আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২
ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ…
গোপালগঞ্জে অধিকাংশ গ্রাহকের জন্য মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার ঘটনার পর জেলায় টানা নয় দিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকেরা।
বুধবার (২৬ নভেম্বর) রাত থেকে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারছেন না গ্রাহকেরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সন্দেহজনক লেনদেনের কারণে গোপালগঞ্জে কিছু অ্যাকাউন্টের সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে সরকারের পক্ষ থেকে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে দুটি সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারের নির্দেশনা পাওয়ার পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে জানা গেছে, পুলিশি তদন্তে সম্প্রতি ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে অস্বাভাবিক পরিমাণ অর্থ গোপালগঞ্জে পাঠানোর তথ্য পাওয়া গেছে। এ কারণে আপাতত শুধু এই জেলায় মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সেবাগুলো আবার চালু করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জেলা থেকে কিছু ব্যক্তি গোপালগঞ্জে আশ্রয় নিয়েছেন। তাঁদের মোবাইল অ্যাকাউন্টে অর্থ পাঠানোর তথ্যও পাওয়া গেছে।
কর্মকর্তাদের আশঙ্কা, ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম সংগঠিত করতে গোপালগঞ্জের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থ লেনদেন হতে পারে। এ কারণেই সাময়িকভাবে সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এর দুই দিন পর ১৭ নভেম্বর থেকে জেলায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলপথ মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, নতুন করে নাশকতার আশঙ্কায় আপাতত এই রুটে ট্রেন চলাচল চালুর কথা ভাবছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
অগ্নিসংযোগের শিকার টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, স্থানীয় বাসিন্দারা থানা দুটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন। তবে কার্যক্রম স্বাভাবিক করতে আরও সময় লাগবে। আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে এ দুটি থানার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে গোপালগঞ্জের জন্য বিভিন্ন সরকারি বরাদ্দও আপাতত স্থগিত রাখা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর জন্য দেশব্যাপী বরাদ্দ দেওয়া হয় চার কিস্তিতে। এর মধ্যে গোপালগঞ্জের জন্য তৃতীয় কিস্তির অর্থ ছাড় করা হচ্ছে না। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ মেয়াদের বরাদ্দ আপাতত স্থগিত থাকবে।
এদিকে বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নামে দেওয়া এক বিবৃতিতে সব থানা ও ট্রেন চলাচল পুনরায় চালুর দাবি জানানো হয়েছে। একই সঙ্গে উন্নয়ন বরাদ্দ চালু করা এবং নাগরিক অধিকার সুরক্ষারও দাবি জানানো হয়।
এজেন্ট পয়েন্টে ভিড়, টাকা তুলতে পারছেন না গ্রাহকেরা
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপালগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকার হাফিজ টেলিকমের বিকাশ এজেন্ট পয়েন্টে টাকা তুলতে যান ধীমান বিশ্বাস। তাঁর বড় বোন সাথী বিশ্বাস বিকাশে তাঁকে ২ হাজার টাকা পাঠিয়েছিলেন।
টাকা দিয়ে কেনাকাটা করার পরিকল্পনা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। কিন্তু এজেন্ট পয়েন্টে গিয়ে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে এজেন্টের সঙ্গে কথা বললে তিনিও অ্যাকাউন্ট বন্ধ থাকার তথ্য জানান।
একই ধরনের সমস্যায় পড়েছেন গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা তামান্না তাহা। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। আবেদনপ্রক্রিয়া শেষ করলেও রকেট অ্যাকাউন্ট থেকে ফি জমা দিতে না পারায় বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার গোপালগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকার কয়েকটি দোকানে ঘুরেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত হাফিজ টেলিকমে যান তিনি। সেখানে নিজের সমস্যার কথা জানান।
তামান্না বলেন, শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের শেষ দিন। তাই বৃহস্পতিবারই আবেদনপ্রক্রিয়া শেষ করে ফি জমা দিতে চেয়েছিলেন। কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করতে না পারায় পুরো প্রক্রিয়া সম্পন্ন করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় এমন ভোগান্তিতে পড়েছেন অসংখ্য গ্রাহক। বৃহস্পতিবার থেকে এসব অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রয়েছে। ফলে টাকা তোলা, পাঠানো কিংবা জরুরি লেনদেন করতে পারছেন না অনেকে। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে এবং কবে নাগাদ সেবা চালু হবে, তা জানতে বিভিন্ন এজেন্ট পয়েন্টে ঘুরছেন তাঁরা।
বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বিকাশ, নগদ ও রকেট এজেন্ট পয়েন্ট ঘুরে গ্রাহকদের ভিড় দেখা যায়।
ঢাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত গোপালগঞ্জের বাসিন্দা কাজী আকাশ বৃহস্পতিবার বিকেলে জানতে পারেন, তাঁর বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ জানতে বিকাশের হেল্পলাইনে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তদন্তের স্বার্থে তাঁর নম্বরটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
কাজী আকাশ বলেন, ‘আমি কোথাও থেকে অবৈধভাবে টাকা গ্রহণ করিনি, কাউকে সন্দেহজনকভাবে টাকাও পাঠাইনি। তাহলে আমার অ্যাকাউন্ট বন্ধ করা হলো কেন? হেল্পলাইন থেকেও এর বেশি কিছু জানানো হয়নি।’
পরে তিনি জানতে পারেন, গোপালগঞ্জে তাঁর অনেক বন্ধুর বিকাশ অ্যাকাউন্টও বন্ধ রয়েছে। একই সময়ে এতগুলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা উদ্বিগ্ন। কেন অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে বা কবে আবার চালু হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাচ্ছেন না তাঁরা। এতে প্রয়োজনীয় লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে।
অ্যাকাউন্ট বন্ধ হওয়া গ্রাহকদের নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তাও পাঠানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ‘প্রিয় গ্রাহক, এমএফএস নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না হওয়ায় আমরা দুঃখিত।’
গোপালগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকার হাফিজ টেলিকমের মালিক মোহাম্মদ হাফিজ খান মোল্লা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ৩০০ থেকে ৪০০ গ্রাহক বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট বন্ধসংক্রান্ত সমস্যা নিয়ে তাঁর দোকানে এসেছেন। তাঁদের অনেকেই কোনো সমাধান না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান প্রথম আলোকে বলেন, আইনে সন্দেহজনক লেনদেনে জড়িত ব্যক্তিদের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্ট বন্ধ করার সুযোগ রয়েছে।
সেই অনুযায়ী, সম্প্রতি গোপালগঞ্জ এলাকার কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক হারে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এটি এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়মিত প্রক্রিয়ার অংশ বলেও জানান তিনি।
বিদ্যুৎ স্থাপনায় হামলা না করার আহ্বান
গোপালগঞ্জে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত যানবাহনে হামলা না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রতিষ্ঠানটি রাজনৈতিক পরিচয় নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণি-পেশার বিদ্যুৎ গ্রাহকের প্রতি এ আহ্বান জানায়। বার্তায় বলা হয়, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র, জরুরি রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত যানবাহন কিংবা সংশ্লিষ্ট কর্মীদের লক্ষ্যবস্তু করা যাবে না।
প্রতিষ্ঠানটি সতর্ক করে বলেছে, বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ক্ষতি হলে পুরো জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে প্রথম আলোকে ওজোপাডিকোর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, ১৯ নভেম্বর শতাধিক ব্যক্তি তাঁদের কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। তবে সেদিন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভবিষ্যতে বিদ্যুৎ স্থাপনায় সম্ভাব্য হামলা ঠেকাতেই আগাম সতর্কতামূলক এ আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। জরুরি সেবার কাজে নিয়োজিত স্থাপনা ও কর্মীদের ওপর হামলা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এ ধরনের হামলা হলে সবার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করেন। তাঁদের হাতে বৈঠা, লাঠি, রামদা ও চায়নিজ কুড়ালের মতো দেশীয় অস্ত্র ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয় এবং একটি পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের অভিযোগ ওঠে। পরে বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
এরপর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ করবে না।
তবে মানুষের জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজন হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আগেই এ অবস্থান জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিকল্প পথে ট্রেন চালানোর প্রস্তাব
গোপালগঞ্জের ওপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প পথে খুলনা থেকে ঢাকায় ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৯ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। নিয়মিত টিকিট বিক্রিও ব্যাহত হচ্ছে।
এ পরিস্থিতিতে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে বিকল্প এক জোড়া ট্রেন চালানোর প্রস্তাব করা হয়েছে। বুধবার রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান পরিচালন সুপারের কার্যালয় থেকে এ প্রস্তাব রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।
প্রস্তাবে বলা হয়েছে, জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের কোচ ব্যবহার করে আগামী ২৮ নভেম্বর থেকে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো যেতে পারে। এ ক্ষেত্রে ট্রেন দুটি গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন এড়িয়ে চলবে।
প্রস্তাবে আরও বলা হয়, ১৯ নভেম্বর থেকে ঢাকা-খুলনা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেস প্রতিদিন বাতিল করতে হচ্ছে। বারবার ট্রেন বাতিল করায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নানা প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে।
যাত্রীদের দুর্ভোগ কমানো, খুলনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ সচল রাখা এবং ট্রেনের কোচগুলো কার্যকরভাবে ব্যবহার নিশ্চিত করতেই বিকল্প রুটে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি পথে বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছানোর কথা রয়েছে। সপ্তাহে ছয় দিন ট্রেনটি চলবে। সাপ্তাহিক বন্ধ থাকবে সোমবার।
বিকল্প রুটে ট্রেনটির সম্ভাব্য যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au