ছবি: টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করে নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক। তার অভিযোগ, এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে নিয়ে যাচ্ছে এবং দুই প্রধান দল জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হচ্ছে।
মঙ্গলবার (১ জুলাই) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, “এটা স্পষ্ট যে আমরা একদলীয় দেশের বাসিন্দা—নাম ‘পোর্কি পিগ পার্টি’! এখন সময় নতুন একটি রাজনৈতিক দল গঠনের, যারা সত্যিই জনগণের কথা ভাববে।”
মাস্ক যে বিলটির সমালোচনা করছেন, সেটি যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণসীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। মাস্ক এটিকে “পাগলামি পর্যায়ের খরচ” হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন, দুই দলের রাজনীতিবিদরা বাজেট ও ঋণ বিষয়ে দায়িত্বশীল নন।
এর আগে এই বিল নিয়ে ট্রাম্পের সাথেও প্রকাশ্যে বাকযুদ্ধে জড়িয়েছিলেন মাস্ক। যদিও পরে কিছুটা নমনীয় হন, তবে এই বিতর্ক রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট করে দিয়েছে।
মাস্কের এই মন্তব্যের পরপরই টেসলার শেয়ারমূল্যে বড় ধরনের পতন ঘটে; মুহূর্তেই কোম্পানির বাজারমূল্য থেকে হারিয়ে যায় প্রায় ১৫০ বিলিয়ন ডলার। পরে অবশ্য শেয়ার দর আংশিক ঘুরে দাঁড়ায়।
নতুন দল গঠন প্রসঙ্গে মাস্ক বলেন, “যদি এই পাগলামিপূর্ণ ব্যয় বিল পাস হয়, তাহলে পরদিনই ‘আমেরিকা পার্টি’ গঠিত হবে।” তার দাবি, “যুক্তরাষ্ট্রের এখন ডেমোক্র্যাট-রিপাবলিকান ইউনিপার্টির বাইরে একটি বিকল্প দল দরকার, যাতে জনগণের আসল কণ্ঠস্বর শোনা যায়।”
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানে নতুন দল গঠনে কোনো বাধা না থাকলেও বাস্তবে তৃতীয় কোনো দল দীর্ঘমেয়াদে টিকে থাকা বা বড় ধরনের প্রভাব রাখতে সক্ষম হয়নি। তবু মাস্কের এই আহ্বান দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।