ছবি: গুগল
মেলবোর্ন ৬ জুলাই
এবার দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে দেখা যাবে সাকিব আল হাসানকে। সাকিবকে ঘিরে আলোচনা যেন থামছেই না। গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষের আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে শুরু থেকেই তার নাম শোনা যাচ্ছিল, তবে প্রথমে গুঞ্জন ছিল বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামবেন তিনি। কিন্তু দেশি ক্রিকেটের সাম্প্রতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত রংপুর স্কোয়াড থেকে বাদ পড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে ক্রিকেট মাঠে ফিরতে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না সাকিবকে। এবার তাঁকে নিজেদের স্কোয়াডে নিয়েছে দুবাই ক্যাপিটালস।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজকে রিপ্লেস করতে সাকিবকে দলে নিয়েছে দুবাই ফ্র্যাঞ্চাইজিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের ছবি ব্যবহার করে তারা লিখেছে, “দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। ফলে সবকিছু ঠিক থাকলে এবার বিপিএলে নিজের সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষেই খেলতে নামবেন সাকিব। দিনটি ১৬ জুলাই।
গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুপার লিগ। এবারের দ্বিতীয় আসরেও সেই সংখ্যার কোনো পরিবর্তন হয়নি। ১০ জুলাই মাঠে গড়াবে দ্বিতীয় আসরের প্রথম ম্যাচ। আর ওই ম্যাচেই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে আসর শুরু করবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস।
এরপর একে একে ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স এবং ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবে সাকিবরা। এবারের আসরেও কোনো প্লে-অফ রাউন্ড নেই। লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে ফাইনালে। সেই শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।
সাকিবের জন্য এই টুর্নামেন্ট হতে পারে নিজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং পারফরম্যান্সের নতুনভাবে জানান দেওয়ার মঞ্চ। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডেও তার পাশে থাকছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা ও সেদিকউল্লাহ অটলের মতো অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড়েরা। মাঠের লড়াই যেমন জমবে, তেমনি সাকিবের সাম্প্রতিক ফর্ম ও মানসিকতা নিয়েও থাকবে নজর।
সব মিলিয়ে, ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগের এবারের আসর সাকিব আল হাসান এবং বাংলাদেশের ক্রিকেট অনুরাগীদের জন্যও হতে যাচ্ছে বাড়তি আগ্রহের জায়গা। দেখা যাক, কতটা আলো ছড়াতে পারেন তিনি দুবাইয়ের হয়ে।