আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত আরও ২
ঢাকার ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা করেছে দুই ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে হোটেলটির মহাব্যবস্থাপকসহ…
বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের অন্যতম সর্বোচ্চ। আইনের বিশেষ বিধানের সুযোগে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের পথ খোলা থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাল্যবিবাহের এই সংকট মোকাবিলায় আইনের ১৯ ধারা সংশোধন নয়, বরং বাতিলের দাবি উঠেছে।
বিশ্বের আসিয়ানভুক্ত দেশগুলোর সম্মিলিত জনসংখ্যা কিংবা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের মোট জনসংখ্যার কথা ভাবুন। ২০২৬ সালে বিশ্বে জীবিত এমন নারী ও মেয়ের সংখ্যা প্রায় এর কাছাকাছি, যাঁদের শৈশবেই বিয়ে হয়ে গেছে। তাঁদের আনুমানিক সংখ্যা ৬৫ কোটি। এর মধ্যে বাংলাদেশেই রয়েছেন প্রায় ৪ কোটি ৪০ লাখ।
আজ ২৭ নভেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে বাল্য, অল্প বয়সে ও জোরপূর্বক বিয়ে নির্মূলবিষয়ক আন্তর্জাতিক দিবস। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে ২৭ নভেম্বরকে এ দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বজুড়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ জোরদার করাই এ দিবসের মূল লক্ষ্য। তবে এ উপলক্ষে বাংলাদেশকে একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। দেশটিতে বাল্যবিবাহের হার এখনো বিশ্বের সর্বোচ্চ দেশগুলোর মধ্যে অন্যতম।
বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫-এর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়েছে এমন নারীর হার ২০১৯ সালের ৫১ দশমিক ৪ শতাংশ থেকে কমে ২০২৫ সালে ৪৭ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ অগ্রগতি হয়েছে, তবে তা খুবই ধীর ও সীমিত।
অন্যদিকে, আরও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে কিশোরীদের ক্ষেত্রে। ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের মধ্যে বর্তমানে বিবাহিতের হার ২০১৯ সালের ৩২ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৩৮ দশমিক ৯ শতাংশ হয়েছে। ছয় শতাংশ পয়েন্টের এই বৃদ্ধি গত ১৩ বছরের অর্জনকে ম্লান করে দিয়েছে। দেশকে আবারও ২০০৬ সালের ৩৯ শতাংশ বাল্যবিবাহের হারের কাছাকাছি নিয়ে গেছে।
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ১ কোটি ২০ লাখ মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বিয়ে হয়ে যায়।
দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের প্রকোপ সবচেয়ে বেশি। এ অঞ্চলে প্রায় ২৮ কোটি ৫০ লাখ নারী ও মেয়ের শৈশবে বিয়ে হয়েছে, যা বিশ্বে মোট বাল্যবিবাহের শিকার নারীর প্রায় ৪৫ শতাংশ। জনসংখ্যার কারণে ভারতে বাল্যবিবাহের মোট সংখ্যা সবচেয়ে বেশি হলেও প্রচলিত হারের দিক থেকে বাংলাদেশও বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি।
জাতিসংঘ ঘোষিত এই আন্তর্জাতিক দিবসে বাংলাদেশের মেয়েদের শৈশব কেড়ে নেওয়ার নির্মম বাস্তবতা সামনে আনা জরুরি। বাল্যবিবাহের কারণে অনেক কিশোরী অকাল মাতৃত্বের ঝুঁকিতে পড়ছে। এতে মা ও নবজাতকের স্বাস্থ্য বিপন্ন হচ্ছে, বাড়ছে শিশুর অপুষ্টির ঝুঁকি। এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্মও।
বাংলাদেশে বাল্যবিবাহের সংকটের অন্যতম কারণ হিসেবে ২০১৭ সালে আইনে যুক্ত হওয়া একটি বিশেষ বিধানের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত সময়ের সঙ্গে পুরোনো ও অকার্যকর আইন সংশোধন করে আধুনিক ও প্রগতিশীল আইন প্রণয়ন করা হয়। কিন্তু বাংলাদেশে ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়নের মধ্য দিয়ে ১৯২৯ সালের ঔপনিবেশিক আমলের আইন প্রতিস্থাপন করা হলেও বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণের ক্ষেত্রে একটি বড় ব্যতিক্রম রাখা হয়।
২০১৭ সালের আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের অনুমোদন সাপেক্ষে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের সুযোগ রাখা হয়েছে। তবে এসব বিশেষ পরিস্থিতি কী, তা আইনে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি।
আইনটি প্রণয়নের শুরু থেকেই মানবাধিকারকর্মী ও গণমাধ্যমের পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, এই বিধান বাল্যবিবাহ বন্ধের আইনি কাঠামোকেই দুর্বল করে দিতে পারে। তখন সরকার এসব উদ্বেগ নাকচ করে আশ্বাস দিয়েছিল, পরবর্তী সময়ে প্রণীত বিধিমালায় বিশেষ বিধানের প্রয়োগে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। কিন্তু ২০১৮ সালে বাল্যবিবাহ নিরোধ বিধিমালা জারি হলেও তাতে কার্যকর কোনো সুরক্ষাব্যবস্থা রাখা হয়নি।
এমআইসিএস ২০২৫-এর তথ্য সেই ব্যর্থতারই চিত্র তুলে ধরেছে। অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে গর্ব করা একটি দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী প্রতি পাঁচজন মেয়ের মধ্যে প্রায় দুজন বিবাহিত। অথচ গত এক দশকে বিশ্বে বাল্যবিবাহের হার ১৫ শতাংশ কমেছে। আগে প্রতি চারজন মেয়ের একজন (২৫ শতাংশ) বাল্যবিবাহের শিকার হতো। এখন সেই হার কমে প্রায় পাঁচজনে একজন (২১ শতাংশ) হয়েছে। এর ফলে বিশ্বে প্রায় আড়াই কোটি বাল্যবিবাহ কমেছে।
ভারত, পাকিস্তান ও সাহারা-নিম্ন আফ্রিকার কয়েকটি অঞ্চলের পাশাপাশি বাংলাদেশও বাল্যবিবাহের বৈশ্বিক বোঝার বড় অংশ বহন করছে। অন্যদিকে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে অনানুষ্ঠানিক দাম্পত্য সম্পর্কের প্রচলন বেশি হওয়ায় গত ২৫ বছরে বাল্যবিবাহ কমানোর অগ্রগতি কার্যত থমকে আছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এ অঞ্চলে বাল্যবিবাহের হার দক্ষিণ এশিয়াকেও ছাড়িয়ে যেতে পারে।
বাল্যবিবাহ মেয়েদের শিক্ষাজীবন ব্যাহত করে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সংকুচিত করে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে তাদের পারিবারিক ও যৌন সহিংসতার ঝুঁকিতে ঠেলে দেয়। ফলে মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত হয় অসংখ্য কিশোরী।
তবে স্বীকার করতে হবে, ২০১৭ সালের আইন ও ২০১৮ সালের বিধিমালা বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগের একটি প্রাথমিক কাঠামো তৈরি করেছে। করোনাভাইরাস মহামারির সময়ও এসব উদ্যোগের আওতায় কার্যক্রম পরিচালিত হয়েছে। জনসচেতনতা ও আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে। বাল্যবিবাহের আশঙ্কা দেখা দিলে তা জানাতে ও প্রতিরোধে এখন বিভিন্ন জনগোষ্ঠী জাতীয় হেল্পলাইন নম্বর ১০৯, ১০৯৮ ও ৯৯৯ ব্যবহার করছে।
তবে আইনের কয়েকটি মৌলিক দুর্বলতার কারণে এসব ইতিবাচক উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
প্রথমত, ‘বিশেষ পরিস্থিতি’র কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ২০১৮ সালের বিধিমালায় বিশেষ পরিস্থিতি বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। ফলে বিধানটি ভিন্নভাবে ব্যাখ্যা করার এবং অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।
দ্বিতীয়ত, বিয়ের ন্যূনতম বয়সের কোনো সীমা নেই। আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স নির্ধারণ করা হয়নি। ফলে এই বিধানের আওতায় অতি অল্পবয়সী শিশুর বিয়েতেও আইনি বাধা না থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
তৃতীয়ত, তদারকি ও জবাবদিহির ঘাটতি রয়েছে। আদালত কিংবা স্থানীয় মূল্যায়ন কমিটি কীভাবে শিশুর সর্বোত্তম স্বার্থ নির্ধারণ করবে, সে বিষয়ে বিধিমালায় সুস্পষ্ট মানদণ্ড নেই। এমনকি কমিটির সদস্যদের লিঙ্গসমতা কিংবা শিশুর অধিকার বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার বাধ্যবাধকতাও রাখা হয়নি।
চতুর্থত, ইতিমধ্যে সংঘটিত বাল্যবিবাহকে বৈধতা দেওয়ার ঝুঁকি রয়েছে। বিধিমালায় যথাযথ তদন্তের পদ্ধতি স্পষ্ট করা হয়নি। পাশাপাশি এর কিছু ভাষা থেকে এমন ধারণা তৈরি হয় যে, আগে ঘটে যাওয়া বাল্যবিবাহও বিশেষ পরিস্থিতির আওতায় বিবেচনার সুযোগ পেতে পারে। এটি আইনের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক এবং বেআইনি বাল্যবিবাহকে পরবর্তী সময়ে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করে।
অর্থাৎ, বাল্যবিবাহ বন্ধে আইনের যে বিশেষ বিধানটি নিয়ন্ত্রণের কথা ছিল, ২০১৮ সালের বিধিমালা কার্যত সেই ফাঁক আরও বিস্তৃত করেছে। এর ফলে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা জোরপূর্বক ও অপরিণত বয়সে বিয়ের ঝুঁকিতে রয়ে গেছে।
পরিবর্তনের উদ্যোগ নিতে দেরি হয়ে গেলেও এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১৯ ধারা দ্রুত পর্যালোচনা ও সংশোধন, প্রয়োজনে বাতিল করতে হবে। একই সঙ্গে ২০১৮ সালের অস্পষ্ট বিধিমালারও প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পথে থাকা বাংলাদেশের পক্ষে অকালবিবাহ, অপরিকল্পিত গর্ভধারণ ও শিশুর অপুষ্টির চক্রে ভবিষ্যৎ কর্মশক্তি ও নেতৃত্বের সম্ভাবনাকে হারানোর সুযোগ নেই।
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে সদস্যরাষ্ট্রগুলোকে বাল্যবিবাহ বন্ধে সমন্বিত ও বহুমুখী জাতীয় কৌশল গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মানসম্মত শিক্ষায় বিনিয়োগ, বিয়ের পর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া মেয়েদের আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরার সুযোগ তৈরি এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রথমবারের মতো পালিত আন্তর্জাতিক দিবসের মূল চেতনা বাস্তবায়নে বাংলাদেশকে শুরু করতে হবে নিজের আইন ও নীতিমালার সংস্কারের মধ্য দিয়ে। কিশোরীদের জন্য শৈশব, সুস্বাস্থ্য, শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কারণ, প্রতিটি মেয়েরই অধিকার রয়েছে শৈশব উপভোগ করার, নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তোলার এবং পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au