচ্চ হার বাংলাদেশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের সর্বশেষ জরিপ অনুযায়ী, দেশে ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
দারিদ্র্য, শিক্ষার সুযোগের অভাব, জন্মনিবন্ধনে ঘাটতি এবং আইনের দুর্বল প্রয়োগের কারণে বিশেষ করে দরিদ্র ও গ্রামীণ পরিবারের মেয়েরা বাল্যবিবাহের ঝুঁকিতে রয়েছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা মোকাবিলায় আইন, নীতিমালা ও বিভিন্ন কর্মসূচি থাকলেও কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ফলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
এমন বাস্তবতায় ২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূল দিবস’। জাতিসংঘের উদ্যোগে দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘প্রতিশ্রুতি রক্ষা করুন: ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধে কার্যক্রম জোরদার করুন’।
বিশ্ব ও দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের চিত্র
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ের বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই। বর্তমানে জীবিত প্রায় ৬৫ কোটি নারী ও মেয়ের শৈশবেই বিয়ে হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিবাহের শিকার বিশ্বের মোট নারী ও মেয়েদের প্রায় ৪৫ শতাংশের বসবাস দক্ষিণ এশিয়ায়। এ অঞ্চলে এই সংখ্যা প্রায় ২৯ কোটি।
বিশ্বে বাল্যবিবাহের উচ্চহারের দেশগুলোর মধ্যে রয়েছে পশ্চিম আফ্রিকার নাইজার। দেশটিতে ১৮ বছরের আগে বিয়ের হার ৭৬ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে ৬১ শতাংশ, চাদে ৬০ দশমিক ৬ শতাংশ, বুরকিনা ফাসোতে ৫১ দশমিক ৩ শতাংশ, মালিতে ৪৮ দশমিক ৫ শতাংশ এবং মোজাম্বিকে ৪৮ দশমিক ৪ শতাংশ।
বাংলাদেশে এই হার ৪৭ দশমিক ২ শতাংশ। গিনিতে হার ৪৬ দশমিক ৫ শতাংশ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরেই রয়েছে নেপাল, যেখানে ১৮ বছরের আগে মেয়েদের বিয়ের হার ৩৪ দশমিক ৯ শতাংশ। আফগানিস্তানে ২৮ দশমিক ৭ শতাংশ, ভারতে ২৩ দশমিক ৩ শতাংশ, পাকিস্তানে ১৮ দশমিক ৩ শতাংশ, শ্রীলঙ্কায় ৯ দশমিক ৮ শতাংশ এবং মালদ্বীপে ২ দশমিক ২ শতাংশ।
ইউনিসেফের তথ্য বলছে, দরিদ্র পরিবারের মেয়ে, কম শিক্ষিত এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে বাল্যবিবাহের প্রবণতা বেশি। অর্থাৎ, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক প্রথা নয়, এর সঙ্গে দারিদ্র্য ও লিঙ্গবৈষম্যের গভীর সম্পর্ক রয়েছে।
বিভাগ ও জেলাভেদে বাল্যবিবাহের হারে বড় ব্যবধান
দেশের বিভিন্ন অঞ্চলেই বাল্যবিবাহের চিত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। বিবিএস ও ইউনিসেফের প্রকাশিত ‘এমআইসিএস ২০২৫ ডিস্ট্রিক্ট অ্যাটলাস’-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের ১৮ বছরের আগে বিয়ের হার সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে, ৫৮ দশমিক ১৬ শতাংশ।
এরপর রয়েছে খুলনা বিভাগে ৫৫ দশমিক ৫৭ শতাংশ, রংপুরে ৫৪ দশমিক ৫৭ শতাংশ এবং বরিশালে ৫১ দশমিক ৯৭ শতাংশ। ময়মনসিংহে এ হার ৫০ দশমিক ৩৫ শতাংশ, ঢাকায় ৪৭ দশমিক ২৯ শতাংশ এবং চট্টগ্রামে ৪০ দশমিক ৬৯ শতাংশ। সবচেয়ে কম বাল্যবিবাহের হার সিলেট বিভাগে, ২০ দশমিক ৯৫ শতাংশ।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি বাল্যবিবাহের ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, যেখানে হার ৭৩ দশমিক ২৬ শতাংশ। এরপর রয়েছে চুয়াডাঙ্গা ৬৭ দশমিক ৯৪ শতাংশ এবং ভোলা ৬৪ দশমিক ৯৬ শতাংশ।
এ ছাড়া সিরাজগঞ্জে ৬৩ দশমিক ১০ শতাংশ, কুষ্টিয়ায় ৬২ দশমিক ৯০ শতাংশ, সাতক্ষীরায় ৬২ দশমিক ২৮ শতাংশ এবং মাগুরায় ৬১ দশমিক ০৯ শতাংশ।
অ্যাটলাসে ২০১৯ ও ২০২৫ সালের তথ্যের তুলনায় দেখা যায়, জাতীয় পর্যায়ে কিছু অগ্রগতি হলেও বিভাগ ও জেলাভেদে বাল্যবিবাহের হারে বড় ধরনের বৈষম্য রয়ে গেছে।
দারিদ্র্য ও শিক্ষার অভাব বাড়াচ্ছে ঝুঁকি
জরিপের তথ্য অনুযায়ী, সব শ্রেণির মেয়ের ক্ষেত্রে বাল্যবিবাহের ঝুঁকি সমান নয়। পরিবারের আর্থিক অবস্থা এবং মেয়েদের শিক্ষার সুযোগের সঙ্গে এ প্রবণতার সরাসরি সম্পর্ক রয়েছে।
এমআইসিএস ২০২৫-এর তথ্য বলছে, গ্রামীণ এলাকার ৫৯ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ের শিকার হয়েছেন। শহরাঞ্চলে এ হার ৫০ শতাংশ।
শিক্ষার ক্ষেত্রেও বড় ব্যবধান দেখা গেছে। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন নারীদের মধ্যে বাল্যবিবাহের হার ৬৯ শতাংশ। অন্যদিকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন এমন নারীদের ক্ষেত্রে এ হার ২৮ শতাংশ।
পরিবারের আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেও এ পার্থক্য স্পষ্ট। সবচেয়ে দরিদ্র পরিবারের নারীদের মধ্যে ১৮ বছরের আগে বিয়ের হার ৬৫ শতাংশ। সবচেয়ে ধনী পরিবারের ক্ষেত্রে তা ৪১ শতাংশ।
‘সম্পত্তি থাকলে হয়তো মেয়েদের এত কম বয়সে বিয়ে দিতাম না’
কিশোরগঞ্জের দরিদ্র কৃষক কাদির মিয়ার পরিবারের চিত্রে বাল্যবিবাহের পেছনের আর্থসামাজিক বাস্তবতা উঠে এসেছে। পাঁচ মেয়ের মধ্যে চারজনকেই অল্প বয়সে বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে তাঁর ১৩ বছর বয়সী আরেক মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছেন। তবে ভবিষ্যতে তাকেও বিয়ে দেওয়ার কথা ভাবছেন।
অন্যের জমি বর্গা নিয়ে ও লিজের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন কাদির মিয়া। নিজের কোনো জমি নেই। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় কাজও করতে পারেন না।
মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘একা উপার্জন করে সংসার চালানো আমার জন্য খুব কঠিন। বাধ্য হয়েই মেয়েদের কম বয়সে বিয়ে দিতে হয়েছে। নিজের সম্পত্তি থাকলে হয়তো এত কম বয়সে মেয়েদের বিয়ে দিতাম না।’
নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হক ঢাকা ট্রিবিউনকে বলেন, সমাজে বাল্যবিবাহ টিকে থাকার অন্যতম কারণ মেয়েদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ। হয়রানি, যৌন নিপীড়ন কিংবা অপহরণের আশঙ্কায় অনেক অভিভাবক সামাজিক সম্মান হারানোর ভয়ে মেয়েদের ১৮ বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দেন।
তিনি বলেন, এ ধরনের হয়রানির শিকার হলে অনেক ক্ষেত্রে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী মেয়েকেই প্রশ্নের মুখে পড়তে হয়। এই মানসিকতার পরিবর্তন জরুরি।
বাল্যবিবাহের পেছনে শুধু দারিদ্র্যই দায়ী কি না, এমন প্রশ্নে তিনি বলেন, দারিদ্র্য অন্যতম কারণ হলেও এর সঙ্গে সামাজিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিও গভীরভাবে জড়িত।
সমাধানের বিষয়ে তাঁর পরামর্শ, অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গণমাধ্যমে প্রচার-প্রচারণা এবং সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সরকার ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ভূমিকা রাখতে হবে।
আইন থাকলেও বাস্তবায়নে ঘাটতি
বাল্যবিবাহ প্রতিরোধে ২০১৭ সালে বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন করা হয়। আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর।
তবে আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ এবং মা-বাবা বা আইনগত অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের সুযোগ রাখা হয়েছে। এই বিধান নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছেন শিশু ও নারী অধিকারকর্মীরা।
২০২৬ সালের অক্টোবরে ইউএনএফপিএ ও ইউনিসেফ প্রকাশিত আইনটি পর্যালোচনা ও সংস্কারবিষয়ক এক প্রতিবেদনে এর কয়েকটি সীমাবদ্ধতা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশেষ বিধানের ক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষার অভাব, বিয়ে বাতিল বা অবৈধ ঘোষণার বিষয়ে পর্যাপ্ত বিধান না থাকা এবং আইনের দুর্বল প্রয়োগ।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব সীমাবদ্ধতা মেয়েদের সুরক্ষা নিশ্চিত করার পথে বাধা তৈরি করছে। বাল্যবিবাহ প্রতিরোধে আইন শক্তিশালী করার পাশাপাশি এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জন্মনিবন্ধন না থাকায় আড়াল করা হচ্ছে বয়স
বাল্যবিবাহ প্রতিরোধে বর-কনের প্রকৃত বয়স যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে জন্মনিবন্ধন অন্যতম প্রধান নথি। তবে দেশে এখনো উল্লেখযোগ্যসংখ্যক শিশুর জন্মনিবন্ধন সম্পন্ন হয়নি।
এমআইসিএস ২০২৫-এর তথ্য অনুযায়ী, পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৯ দশমিক ২ শতাংশের জন্ম সরকারি কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হয়েছে। অর্থাৎ, এই বয়সী ৪০ দশমিক ৮ শতাংশ শিশুর জন্মনিবন্ধন নেই।
জন্মনিবন্ধন না থাকলে বিয়ের সময় বয়স যাচাই করা কঠিন হয়ে পড়ে। এতে বয়স গোপন করা বা ভুল তথ্য দেওয়ার সুযোগ তৈরি হয়। ফলে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে ঠেকানো এবং ঝুঁকিতে থাকা মেয়েদের শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ে।
২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা
টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৫.৩ নম্বর লক্ষ্যে বাল্যবিবাহসহ সব ধরনের ক্ষতিকর প্রথা ২০৩০ সালের মধ্যে বন্ধ করার অঙ্গীকার রয়েছে। বাংলাদেশও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে বর্তমান অগ্রগতির গতি নিয়ে উদ্বেগ রয়েছে। ইউএনএফপিএর ২০২৫ সালের এক মূল্যায়নে বলা হয়েছে, বাল্যবিবাহ কমার বর্তমান হার অব্যাহত থাকলে বাংলাদেশে এ প্রথা পুরোপুরি নির্মূল করতে দুই শতাব্দীরও বেশি সময় লাগতে পারে। ফলে ২০৩০ সালের লক্ষ্য অর্জনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
২০২৫ সালের অক্টোবরে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সংলাপে শিক্ষা, আইন, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া জন্ম ও বিয়ে নিবন্ধন নিশ্চিত করা, বয়স যাচাইয়ের ব্যবস্থা শক্তিশালী করা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহি বাড়ানোর সুপারিশ করা হয়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au