মেলবোর্ন ১ জুলাই
২০২২ সালের ২৯ জুন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার ছোট ভাই পার্বণ চাকমা। আদরের ভাইটিকে ‘সিজি’ নামে ডাকতেন তিনি। তিন বছর পেরিয়ে গেলেও ভাই হারানোর শোক ভুলতে পারেননি দুইবারের সাফ জয়ী এই ফুটবলার।
ভাইয়ের স্মৃতিতে আবেগ আপ্লুত ঋতুপর্ণা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন, ‘ তোর তৃতীয় মৃত্যুবার্ষিকী। তিন বছর হয়ে গেলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস। সিজি তোকে বড্ড ভালোবাসি রে। তোকে ভীষণ মিস করি।
ভাইয়ের শোক বুকে নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাহরাইনের বিপক্ষে মাঠে নামেন ঋতুপর্ণা। খেলায় নিজের সেরাটা দিয়ে সেই শোককে শক্তিতে পরিণত করেন তিনি। ম্যাচের ১৫ মিনিটে স্বপ্না রানীর সাইড চেঞ্জ করা বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে জোরালো শটে গোল করেন ঋতুপর্ণা। গোল করে আকাশের দিকে তাকিয়ে হাত তুলেন ভাইয়ের স্মরণে। এ যেন ছিল এক নীরব বার্তা, ‘এই গোল তোমার জন্যই ভাই।’ তার এই আবেগময় গোল বাংলাদেশের মেয়েদের বাহারাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয়ে ভূমিকা রাখে এবং বাছাইয়ে দুর্দান্ত সূচনা করে এনে দেয়।
ম্যাচের পরে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় ঋতুপর্ণা বলেন ভাই হারানোর সেই হৃদয়বিদারক ঘটনার কথা। বাহারাইনের বিপক্ষে নিজের গোলটি তিনি উৎসর্গ করেন প্রিয় ছোট ভাইকে।
এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে বাংলাদেশ দলকে এখন লড়তে হবে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। সেই ম্যাচ সামনে রেখে কোচ পিটার বাটলারের অধীনে রিকভারি সেশন চালিয়ে যাচ্ছেন দলের সদস্যরা। এদিন সুইমিং ও জিম করে নিজেদের প্রস্তুত করছেন ফুটবলাররা।
আগামীকাল ২ জুলাই মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। এশিয়া কাপের চূড়ান্ত পর্বে পা রাখতে বড় বাঁধা এই ম্যাচটিই। তবে আশাবাদী বাংলাদেশের মেয়েরা, ম্যাচ জিতে গড়তে চান ইতিহাস।